যাদের রক্ষা করার কথা ছিল, তারাই পৃথিবীকে হত্যা করছে: গ্রেটা

ডেস্ক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার কপ৩১ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেনের পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার কপ৩১ সম্মেলনের এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুইডেনের পরিবেশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ছবি: সংগৃহীত

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার তীব্র সমালোচনা করেছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। তিনি বলেন, পৃথিবী নিজে নিজে ধ্বংস হচ্ছে না, বরং একে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। আমাদের রক্ষা করার ছিল যাদের, তারাই পৃথিবীকে হত্যা করছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর এক সংবাদ সম্মেলনে বিশ্বনেতাদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি এসব কথা বলেন।

গ্রেটা বলেন, ‘পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে। এবং কারা তা করছে, আমরা জানি। যারা আমাদের রক্ষা করতে এগিয়ে আসবে বলে মনে করা হয়েছিল, তারাই পৃথিবীকে হত্যা করছে। আমাদের রক্ষায় কেউ আসছে না।’

মানবাধিকার ও পরিবেশের সুরক্ষায় সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যর্থতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে গ্রেটা বলেন, যখন রাষ্ট্র ও অন্যান্য প্রতিষ্ঠান মানুষের মৌলিক অধিকারকে হুমকির মুখে ফেলে, তখন সবার অধিকার রক্ষায় প্রতিবাদ করা এবং দায়িত্বশীল ভূমিকা নেওয়া আমাদের কর্তব্য।

কপ৩১ সম্মেলনস্থলে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে গ্রেটার সঙ্গে নেপাল, অস্ট্রেলিয়া, ফিলিস্তিন ও কানাডার কয়েকজন পরিবেশ ও মানবাধিকার কর্মী উপস্থিত ছিলেন। তারা জলবায়ু সংকট মোকাবিলায় বিভিন্ন দেশের সরকারের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন। একই সঙ্গে ইসরায়েলে তুরস্কের জ্বালানি সরবরাহ বন্ধের দাবি জানান।

ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে গ্রেটা বলেন, তুরস্কের জ্বালানি সরবরাহ সরাসরি ফিলিস্তিনে চলমান গণহত্যায় ভূমিকা রাখছে। জলবায়ু সংকট, যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনকে আলাদা করে দেখার সুযোগ নেই বলেও ইঙ্গিত দেন তিনি।

সবাইকে সতর্ক করে গ্রেটা বলেন, বিশ্ব এমন এক ভবিষ্যতের দিকে এগোচ্ছে, যেখানে আরও গণহত্যা, পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড এবং মানুষের মৌলিক অধিকারের আরও বড় ধরনের অবনতি ঘটবে। এমনকি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক উপকরণও একসময় বিলাসদ্রব্যে পরিণত হতে পারে।

গ্রেটার ভাষায়, ‘এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে দাঁড়ালে পরিস্থিতি যে কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তা আগের যেকোনো সময়ের চেয়ে স্পষ্ট হয়ে ওঠে। পৃথিবী মরছে না, একে হত্যা করা হচ্ছে।’

৫ বছর পর কপ সম্মেলনে গ্রেটা

২০২১ সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিত কপ২৬-এর পর এবারই প্রথম কোনো কপ সম্মেলনে অংশ নিচ্ছেন গ্রেটা থুনবার্গ। গ্লাসগো সম্মেলনে বিশ্বনেতাদের প্রতিশ্রুতিকে 'ব্লা ব্লা ব্লা' বলে সমালোচনা করে আলোচনায় এসেছিলেন তিনি। তার অভিযোগ ছিল, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতারা প্রতিশ্রুতি দিলেও বাস্তবে কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না।

গত কয়েক বছরে জলবায়ু আন্দোলনের পাশাপাশি ফিলিস্তিনিদের অধিকারসহ বিভিন্ন মানবাধিকার ইস্যুতেও সক্রিয় হয়েছেন গ্রেটা। ফিলিস্তিনে ইসরায়েলের সামরিক অভিযান ও গাজায় মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে তিনি একাধিকবার অবস্থান নিয়েছেন। এবার কপ৩১-এর সংবাদ সম্মেলনেও জলবায়ু সংকটের সঙ্গে যুদ্ধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের সম্পর্ক তুলে ধরেছেন তিনি।

সম্মেলনে তার উপস্থিতি প্রতিনিধিদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর অনেক প্রতিনিধি ও অংশগ্রহণকারী তার সঙ্গে কথা বলতে ভিড় করেন।

জলবায়ু আলোচনায় কপ৩১-এর গুরুত্ব

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (ইউএনএফসিসিসি) অধীনে প্রতিবছর অনুষ্ঠিত হয় কনফারেন্স অব দ্য পার্টিজ বা কপ সম্মেলন। এবারের আয়োজন ৩১তম সম্মেলন, সংক্ষেপে কপ৩১। তুরস্কের আনতালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া সম্মেলনটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্বের প্রায় সব দেশের সরকার, নীতিনির্ধারক, বিজ্ঞানী, পরিবেশকর্মী, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

১৯৯২ সালে গৃহীত জাতিসংঘের জলবায়ু সনদের আওতায় শুরু হওয়া এ সম্মেলনের মূল লক্ষ্য বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় দেশগুলোর মধ্যে সমন্বিত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিশ্চিত করা। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিও এই প্রক্রিয়ার মধ্য দিয়েই গৃহীত হয়েছিল। ওই চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার চেষ্টা চালানোর অঙ্গীকার রয়েছে।

তবে প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে বড় ব্যবধান রয়ে গেছে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো, নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলোকে অর্থায়ন এবং অভিযোজন সক্ষমতা বাড়ানো এবারের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী অথচ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল ও দ্বীপরাষ্ট্রগুলোর জন্য অর্থায়ন নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

এবারের সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলন, যা ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে। এতে জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়ন, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তর, বিনিয়োগ, কর্মসংস্থান, নগর অবকাঠামোর সহনশীলতা এবং জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা হচ্ছে। তুরস্কের পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমন একসময়ে গ্রেটা থুনবার্গের এই বক্তব্য এলো, যখন জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও রাজনৈতিক সদিচ্ছার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। তার বক্তব্যের মূল সুর হলো, জলবায়ু সংকট কেবল পরিবেশগত সমস্যা নয়; এর সঙ্গে মানুষের জীবন, অধিকার, নিরাপত্তা ও বৈশ্বিক ন্যায়বিচারের প্রশ্নও জড়িয়ে রয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা (ইউএনএফসিসিসি)

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad