মজুরি বোর্ডের সভা স্থগিত, দ্রুত নতুন তারিখ চায় বিজিএমইএ-বিকেএমইএ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করতে মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির নেতারা বলছেন, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হওয়ার কথা রয়েছে। তাই দ্রুত মজুরি কাঠামো ঘোষণা করা হলে বাড়তি বেতন পরিশোধের প্রস্তুতি নিতে পারবেন কারখানার মালিকেরা।

সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সভায় মালিকপক্ষের মজুরি প্রস্তাব জমা দেওয়ার কথা থাকায় প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিলেন তারা। প্রস্তাব জমা দেওয়ার পর মজুরি পুনর্নির্ধারণ নিয়ে মূল আলোচনা শুরু হওয়ার কথা ছিল। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও শ্রমিকপক্ষের স্থায়ী প্রতিনিধি আনোয়ার হোসাইন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় সভাটি স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমের খবরে জানানো হয়।

এক যৌথ বিবৃতিতে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘নিম্নতম মজুরি নির্ধারণের পুরো প্রক্রিয়া দ্রুত শেষ হবে বলে মালিকপক্ষ আন্তরিকভাবে আশা করছে। কারণ, ইতোমধ্যে আগামী ১ ডিসেম্বর থেকে নতুন নিম্নতম মজুরি কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়েছে।’ নির্ধারিত সময়ে নতুন মজুরি দিতে হলে প্রক্রিয়ায় বিলম্ব করা সমীচীন হবে না বলেও বিবৃতিতে উল্লেখ করেন তারা। একই সঙ্গে শ্রমিক প্রতিনিধি আনোয়ার হোসাইনের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।

সোমবার বেলা ১১টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব রাইসা আফরোজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সভা স্থগিতের বিষয়টি জানানো হয়। সেখানে অনিবার্য কারণে পূর্বনির্ধারিত সভা স্থগিত করার কথা উল্লেখ করা হয়েছে। বোর্ডের আগের নোটিশ অনুযায়ী, সভায় সভাপতিত্ব করার কথা ছিল চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর। গত ১ নভেম্বর বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের আন্দোলন ও অসন্তোষের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে।

পুনর্গঠিত বোর্ডের প্রথম সভা হয় ৪ নভেম্বর। পরবর্তী দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধিরা ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার লিখিত প্রস্তাব দেন। তৃতীয় সভায় মালিকপক্ষের প্রস্তাব জমা দেওয়ার কথা ছিল। প্রথম সভা শেষে ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করে জানুয়ারি থেকে নতুন স্কেলে বেতন দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছিলেন উভয় পক্ষের প্রতিনিধিরা। বর্তমানে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা, যা ২০২৩ সালের শেষ প্রান্তিক থেকে কার্যকর। আগে পাঁচ বছর পরপর মজুরি বোর্ড গঠন করা হলেও শ্রম আইন সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার এ সময়সীমা কমিয়ে তিন বছর করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad