ব্যক্তিগত ছবি ব্যবহারের অভিযোগ, মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা

ডেস্ক, রাজনীতি ডটকম
মেটা। ছবি: সংগৃহীত
মেটা। ছবি: সংগৃহীত

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ৮৮ কোটি ৭০ লাখ ডলার জরিমানা করেছে ইতালি। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ব্যক্তিগত গ্যালারিতে থাকা ছবি, ভিডিও ও সংশ্লিষ্ট তথ্য যথাযথ সম্মতি ছাড়াই ব্যবহারের অভিযোগে দেশটির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষ এ জরিমানা করেছে।

ঘোষিত ৮০৫ মিলিয়ন ইউরোর (৮৮৭ মিলিয়ন ডলার) এই জরিমানা ইতালিতে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা সবচেয়ে বড় জরিমানাগুলোর একটি। তবে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে মেটা।

ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের (গারান্তে) বিবৃতি অনুযায়ী, অ্যান্ড্রয়েড ফোনে ফেসবুক অ্যাপের একটি বিশেষ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওতে প্রবেশ করত মেটা। ‘গেট সাজেশনস ফ্রম গ্যালারি হোয়াইল ব্রাউজিং ফেসবুক’ নামের ফিচারটি ব্যবহারকারীদের ফোনে থাকা ছবি ও ভিডিও থেকে ফেসবুকে পোস্ট করার জন্য বিভিন্ন পরামর্শ দিত।

২০২৩ সাল থেকে চালু থাকা এই ফিচার ব্যবহারের ক্ষেত্রে ফেসবুক পুরো অ্যাপের জন্য একবারই অনুমতি চাইত। সেখানে সাধারণ একটি নোটিশের মাধ্যমে বিভিন্ন ফিচার চালুর কথা বলা হলেও ব্যক্তিগত গ্যালারির ছবি ও ভিডিও ব্যবহারের বিষয়টি স্পষ্ট করা হতো না। ফলে ব্যবহারকারীরা ঠিক কীসের অনুমতি দিচ্ছেন, তা যথাযথভাবে বুঝতে পারতেন না বলে মনে করে ইতালির নিয়ন্ত্রক সংস্থা।

কর্তৃপক্ষ জানায়, ইতালিতে প্রায় দুই কোটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী এই ব্যবস্থার আওতায় পড়েছেন। জরিমানার পর মেটাকে ফিচারটি ডিফল্টভাবে বন্ধ করতে এবং ছবি ও ভিডিও ব্যবহারের জন্য আলাদা ও সুস্পষ্ট সম্মতি নিতে ৬০ দিন সময় দেওয়া হয়েছে। পাশাপাশি ফিচারটি কী কাজে ব্যবহৃত হয় এবং কীভাবে বন্ধ করতে হয়, সেটিও ব্যবহারকারীদের পরিষ্কারভাবে জানাতে হবে।

তদন্তে মেটার অসহযোগিতার বিষয়টিও জরিমানার পরিমাণ নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে। ইতালি কর্তৃপক্ষ বলেছে, যেসব ব্যবহারকারী অ্যাপ হালনাগাদ করেননি কিংবা আগে থেকেই সম্মতি দিয়েছেন, তাদের ক্ষেত্রেও অনিয়মের প্রভাব অব্যাহত রয়েছে।

তবে মেটার দাবি, নিয়ন্ত্রক সংস্থার মূল্যায়ন ও জরিমানার পরিমাণ— দুটির সঙ্গেই তারা একমত নয়। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, এটি এমন একটি সাধারণ ফিচার, যা ব্যবহারকারীদের ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করতে সহায়তা করে। ফিচারটি ব্যবহারের জন্য ফোনে অনুমতি দিতে হয় এবং ব্যবহারকারীরা চাইলে সেটিংস থেকে সেই অনুমতি পরিবর্তন করতে পারেন। সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে প্রতিষ্ঠানটি।

যুক্তরাষ্ট্র-স্পেন ও ইইউয়ে একের পর এক আইনি চাপ

ইতালির এই জরিমানা এমন সময়ে এলো, যখন বিশ্বের বিভিন্ন দেশে মেটার বিরুদ্ধে তথ্যের গোপনীয়তা, ব্যবহারকারীদের সুরক্ষা ও প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের অভিযোগে একাধিক মামলা ও নিয়ন্ত্রক সংস্থার পদক্ষেপ চলছে।

সবচেয়ে বড় অঙ্কের জরিমানাটি এসেছে যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্য থেকে। গত ২১ অক্টোবর সেখানকার আদালত মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা দেওয়ার নির্দেশ দেন। অঙ্গরাজ্যের বাসিন্দাদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের বিষয়ে এক দশকের বেশি সময় ধরে বিভ্রান্ত করার অভিযোগে এই সিদ্ধান্ত আসে।

মামলায় মেটার বিরুদ্ধে ৪ কোটি ৩০ লাখের বেশি আইন লঙ্ঘনের ঘটনা প্রমাণিত হয়েছে বলে আদালত জানান। তবে মেটা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি জরিমানাটিকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর কর হিসেবে অভিহিত করেছে।

স্পেনেও বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়েছে মেটা। দেশটির ৮৭টি সংবাদমাধ্যমের করা মামলায় ২০২৫ সালের নভেম্বরে আদালত মেটার বিরুদ্ধে রায় দেন। ফেসবুক ও ইনস্টাগ্রামে ব্যক্তিগত তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন দেখানোর ব্যবসায়িক পদ্ধতির কারণে প্রতিযোগিতায় অন্যায্য সুবিধা নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে প্রায় ৫৪২ মিলিয়ন ইউরো ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মেটা এ রায়ের বিরুদ্ধেও আপিল করেছে।

ইউরোপীয় ইউনিয়নেও দুটি গুরুত্বপূর্ণ জরিমানার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের এপ্রিলে ইউরোপীয় কমিশন ফেসবুক ও ইনস্টাগ্রামের বিজ্ঞাপনবিহীন ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে সাবস্ক্রিপশন চালুর মডেলকে ডিজিটাল মার্কেটস অ্যাক্টের (ডিএমএ) নিয়মবিরোধী বলে চিহ্নিত করে। এ ঘটনায় মেটাকে ২০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে ফেসবুক মার্কেটপ্লেসকে মূল ফেসবুক সেবার সঙ্গে যুক্ত করা এবং ব্যবহারকারীদের তথ্য ব্যবহারের ক্ষেত্রে প্রতিযোগিতার নিয়ম লঙ্ঘনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে আরও প্রায় ৭৯৮ মিলিয়ন ইউরো জরিমানা করেছিল ইউরোপীয় কমিশন। দুটি সিদ্ধান্তের বিরুদ্ধেই আপিল করেছে মেটা।

এ ছাড়া ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে তথ্যের গোপনীয়তা লঙ্ঘনসংক্রান্ত তদন্ত নিষ্পত্তিতে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা দিয়েছিল ফেসবুক। সেটি ছিল সে সময় যুক্তরাষ্ট্রে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরোপ করা অন্যতম বড় জরিমানা।

মেটার বিরুদ্ধে এসব পদক্ষেপের ধরন এক নয়। কোথাও ব্যক্তিগত তথ্য ব্যবহারের স্বচ্ছতা ও সম্মতির প্রশ্ন, কোথাও বিজ্ঞাপন ব্যবসা এবং প্রতিযোগিতার নিয়ম, আবার কোথাও ব্যবহারকারীদের বিভ্রান্ত করার অভিযোগ সামনে এসেছে। অনেক ক্ষেত্রেই প্রতিষ্ঠানটি সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই চালাচ্ছে। ফলে এসব জরিমানার চূড়ান্ত পরিণতি এখনো নির্ধারিত হয়নি।

ইতালির সর্বশেষ মামলাটিতে অবশ্য তদন্তের আওতায় ছিল না ব্যবহারকারীদের ছবি ও ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মডেল প্রশিক্ষণে ব্যবহারের বিষয়টি। কর্তৃপক্ষ জানিয়েছে, সেটি আলাদা তদন্তের বিষয় হতে পারে। ফলে ব্যক্তিগত তথ্যের ব্যবহার নিয়ে মেটার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ন্ত্রক সংস্থাগুলোর নজরদারি আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

তথ্যসূত্র: রয়টার্স, এএফপি, দ্য গার্ডিয়ান

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad