জলবায়ু অর্থায়নের নতুন পরিকল্পনায় বিলম্ব, অনিশ্চয়তায় উন্নয়নশীল দেশগুলো

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কার্বন নিঃসরণ কমাতে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য নতুন অর্থায়ন পরিকল্পনা ঘোষণা করেনি বিশ্বের কয়েকটি বড় অর্থনীতি। ফলে আগামী বছরগুলোতে জলবায়ু মোকাবিলায় প্রয়োজনীয় অর্থ কোথা থেকে আসবে, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছে দরিদ্র দেশগুলো।
বুধবার (১১ নভেম্বর) দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, শিল্পোন্নত দেশগুলোর সরকার ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর বাইরে বিভিন্ন উৎস থেকে আরও প্রায় ১ ট্রিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য রয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট চরম আবহাওয়ার প্রভাব মোকাবিলা এবং কম কার্বন নিঃসরণকারী অর্থনীতিতে রূপান্তরের জন্য এসব অর্থ ব্যয়ের কথা। তবে চলতি বছর ও আগামী বছরের পর কোন দেশ কত অর্থ দেবে, সে বিষয়ে অনেক ধনী দেশ এখনো সুনির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেনি।
অর্থায়ন নিয়ে এই অনিশ্চয়তার কারণে উন্নয়নশীল দেশগুলো দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে পারছে না। একই সঙ্গে সরকারি অর্থের পাশাপাশি বেসরকারি খাত থেকে বিনিয়োগ আনার উদ্যোগও বাধাগ্রস্ত হচ্ছে।
প্রাকৃতিক সম্পদ প্রতিরক্ষা কাউন্সিল (এনআরডিসি) ও গবেষণাপ্রতিষ্ঠান ইথ্রি-জির এক বিশ্লেষণে দেখা গেছে, বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা পূরণের পথে এগোচ্ছে উন্নত দেশগুলো। দুই বছর আগে কপ২৯ সম্মেলনে এ লক্ষ্য নির্ধারণ করা হয়। এর আনুষ্ঠানিক নাম ন্যাশনাল কালেকটিভ কোয়ান্টিটেটিভ গোল (এনসিকিউজি)। বিশ্লেষণ অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে উন্নত দেশগুলোর বার্ষিক অর্থায়ন প্রায় ২২৯ বিলিয়ন ডলারে পৌঁছানোর কথা। এর মধ্যে বহুপক্ষীয় উন্নয়ন ব্যাংকগুলোর অবদান থাকার কথা প্রায় ১৮৫ বিলিয়ন ডলার।
এনআরডিসির আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নবিষয়ক পরিচালক জো থোয়েটস বলেন, উন্নয়ন ব্যাংক ও জাতীয় সরকারগুলো আগামী অর্থায়ন পরিকল্পনায় বড় ধরনের কাটছাঁট না করলে ২০৩০ সালের মধ্যে প্রয়োজনীয় অর্থের প্রায় পুরোটাই পাওয়া সম্ভব। তবে এ ধরনের কাটছাঁট হওয়ার সম্ভাবনা কম।
দ্য গার্ডিয়ানকে তিনি বলেন, ‘জলবায়ু অর্থায়নের ক্ষেত্রে বেশির ভাগ দেশের অবস্থাই বেশ ভালো। সমস্যা হলো, তারা এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কিছু বলছে না।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বছরে প্রায় ৩৬ বিলিয়ন ডলার অর্থায়ন অব্যাহত রাখলে যুক্তরাজ্য, কানাডা ও কয়েকটি ছোট দেশের দেওয়া প্রতিশ্রুতি মিলিয়ে অর্থায়নের ঘাটতি দাঁড়াবে প্রায় ৭ বিলিয়ন ডলার।
থোয়েটসের মতে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট পরিবর্তন হলে দেশটি এই ঘাটতির কিছু অংশ পূরণ করতে পারে। এ ছাড়া জাপান ও অস্ট্রেলিয়াও এখনো তাদের অর্থায়নের লক্ষ্য প্রকাশ করেনি। দেশ দুটি ঘাটতি পূরণে ভূমিকা রাখতে পারে।
অন্যদিকে কার্বন ব্রিফের এক বিশ্লেষণে বলা হয়েছে, ধনী দেশগুলো বর্তমান লক্ষ্যমাত্রার মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে কোনো দ্বিপক্ষীয় জলবায়ু অর্থায়ন না করলে উন্নয়নশীল দেশগুলো এ খাতে ৭০ শতাংশ পর্যন্ত ঘাটতির মুখে পড়তে পারে। তবে এই হিসাবের মধ্যে উন্নয়ন ব্যাংকগুলোর অর্থায়ন অন্তর্ভুক্ত করা হয়নি। থোয়েটসের মতে, এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা খুবই কম।
তিনি বলেন, ‘এ বিষয়ে দেশগুলো যে প্রায় নীরব রয়েছে, তা দুঃখজনক। তারা যদি আরও খোলাখুলিভাবে বিষয়টি জানাত, তাহলে উন্নয়নশীল দেশগুলোর জোট জি-৭৭ আশ্বস্ত হতে পারত।’
তুরস্কের আন্তালিয়ায় সোমবার শুরু হওয়া কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। সম্মেলনের সভাপতিত্ব নিয়ে অস্ট্রেলিয়া ও তুরস্কের মধ্যে বিরোধের পর সমঝোতার ভিত্তিতে অস্ট্রেলিয়া সম্মেলনের নেতৃত্ব দিচ্ছে। এদিকে কয়েকটি উন্নয়নশীল দেশ আগের জলবায়ু অর্থায়নসংক্রান্ত সিদ্ধান্তগুলো পুনরায় আলোচনায় তোলার উদ্যোগ নিয়েছে। তাদের আশঙ্কা, ভবিষ্যতে অর্থায়নের পরিমাণ কমে যেতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের চাপের মুখে বিশ্বব্যাংক চলতি গ্রীষ্মে আনুষ্ঠানিক জলবায়ু অর্থায়নের লক্ষ্যমাত্রা থেকে সরে এসেছে। তবে জলবায়ুসংশ্লিষ্ট প্রকল্পে বছরে কয়েক দশক বিলিয়ন ডলার অর্থায়ন অব্যাহত রাখবে প্রতিষ্ঠানটি। থোয়েটসের ধারণা, অন্যান্য উন্নয়ন ব্যাংকও তাদের জলবায়ু অর্থায়ন পরিকল্পনা চালিয়ে যাবে।
নতুন অর্থায়ন পরিকল্পনা ঘোষণা করেনি এমন বড় দেশগুলোর মধ্যে রয়েছে ফ্রান্স, জার্মানি ও অস্ট্রেলিয়া। জলবায়ু সম্মেলনের আয়োজক কোনো উন্নত দেশ নতুন অর্থায়ন পরিকল্পনা প্রকাশ না করাকে অস্বাভাবিক বলে মনে করা হচ্ছে। চলতি বছরের শুরুতে জলবায়ু খাতে অর্থায়ন কমিয়েছে যুক্তরাজ্য। এ বিষয়ে মন্তব্য জানতে অস্ট্রেলিয়া ও জার্মানির সঙ্গে যোগাযোগ করেছে দ্য গার্ডিয়ান।
ফ্রান্সের উন্নয়ন সহযোগিতা সংস্থা এএফডির এক মুখপাত্র জানিয়েছেন, জলবায়ু ও জীববৈচিত্র্যবিষয়ক কৌশলে আগের উচ্চাকাঙ্ক্ষা বজায় রেখেছে সংস্থাটি। ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত প্রতি বছর জলবায়ু খাতে ৬ বিলিয়ন ইউরো এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ৮০০ মিলিয়ন ইউরো অর্থায়নের লক্ষ্য রয়েছে তাদের।
জাপানের এক মুখপাত্র বলেন, প্যারিস চুক্তির আওতায় নিজেদের দায়িত্ব পালনে দেশটি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। জলবায়ু কার্যক্রমে উন্নয়নশীল দেশগুলোকে সক্রিয়ভাবে সহায়তা করছে জাপান। দেশটির আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা, বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান, গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ) এবং ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলের মাধ্যমে এ সহায়তা দেওয়া হচ্ছে।
ওই মুখপাত্র আরও বলেন, আপাতত নতুন কোনো অর্থায়নের প্রতিশ্রুতি ঘোষণার পরিকল্পনা জাপানের নেই। তবে এর অর্থ এই নয় যে দেশটির নীতিতে কোনো পরিবর্তন এসেছে। উদাহরণ হিসেবে তিনি জানান, ২০২৪ থেকে ২০২৭ মেয়াদে গ্রিন ক্লাইমেট ফান্ডের দ্বিতীয় দফার অর্থায়নে সর্বোচ্চ ১৬৫ বিলিয়ন ইয়েন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে।

















