মাইক্রোসফটে বড় বিভ্রাট, বিশ্ব জুড়ে বিপাকে আউটলুক-কোপাইলট ব্যবহারকারীরা

বিশ্ব জুড়ে মাইক্রোসফটের বিভিন্ন অনলাইন সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এতে আউটলুক, মাইক্রোসফট টিমস, কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন হাজার হাজার গ্রাহক।
বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়েছে, পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলা এই বিভ্রাটের প্রভাব পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা ওপেনএআই ও অ্যানথ্রপিকের মাইক্রোসফট সংযোগ ব্যবস্থাতেও। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সমস্যা শুরু হওয়ার পর শুক্রবার সকালেও সেবাগুলো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
মাইক্রোসফট জানিয়েছে, তাদের একাধিক অঞ্চলের প্রযুক্তিগত অবকাঠামোতে সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে একাধিক সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ায় বাকি সার্ভারগুলোর ওপর চাপ বেড়ে যায়। এতে ব্যবহারকারীরা বিভিন্ন সেবায় সংযোগ করতে গিয়ে ত্রুটির মুখে পড়েন।
প্রতিষ্ঠানটি বলেছে, সমস্যাটি শুধু ব্যবহারকারীর সংখ্যা বা ট্রাফিক বেড়ে যাওয়ার কারণে হয়নি, বরং বিপুলসংখ্যক সার্ভার অপ্রত্যাশিতভাবে অচল হয়ে পড়ায় অবকাঠামোর সক্ষমতা কমে যায়।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে বিভ্রাটের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। ডাউনডিটেক্টরের হিসাবে, ওই দিন দুপুর ১টার দিকে আউটলুক ব্যবহারে সমস্যার অভিযোগ বেড়ে দাঁড়ায় এক লাখ ৩৮ হাজারের বেশি। সন্ধ্যার দিকে অভিযোগের সংখ্যা কমে প্রায় ৩৪ হাজার ৫০০-তে নেমে আসে।
মাইক্রোসফট ৩৬৫ ব্যবহারে সমস্যার অভিযোগও একপর্যায়ে প্রায় ১৩ হাজারে পৌঁছায়। তবে এসব সংখ্যা ব্যবহারকারীদের জমা দেওয়া অভিযোগের হিসাব, প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা এর চেয়ে আলাদা হতে পারে।
যেসব সেবা ব্যাহত
বিভ্রাটের সবচেয়ে বড় প্রভাব পড়েছে মাইক্রোসফটের ইমেইল ও ক্যালেন্ডার সেবা এক্সচেঞ্জ অনলাইনে। এর ফলে আউটলুকের ওয়েব ও ডেস্কটপ সংস্করণে মেইলবক্সে প্রবেশ, ইমেইল আদান-প্রদান ও ক্যালেন্ডারের তথ্য দেখতে সমস্যায় পড়েছেন ব্যবহারকারীরা। কোনো কোনো ক্ষেত্রে ইমেইল পৌঁছাতেও বিলম্ব হয়েছে।
মাইক্রোসফট টিমসের ক্ষেত্রেও সমস্যা দেখা দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, টিমসের মূল বার্তা আদান-প্রদান ও অনলাইন বৈঠকের কার্যক্রম অনেকাংশে সচল ছিল। এক্সচেঞ্জ অনলাইনের ওপর নির্ভরশীল ক্যালেন্ডার, মিটিং নির্ধারণ এবং কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন চ্যাট তৈরির মতো সুবিধা ব্যাহত হয়েছে।
এ ছাড়া মাইক্রোসফটের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা কোপাইলট, শেয়ারপয়েন্ট, প্ল্যানার, টু ডু, মাইক্রোসফট ডিফেন্ডার, ইনটিউন ও পাওয়ার বিআইয়ের কিছু কার্যক্রমেও সমস্যা হয়েছে। বিশেষ করে কোপাইলট চ্যাট চালু করা, উত্তর পাওয়া এবং ইমেইল, ক্যালেন্ডার ও ফাইলের মতো কর্মক্ষেত্রের তথ্য ব্যবহারে বিঘ্ন ঘটেছে। মাইক্রোসফট জানিয়েছে, যেসব সেবা এক্সচেঞ্জ অনলাইনের সঙ্গে যুক্ত নয়, সেগুলোর অনেকগুলো স্বাভাবিকভাবে কাজ করেছে।
সার্ভার অচল, সমাধানে মাইক্রোসফটের চেষ্টা
মাইক্রোসফটের প্রাথমিক তদন্তে দেখা যায়, বিভিন্ন অঞ্চলের সার্ভার অপ্রত্যাশিতভাবে অকার্যকর হয়ে পড়ছিল। ফলে সচল সার্ভারগুলোর ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছিল। পরে প্রতিষ্ঠানটি জানায়, ক্ষতিগ্রস্ত সার্ভারগুলোর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া অতিরিক্ত চাপে সাড়া দেওয়া বন্ধ করে দিচ্ছে। এতে সেবার সক্ষমতা আরও কমে যাচ্ছে।
সমস্যা সমাধানে মাইক্রোসফট সাময়িকভাবে নতুন সফটওয়্যার ও কনফিগারেশন পরিবর্তন বন্ধ রাখে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অবকাঠামো থেকে অন্য সার্ভারে ট্রাফিক সরিয়ে নেওয়া, অচল সার্ভার পুনরায় চালু করা এবং কিছু সার্ভার আগের সফটওয়্যার কনফিগারেশনে নতুন করে তৈরি করার উদ্যোগ নেয়।
শুক্রবার বাংলাদেশ সময় সকাল পর্যন্ত প্রতিষ্ঠানটি কিছু সার্ভার পুনরায় চালু করতে পেরেছে এবং কয়েকটি অঞ্চলে সীমিত পরিসরে সেবা ফিরতে শুরু করেছে বলে জানিয়েছে। তবে পুনরায় চালু করা কিছু সার্ভার ব্যবহারকারীর সংযোগের চাপ বাড়লে আবারও অকার্যকর হয়ে পড়ছিল। এ কারণে কোন ধরনের অনুরোধ সার্ভারগুলোকে অচল করছে, তা শনাক্ত করতে নির্দিষ্ট কিছু অঞ্চলে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে ধাপে ধাপে সার্ভারগুলো সচল করার চেষ্টা চলছে।
ওপেনএআই-অ্যানথ্রপিকের সেবাতেও প্রভাব
মাইক্রোসফটের এই বিভ্রাটের প্রভাব শুধু প্রতিষ্ঠানটির নিজস্ব সেবায় সীমাবদ্ধ থাকেনি। ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সঙ্গে সংযোগের ক্ষেত্রে নতুন সংযোগ স্থাপন ব্যর্থ হতে পারে এবং কিছু টুল প্রত্যাশামতো কাজ নাও করতে পারে। একইভাবে অ্যানথ্রপিক জানিয়েছে, তাদের মাইক্রোসফট ৩৬৫ সংযোগ ব্যবস্থায় একটি বাইরের সেবাদাতার সমস্যার প্রভাব পড়েছে।
বিভ্রাটের কারণে ব্যবসায়িক কার্যক্রমেও বিঘ্ন ঘটেছে। যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক ট্রাক নির্মাতা প্রতিষ্ঠান ওয়ার্কহর্স গ্রুপ বৃহস্পতিবার তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের নির্ধারিত সময় পিছিয়ে ১৬ নভেম্বর করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, মাইক্রোসফটের বৈশ্বিক বিভ্রাটের কারণে তাদের কার্যক্রমে সমস্যা তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
মাইক্রোসফটের সেবায় এ ধরনের বড় বিভ্রাট নতুন নয়। গত মাসেও প্রতিষ্ঠানটির ক্লাউড সেবা অ্যাজিউরে আলাদা একটি বিভ্রাট দেখা দিয়েছিল। তবে এবারের ঘটনায় একই সঙ্গে ইমেইল, অনলাইন যোগাযোগ, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বিভিন্ন ব্যবসায়িক অ্যাপের কার্যক্রম ব্যাহত হওয়ায় এর প্রভাব আরও বিস্তৃত হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত মাইক্রোসফট বিভ্রাটের নির্দিষ্ট মূল কারণ চূড়ান্তভাবে জানাতে পারেনি, প্রতিষ্ঠানটির দল ক্ষতিগ্রস্ত সার্ভার ও নেটওয়ার্ক অবকাঠামো পরীক্ষা করে সেবা পুনরুদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।









-239554-256x144.webp)



