মাইক্রোসফটের সেবায় বিশ্বজুড়ে বড় বিভ্রাট, সাইবার হামলার দাবি নাকচ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সার্ভারের অভ্যন্তরীণ জটিলতায় বিশ্বজুড়ে বড় ধরনের কারিগরি বিপর্যয়ের মুখে পড়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। এতে অচল হয়ে পড়েছে প্রতিষ্ঠানটির ই-মেইল প্ল্যাটফর্ম আউটলুক, করপোরেট যোগাযোগের মাধ্যম টিমস এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী কোপাইলটসহ মাইক্রোসফট ৩৬৫-এর একাধিক ক্লাউড সেবা। বৃহস্পতিবার শুরু হওয়া এ বিভ্রাট দ্রুত বিশ্বের অন্তত ৭৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। এর ফলে যুক্তরাজ্য, জাপান ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সরকারি দপ্তর, জাতীয় স্বাস্থ্যসেবা, পুলিশ প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও আর্থিক খাতের কার্যক্রমে মারাত্মক স্থবিরতা নেমে এসেছে।

ওয়েবসাইট পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাট শুরুর কিছুক্ষণের মধ্যেই বিশ্বব্যাপী লাখ লাখ ব্যবহারকারী মাইক্রোসফটের ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারে জটিলতার কথা জানান। কেবল যুক্তরাষ্ট্রেই সর্বোচ্চ প্রায় ১ লাখ ৩০ হাজার অভিযোগ জমা পড়ে। পরে ইউরোপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে এর প্রভাব।

এই বিপর্যয়ে যুক্তরাজ্যে জরুরি সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা (এনএইচএস) কর্তৃপক্ষ জানিয়েছে, চিকিৎসাকর্মীরা ই-মেইল ও আইটি ব্যবস্থায় ঢুকতে না পারায় স্বাস্থ্য খাতের কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থা তৈরি হয়েছে। চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ বন্ধ থাকায় বিভিন্ন ফার্মেসিতে রোগীদের ব্যবস্থাপত্র ও ওষুধ সরবরাহে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে রোগীদের ই-মেইল না পাঠিয়ে সরাসরি ফোনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার ও ডরসেটসহ একাধিক এলাকার পুলিশ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে তারা অনলাইনে কোনো অপরাধের অভিযোগ গ্রহণ করতে পারছে না। ফলে সাধারণ মানুষকে জরুরি প্রয়োজনে ৯৯৯ অথবা ১০১ নম্বরে কল করে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির বহু স্কুলও অভিভাবকদের সঙ্গে ই-মেইল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার কথা জানিয়েছে। সরকারি সেবায় বিঘ্ন কমাতে জরুরি বিকল্প পরিকল্পনা কার্যকর করেছে যুক্তরাজ্য প্রশাসন।

জাপানেও সরকারি ও বাণিজ্যিক কার্যক্রমে বড় ধাক্কা লেগেছে। দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পবিষয়ক মন্ত্রী রিয়োসেই আকাজাওয়া জানিয়েছেন, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে এই বিভ্রাট বড় ধরনের প্রভাব ফেলেছে। মন্ত্রণালয়ের দাপ্তরিক ই-মেইল বন্ধ থাকায় জরুরি তথ্য আদান-প্রদানে খুদে বার্তা ও নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তি ঝুলিয়ে বিকল্প উপায়ে কাজ চালাচ্ছেন সরকারি কর্মীরা। এমনকি জাপানের কয়েকটি বড় কুরিয়ার কোম্পানি ও ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনলাইনে বুকিং ও অর্ডার নিতে না পেরে ফোনে কার্যক্রম পরিচালনা করছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad