ব্যক্তিগত মেসেজে ঢুকছে মেটার এআই, তথ্য ফাঁসের ঝুঁকি

ডেস্ক, রাজনীতি ডটকম
মেটার এআই এজেন্ট মিউজ। ছবি: সংগৃহীত
মেটার এআই এজেন্ট মিউজ। ছবি: সংগৃহীত

ব্যবহারকারীদের ব্যক্তিগত ও এনক্রিপ্টেড মেসেজে মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) এজেন্ট মিউজ প্রবেশ করছে বলে তথ্য মিলেছে। শুধু তাই নয়, অন্যের তথ্য নিজের ব্যবহারকারীর কাছে পাঠাচ্ছে এবং অনুমতি ছাড়াই বিভিন্ন কাজ করছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ব্যবহারকারীর অজান্তে আর্থিক তথ্য সরবরাহ, পণ্যের দাম নিয়ে ভুল তথ্য দেওয়া এবং নন-রিফান্ডেবল হোটেল বুকিংয়ের ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। মেটার অভ্যন্তরীণ যোগাযোগের দুই ডজনের বেশি পোস্ট পর্যালোচনা এবং সিগন্যাল ও এআই নাও ইনস্টিটিউটের সহযোগিতায় চালানো প্রযুক্তিগত পরীক্ষার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

গত সেপ্টেম্বর চালুর পর থেকে মিউজ অ্যাপটি এক কোটির বেশি বার ডাউনলোড হয়েছে। মেটার ৩৬০ কোটির বেশি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর কাছে ব্যাপক প্রচারের মাধ্যমে অ্যাপটি দ্রুত জনপ্রিয় হয়েছে। প্রতিষ্ঠানটির এআই থেকে বিপুল আয় করার পরিকল্পনারও গুরুত্বপূর্ণ অংশ এটি।

রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ পোস্টগুলোতে মেটার কর্মীরা জানিয়েছেন, মিউজ কখনো এমন আর্থিক তথ্য পাঠিয়েছে, যা তাদের নয়। কারও কাছে ব্যাংক হিসাবের ব্যালান্স, কারও কাছে সন্তানের তথ্য ব্যবস্থাপনা নিয়ে বার্তা এসেছে, যদিও এসব বিষয়ে তারা কোনো প্রশ্ন করেননি। একজন কর্মী জানান, তার মিউজ হঠাৎ করে ক্যাপিটাল ওয়ান ও চার্লস শোয়াবের দুটি ব্যাংক হিসাবের ব্যালান্স পাঠায়।

আরেক কর্মী জানান, তার ব্যক্তিগত ফোনে মিউজ তাকে সিগন্যাল অ্যাপে বোনের পাঠানো একটি বার্তার উত্তর দেওয়ার কথা মনে করিয়ে দেয়। অথচ তিনি অ্যাপটিতে মিউজকে প্রবেশের অনুমতি দেননি বলে দাবি করেন।

রয়টার্সের সঙ্গে সিগন্যাল ও এআই নাও ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা বিষয়টি পরীক্ষা করে দেখেন। পরীক্ষায় দেখা যায়, অ্যান্ড্রয়েড ফোনে মিউজ প্রাথমিক সেটআপের সময় পাওয়া নোটিফিকেশন দেখার অনুমতি ব্যবহার করে সিগন্যালের বার্তার লেখা সংগ্রহ করতে পারে। অ্যাপলের ম্যাক কম্পিউটারে এটি স্ক্রিনশট ও অ্যাকসেসিবিলিটি সুবিধা ব্যবহার করেও একই ধরনের তথ্য পেতে সক্ষম হয়। তবে আইফোনে চালানো পরীক্ষায় এমন প্রবেশের চেষ্টা আটকে যায়।

অর্থাৎ, ব্যবহারকারী কোনো অ্যাপকে সরাসরি মিউজের সঙ্গে যুক্ত না করলেও ফোন বা কম্পিউটারের অন্য কিছু অনুমতি কাজে লাগিয়ে এআই এজেন্টটি সেই অ্যাপের তথ্য দেখতে পারে। এ ক্ষেত্রে ব্যবহারকারী অনুমতি দিলেও সেটি কোন কাজে ব্যবহৃত হবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।

এ ছাড়া মেটার কর্মীদের অভিযোগ, মিউজ কখনো এমন কেনাকাটার তথ্য দিয়েছে, যা বাস্তবে ঘটেনি। কেনা পণ্যের দামও ভুল জানিয়েছে। এক ঘটনায় ব্যবহারকারীর অনুমতি ছাড়াই একটি নন-রিফান্ডেবল এয়ারএনবি আবাসন বুকিং করার অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে এআইটি অন্য ব্যক্তির কথোপকথনের মতো বার্তা পাঠিয়েছে বলেও অভিযোগ রয়েছে।

মেটা এসব ঘটনাকে বিচ্ছিন্ন সমস্যা হিসেবে বর্ণনা করেছে। প্রতিষ্ঠানটির মুখপাত্র ড্যানিয়েল রবার্টস বলেছেন, মিউজ ব্যবহারকারীর অনুমতি ছাড়া অন্য অ্যাপে প্রবেশ করতে পারে না। এজেন্টটি ভুল তথ্য তৈরি করতে পারে, যাকে এআইয়ের ভাষায় ‘হ্যালুসিনেশন’ বলা হয়। এ ধরনের কয়েকটি সমস্যা এরই মধ্যে সমাধান করা হয়েছে বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি।

তবে অন্যের ব্যাংক হিসাবের তথ্য ব্যবহারকারীদের কাছে পাঠানোর ঘটনাগুলো প্রকৃত তথ্য ফাঁস, নাকি এআইয়ের বানানো তথ্য— তা নিশ্চিত করতে পারেনি রয়টার্স। মেটাও এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি।

সিগন্যালের প্রেসিডেন্ট মেরেডিথ হুইটেকার মেটার বিরুদ্ধে মৌলিক গোপনীয়তা ও সাইবার নিরাপত্তার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা না করেই মিউজ চালুর অভিযোগ তুলেছেন। তার মতে, অ্যাপ নির্মাতাদের এমন প্রযুক্তিগত ব্যবস্থা থাকা প্রয়োজন, যার মাধ্যমে তারা নিজেদের অ্যাপকে এআই এজেন্টের প্রবেশ থেকে সুরক্ষিত রাখতে পারবেন।

এদিকে অ্যাপল ও গুগল জানিয়েছে, এআই এজেন্টকে কোন তথ্য ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে ব্যবহারকারীদের নিয়ন্ত্রণ বাড়ানোর বিষয়টি তারা বিবেচনা করছে। রয়টার্সের অনুসন্ধানের পর অ্যাপল ম্যাক অপারেটিং সিস্টেমে অ্যাকসেসিবিলিটি সুবিধা ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধও এনেছে।

এআই এজেন্টকে ব্যবহারকারীর হয়ে ইমেইল পাঠানো, অ্যাপয়েন্টমেন্ট বুকিং কিংবা অনলাইনে কেনাকাটার মতো কাজ করার সুযোগ দিতে হলে স্মার্টফোন ও কম্পিউটারের বিস্তৃত প্রবেশাধিকার প্রয়োজন হয়। কিন্তু সেই সুবিধাই ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার জন্য নতুন ঝুঁকি তৈরি করছে। মিউজকে ঘিরে ঘটনাগুলো এআই প্রযুক্তির দ্রুত সম্প্রসারণের পাশাপাশি ব্যবহারকারীর গোপনীয়তা ও তথ্য সুরক্ষার প্রশ্নটিকেও সামনে এনেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad