শেখ হাসিনাকে ফেরাতে ভারত আনুষ্ঠানিক শর্ত দেয়নি: শামা ওবায়েদ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক শর্ত জানানো হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তবে নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে কোনো শর্ত দিলে তা বিবেচনা করবে বাংলাদেশ সরকার। একই সঙ্গে অন্য যেকোনো আসামির মতো শেখ হাসিনাকেও দেশে ফিরে সাজা ভোগ করতে হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক শর্ত দেওয়া হয়নি। তবে দেশটির পক্ষ থেকে এ ধরনের কোনো শর্ত জানানো হলে সরকার তা বিবেচনায় নেবে।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্য যেকোনো আসামির মতো তাঁকেও বাংলাদেশে ফিরে এসে সাজা ভোগ করতে হবে। তাঁর এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন শেখ হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে ভারতের সম্ভাব্য শর্তের বিষয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা।
গত ১২ নভেম্বর প্রকাশিত ওই প্রতিবেদনে দাবি করা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের বিষয়ে নয়াদিল্লির কর্মকর্তারা দুটি শর্তের আভাস দিয়েছেন। প্রতিবেদনে উল্লেখ করা প্রথম শর্ত অনুযায়ী, শেখ হাসিনা বাংলাদেশ মিলিটারির সামরিক এয়ারক্র্যাফটে ভারতে গিয়েছিলেন। তাই তাকে ফিরিয়ে নেওয়ার দায়িত্বও বাংলাদেশ সেনাবাহিনীকে পালন করতে হবে।
প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্বিতীয় শর্তের কথাও উল্লেখ করা হয়। এতে বলা হয়, শেখ হাসিনা যেন তাঁর মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ পান এবং জুলাই গণহত্যার অভিযোগে তার বিচার নতুন করে শুরু হয়, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে নিশ্চয়তা দিতে হবে। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, ভারত সরকারের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক শর্ত এখনো বাংলাদেশকে জানানো হয়নি।













