মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা অবশেষে শুরু হয়েছে। আজ সোমবার থেকে দেশটির অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে ‘পূর্ণাঙ্গভাবে’ এ কার্যক্রম চালু হয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
সোমবার (১৬ নভেম্বর) প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাত দিয়ে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এর আগে গত ২৮ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরুর কথা জানিয়েছিল মন্ত্রণালয়। তবে নির্ধারিত সময়ে পরীক্ষা শুরু না হওয়ার কারণ কিংবা নতুন করে ১৬ নভেম্বর থেকে কার্যক্রম শুরুর ঘোষণা দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, “এর আগে ঘোষণা দিলেও কী কারণে তা শুরু হয়নি তা স্পষ্ট নয়। তবে, আজ থেকে পূর্ণাঙ্গভাবে মেডিকেল পরীক্ষা শুরু হয়েছে। মালয়েশিয়ার কর্মী নিয়োগের প্ল্যাটফর্ম এফডব্লিউসিএমএসে অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে এই পরীক্ষা করানো যাবে।”
বাংলাদেশের মেডিকেল সেন্টারগুলোর চূড়ান্ত অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। কোনো সেন্টার অনুমোদিত তালিকা থেকে বাদ পড়লে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করানো কর্মীদের কী হবে, জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, বিষয়টি নিয়ে কোনো ঝামেলা হবে না।”
গত ২৮ অক্টোবরের বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছিল, নির্দেশনা পরিপালন ও সক্ষমতার ভিত্তিতে অনুমোদিত তালিকা থেকে কিছু মেডিকেল সেন্টার বাদ পড়তে বা নতুন সেন্টার যুক্ত হতে পারে। এবার স্বাস্থ্য পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে আট হাজার টাকা।
এ ছাড়া মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে বা করাতে পারবে না। বিএমইটির ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসার কাগজপত্রও জমা দিতে হবে।
নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগ কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে বলেও সতর্ক করা হয়েছিল। অনুমোদনহীন স্বাস্থ্য পরীক্ষা বা এ ধরনের কার্যক্রমের তথ্য প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হয়। এ জন্য [email protected] ঠিকানায় ইমেইল পাঠাতে বলা হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দেয় সরকার। এর অংশ হিসেবে সরকারি ব্যবস্থাপনায় কোনো অভিবাসন ব্যয় ছাড়াই ১০ হাজার কর্মী পাঠানোর উদ্যোগ নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
প্রথম ধাপে মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ১১২ জন পুরুষ কর্মী নিয়োগের চূড়ান্ত বাছাই চলছে। এ কর্মী নিয়োগের জন্য বাংলাদেশের ৩৩৮টি রিক্রুটিং এজেন্সিকে তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।
















