‘ঝুঁকি বহুগুণ বাড়াবে’ সুপার এল নিনো, নতুন জলবায়ু বিপর্যয়ের শঙ্কা

জলবায়ু সংকটের দ্রুত অবনতিশীল পরিস্থিতির মধ্যেই বিশ্বকে নতুন এক বড় বিপদের মুখোমুখি করছে অন্তত এক হাজার বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী এল নিনো। প্রাকৃতিক এই জলবায়ু প্রবণতার কারণে বিশ্ব জুড়ে আবহাওয়ার ধরনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এতে খরা, দাবানল, বন্যা, তাপপ্রবাহ ও ফসলহানির মতো দুর্যোগ আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।
তুরস্কে চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা যখন জটিল হয়ে উঠেছে, তখন নতুন এই আশঙ্কা দরিদ্র ও জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য বাড়তি উদ্বেগ তৈরি করেছে। এল নিনোর প্রভাবে সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় এসব দেশের আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দাবি জোরালো হচ্ছে।
এল নিনো একটি প্রাকৃতিকভাবে পুনরাবৃত্ত জলবায়ু ঘটনা। সাধারণত কয়েক বছর পরপর প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলের পানির তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। এর প্রভাব শুধু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক আবহাওয়াব্যবস্থাতেই এর ব্যাপক প্রভাব পড়ে।
এরই মধ্যে আবহাওয়ার এই অস্বাভাবিক পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ায় ব্যাপক দাবানল ও ফসলহানি, যুক্তরাষ্ট্রের উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাস, সুদানে তীব্র খরা এবং ইকুয়েডর ও সোমালিয়াসহ কয়েকটি দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) মহাসচিব সেলেস্তে সাউলো বলেন, ‘আমরা আবহাওয়ার স্বাভাবিক প্রবণতাকে আরও তীব্র করে তুলছি। এল নিনো এই ঝুঁকিকে বহুগুণ বাড়িয়ে দেবে।’
দ্বীপদেশগুলোতে সংকট আরও ঘনীভূত
প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপরাষ্ট্র মার্শাল আইল্যান্ডসে এরই মধ্যে ভয়াবহ খরা দেখা দিয়েছে। দেশটির পানির চাহিদার বড় অংশ বৃষ্টির ওপর নির্ভরশীল। বৃষ্টিপাত কমে যাওয়ায় সেখানে পানির সংকট তীব্র হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
মার্শাল আইল্যান্ডসের জলবায়ুবিষয়ক দূত ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, দেশটি একসঙ্গে একাধিক সংকটের মুখে পড়েছে। একদিকে খরা এরই মধ্যে আঘাত হেনেছে, অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় তাদের বসতবাড়ি ও সুপেয় পানির উৎস হুমকির মুখে রয়েছে।
জেটনিল-কিজিনার বলেন, ‘এটি একটির সঙ্গে আরেকটি সংকটের যোগ হওয়া। আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি, কিন্তু এরই মধ্যে খরা আঘাত হেনেছে। এর সঙ্গে রয়েছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সমস্যা, যা আমাদের বাড়িঘর ও পানীয় জলের উৎসকে হুমকির মুখে ফেলছে।’

জলবায়ু অর্থায়নে ঘাটতি, বিপদে দরিদ্র দেশগুলো
গত বছর ধনী দেশগুলো বন্যা, তাপপ্রবাহ, দাবানল ও অন্যান্য জলবায়ুজনিত বিপর্যয়ে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোর অভিযোজন অর্থায়ন তিন গুণ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছিল। কিন্তু ২০৩৫ সালের মধ্যে প্রতিবছর প্রয়োজনীয় ৩০৫ বিলিয়ন ডলারের তুলনায় এখন পর্যন্ত অর্থায়নের পরিমাণ খুবই সামান্য। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ দিতে ধনী দেশগুলো ধারাবাহিকভাবে পিছিয়ে রয়েছে।
এল নিনোর প্রভাব আগামী বছর আরও তীব্র হলে এই অর্থের ঘাটতি ভয়াবহভাবে অনুভূত হবে বলে আশঙ্কা করছেন জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রতিনিধিরা।
ক্যাথি জেটনিল-কিজিনার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের জন্য যেসব দেশ সবচেয়ে কম দায়ী, তাদেরই এমন ব্যয়ের বোঝা বহন করতে হচ্ছে, যা মেটানোর সামর্থ্য তাদের নেই। বিষয়টি অত্যন্ত হতাশাজনক।’
তিনি আরও বলেন, ‘এই এল নিনো আমাদের ওপর বাড়তি চাপ তৈরি করছে। অথচ তা মোকাবিলার সক্ষমতা আমাদের সীমিত। জলবায়ুর সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য আরও অনেক বেশি অর্থ প্রয়োজন। ক্ষয়ক্ষতি মোকাবিলার জন্যও এখনকার তুলনায় কয়েক বিলিয়ন ডলার বেশি দরকার। ধনী দেশগুলো বলে তাদের হাতে অর্থ নেই। অথচ সেই অর্থ যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সামরিক খাতে। শুধু জলবায়ু পরিবর্তন মোকাবিলার ক্ষেত্রেই অর্থের অভাব দেখা যাচ্ছে।’
আগামী বছর আরও ভয়াবহ আবহাওয়ার আশঙ্কা
বিজ্ঞানীদের আশঙ্কা, ডিসেম্বর মাসে এল নিনো সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে। এরপর এর প্রভাব আগামী বছরে বিশ্ব জুড়ে অনুভূত হবে। এল নিনোর অতিরিক্ত উষ্ণতার প্রভাবে আগামী বছরই পৃথিবীর ইতিহাসে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর হয়ে উঠতে পারে।
স্থলভাগে তাপপ্রবাহ, ফসলের ঘাটতি এবং কোথাও অতিবৃষ্টি, কোথাও দীর্ঘস্থায়ী অনাবৃষ্টির আশঙ্কা রয়েছে। অন্যদিকে সমুদ্রের পানির তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রবালপ্রাচীরগুলো ব্যাপক তাপীয় চাপের মুখে পড়বে। এতে প্রবালের রং ফ্যাকাশে হয়ে যাওয়ার বা প্রবাল ব্লিচিংয়ের ঘটনা বাড়তে পারে।
জলবায়ুবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী ও জলবায়ুবিজ্ঞানী বিল হেয়ার বলেন, ‘এটি কোনো সাধারণ ঘটনা হতে যাচ্ছে না। মানুষের কাছে এর প্রভাব মনে হবে যেন বৈশ্বিক উষ্ণায়ন আরও দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।’
খাদ্য ও পানির সংকট, খরা এবং কিছু অঞ্চলে চরম বন্যার সঙ্গে সম্পর্কিত আরও বেশি মানবিক বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন হেয়ার। কিন্তু হুমকির ব্যাপকতা যে পর্যায়ের, সে অনুযায়ী বিশ্ব জুড়ে এর স্বীকৃতি বা প্রস্তুতি দেখছেন না এই জলবায়ুবিজ্ঞানী।
পূর্ব আফ্রিকায় ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ার আশঙ্কা
এল নিনোর প্রভাবে পূর্ব আফ্রিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের কর্মকর্তারা বিশেষভাবে উদ্বিগ্ন। সেখানে খরার তীব্রতা বাড়লে বিপুলসংখ্যক মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হতে পারে।
জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর পূর্বাভাস দিয়েছে, এবারের এল নিনোর কারণে কেনিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান ও উগান্ডা— এই চার দেশেই বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছাতে পারে।
ইউএনএইচসিআরের সহকারী হাইকমিশনার আন্তোন লেইস গার্সিয়া বলেন, এবারের এল নিনো নিয়ে পূর্বাভাস এখন পর্যন্ত সবচেয়ে খারাপ। এ কারণে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। বিশ্বের অনেক অঞ্চলেই জোর করে বাস্তুচ্যুতির ঘটনা ঘটছে। তবে একটি অঞ্চলকে আলাদাভাবে চিহ্নিত করতে হলে পূর্ব আফ্রিকার হর্ন অঞ্চলকেই গুরুত্ব দিতে হবে।
গার্সিয়া আরও বলেন, কেনিয়ায় ভুট্টার উৎপাদন এরই মধ্যে ৪০ শতাংশ কমে যাচ্ছে। এর অর্থ হলো— দেশটিতে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য খাদ্যের পরিমাণ কমে আসছে। একই সঙ্গে নতুন করে আসা শরণার্থীদের আশ্রয় দেওয়ার সক্ষমতাও কেনিয়ার কমে যাচ্ছে।
প্রতিশ্রুতি নয়, এখনই অর্থ চান জলবায়ু কর্মীরা
কপ৩১ সম্মেলনে অংশ নেওয়া জলবায়ু অধিকার কর্মীরা বলছেন, এল নিনোকে কেন্দ্র করে তৈরি হতে থাকা জরুরি পরিস্থিতি মোকাবিলায় দেশগুলোকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। শুধু ভবিষ্যতে অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এই সংকট মোকাবিলা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত মানুষের কাছে এখনই প্রয়োজনীয় অর্থ ও সহায়তা পৌঁছাতে হবে।
কেনিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার শিফট আফ্রিকার প্রতিষ্ঠাতা মোহাম্মদ আদো বলেন, ‘জলবায়ু সংকটের মধ্যে বসবাস করা মানুষের পক্ষে কূটনৈতিক প্রতিশ্রুতির আরেকটি দফার জন্য অপেক্ষা করা সম্ভব নয়। শুধু প্রতিশ্রুতি দিয়ে ফসল রক্ষা করা যায় না। মানুষের প্রয়োজন মাঠপর্যায়ে পৌঁছানো সম্পদ ও সহায়তা।’
জলবায়ু সম্মেলনে অর্থায়ন নিয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মতপার্থক্যের মধ্যেই এল নিনোর নতুন আশঙ্কা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিজ্ঞানীদের পূর্বাভাস, আগামী বছর বৈশ্বিক উষ্ণতা ও আবহাওয়াজনিত দুর্যোগের চাপ বাড়তে পারে। ফলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সবচেয়ে কম সক্ষম দেশগুলোর জন্য এখনই কার্যকর অর্থায়ন নিশ্চিত করা জরুরি হয়ে উঠেছে।
দ্য গর্ডিয়ান অবলম্বনে



















