‘আ.লীগ সংশ্লিষ্টতার’ অভিযোগে জবিতে ৪ কর্মকর্তাকে ছাত্রদলের মারধর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের চার কর্মকর্তাকে মারধর করে প্রক্টর অফিসে সোপর্দ করেছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
সোমবার দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরে তল্লাশি চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের প্রক্টর অধ্যাপক নাছির আহমাদের কাছে হস্তান্তর করেন ছাত্রদল নেতাকর্মীরা।
মারধরের শিকার কর্মকর্তারা হলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের উপপরিচালক হিমাদ্রি শেখর মণ্ডল, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের উপপরিচালক সঞ্জয় কুমার পাল এবং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সহকারী পরিচালক মো. জুনায়েদ। আটক অপর কর্মকর্তার পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কর্মকর্তাদের মোবাইল ফোন জব্দ করেছে প্রক্টর অফিস। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে লিখিতভাবে জমা দিতে বলা হয়েছে।
প্রক্টর অফিসে প্রক্টরের পাশে দাঁড়িয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তাঁরা ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছেন। আওয়ামী লীগ ও ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে চাকরি পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও তাঁরা আগে কোনো পদক্ষেপ নেননি। তবে তাদের সহনশীলতাকে দুর্বলতা ভেবে সংশ্লিষ্টরা গত কয়েক দিন ধরে অপকর্মে জড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
হিমেল বলেন, সাবেক ছাত্রলীগ করা কর্মকর্তাদের অর্থায়নে গত কয়েক দিন ছাত্রলীগ কর্মীরা অপরাধ সংঘটিত করছে বলে তারা সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছেন। শিক্ষার্থীদের টাকায় বেতন পাওয়া ফ্যাসিবাদের যোগানদাতা এসব কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তাঁদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে প্রক্টর অধ্যাপক নাছির আহমাদ বলেন, চার কর্মকর্তাকে ছাত্রদল নেতারা তাঁদের কাছে হস্তান্তর করেছেন। অভিযোগ যাচাই করে প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিষিদ্ধ আওয়ামী লীগ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ছাত্রসংগঠনকে দেওয়া হয়নি বলে জানান প্রক্টর। তিনি বলেন, এ বিষয়ে আগে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং তিনি নিজেও ওই কমিটির সদস্য। বারবার নোটিস দিয়েও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। এদিকে উপাচার্য অধ্যাপক মো. রইছ উদদীন বলেন, ভিন্নমতের সহকর্মীদের নিরাপত্তা ও কাজের পরিবেশ নিশ্চিতের চেষ্টা করেছে প্রশাসন। তবে সাম্প্রতিক নাশকতা, ক্যাম্পাসে হাতবোমা বিস্ফোরণ এবং গোপালগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তাঁর ধারণা।
উপাচার্য আরও বলেন, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদী মানসিকতা পোষণ করতে না পারে, সে জন্য অতীতে যারা এসব করেছে, তাদের বিচার হওয়া উচিত। শিক্ষা ও গবেষণার পরিবেশ রক্ষার পাশাপাশি অপরাধীদের বিচার নিশ্চিত করার মধ্যে সমন্বয় রাখবে প্রশাসন। এদিন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোজাহারুল আলম সেলিমও ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন। বিভাগের দেয়ালে শেখ মুজিবুর রহমানের ছবি থাকা একটি পত্রিকা কাটিং নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ছাড়া সকালে ছাত্রদল উপাচার্যের কাছে চার দফা দাবিতে স্মারকলিপি দিয়ে এক সপ্তাহের সময় বেঁধে দেয়।














