লবির বিরুদ্ধে গুতেরেসের তোপ— জীবাশ্ম জ্বালানির বিদায় চাই

ডেস্ক, রাজনীতি ডটকম
বুধবার কপ৩১ শীর্ষ-এ বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত
বুধবার কপ৩১ শীর্ষ-এ বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্যে দেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলায় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধে বিশ্বনেতাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। বলেছেন, জীবাশ্ম জ্বালানির পক্ষে যুক্তি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার বন্ধ করে এগুলোকে ডাইনোসরের মতো বিলুপ্তির পথে নিতে হবে। তবে তা আপনা-আপনি ঘটবে না। কারণ ডাইনোসরদের পক্ষে কোনো তদবিরকারী গোষ্ঠী ছিল না, কিন্তু জীবাশ্ম জ্বালানি শিল্পের শক্তিশালী লবি রয়েছে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ৩১-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন গুতেরেস।

জাতিসংঘ মহাসচিব হিসেবে দায়িত্ব শেষ করার আগে এটিই তার শেষ জলবায়ু সম্মেলন। ২০১৭ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলাকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেছেন তিনি।

গুতেরেস বলেন, জলবায়ু সংকট বাস্তবতার চেয়ে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। সংকটের এই পর্যায়ে প্রথম দায়িত্ব হলো সত্য তুলে ধরা। জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসার পাশাপাশি এর পক্ষে প্রচার ও নীতিনির্ধারণে প্রভাব বিস্তারকারী গোষ্ঠীগুলোর বিরুদ্ধেও সরকারগুলোকে অবস্থান নিতে হবে।

জাতিসংঘ মহাসচিবের অভিযোগ, এসব গোষ্ঠী বৈজ্ঞানিক তথ্যকে বিকৃত করে, নীতিগত সিদ্ধান্ত পিছিয়ে দেয় এবং জলবায়ু পদক্ষেপ ও জবাবদিহি বিলম্বিত করে।

কপ৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা। ছবি: সংগৃহীত
কপ৩১ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পরিবেশনা। ছবি: সংগৃহীত

জ্বালানি রূপান্তরের সময়সীমা নিয়েও সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। তার মতে, আগামী প্রায় ১৫ বছরের মধ্যে কয়লার ব্যবহার বন্ধ করতে হবে। একই সঙ্গে তেল ও গ্যাসের ব্যবহার এক-তৃতীয়াংশ কমাতে হবে। এ পরিবর্তন পরিকল্পিত ও ন্যায়সঙ্গতভাবে করতে হবে। তা না হলে এর মূল্য দিতে হবে অর্থনৈতিক বিশৃঙ্খলা ও মানুষের জীবিকা হারানোর মধ্য দিয়ে।

জীবাশ্ম জ্বালানি কোম্পানিগুলোর বিপুল মুনাফার সঙ্গে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দরিদ্র দেশগুলোর জন্য বরাদ্দ অর্থের বৈষম্যও তুলে ধরেন গুতেরেস। তিনি তেল ও গ্যাস কোম্পানির অতিরিক্ত মুনাফার ওপর বিশেষ কর আরোপের প্রস্তাব দেন। তার মতে, এই অর্থ জলবায়ু বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর পুনরুদ্ধারে ব্যয় করা উচিত। দূষণকারীদেরই ক্ষতির দায় বহন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

গুতেরেসের বক্তব্যের সময় সম্মেলনস্থলে উপস্থিত প্রতিনিধিরা করতালি দিয়ে সমর্থন জানান। বক্তব্যের শেষ পর্যায়ে তরুণ, পরিবেশ কর্মী, বিজ্ঞানী ও আদিবাসী জনগোষ্ঠীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

বছরের শেষে জাতিসংঘ মহাসচিবের পদ ছাড়লেও জলবায়ু আন্দোলন থেকে সরে দাঁড়াবেন না বলে জানান গুতেরেস। বলেন, দায়িত্বে না থাকলেও জলবায়ু সংকটের সত্য তুলে ধরা এবং প্রয়োজনীয় পদক্ষেপের দাবিতে তিনি আন্দোলনকারীদের পাশে থাকবেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad