চীনে এআই চিপ সরবরাহ বন্ধ করল এনভিডিয়া

ডেনমার্ক প্রতিনিধি
চীনের পতাকার পটভূমিতে বিশ্বের অন্যতম বড় চিপনির্মাতা এনভিডিয়ার লোগো। ছবি: সংগৃহীত
চীনের পতাকার পটভূমিতে বিশ্বের অন্যতম বড় চিপনির্মাতা এনভিডিয়ার লোগো। ছবি: সংগৃহীত

চীনে যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়া শক্তিশালী কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ সরবরাহ বন্ধ করেছে এনভিডিয়া। প্রতিষ্ঠানটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কোলেট ক্রেস নিজেই এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, এর ফলে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে চিপ রপ্তানি নিয়ে বিশেষ লাইসেন্সিং চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।

আয়ের হিসাবসংক্রান্ত এক সম্মেলনে ক্রেস জানান, গত ২৫ অক্টোবর শেষ হওয়া প্রান্তিকে চীনে লাইসেন্সপ্রাপ্ত হপার প্রজন্মের ডেটা সেন্টার পণ্য বিক্রি করে ২৪০ কোটি ডলার আয় করেছে এনভিডিয়া। তবে ভবিষ্যতে এসব চিপ সরবরাহের কোনো পরিকল্পনা আপাতত নেই।

ক্রেস বলেন, ‘আমাদের বর্তমান পূর্বাভাসে লাইসেন্সপ্রাপ্ত হপার ডেটা সেন্টার পণ্য অন্তর্ভুক্ত নেই। আমরা চীনে এসব পণ্যের সরবরাহ বন্ধ করেছি।’ কেন সরবরাহ বন্ধ করা হয়েছে কিংবা সিদ্ধান্তটি স্থায়ী কি না— এসব বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

হপার পরিবারের চিপগুলোর মধ্যে রয়েছে এইচ২০০, যা উন্নত এআই মডেল প্রশিক্ষণ ও পরিচালনায় ব্যবহৃত শক্তিশালী প্রসেসর। ২০২২ সালে এসব চিপ রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। পরে চীনের প্রবেশাধিকার আরও সীমিত করা হয়।

গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদিত চীনা গ্রাহকদের কাছে এইচ২০০ বিক্রির অনুমতি দেওয়ার কথা জানান। চলতি বছরের জানুয়ারিতে নিরাপত্তাসংক্রান্ত শর্ত সাপেক্ষে প্রতিটি আবেদন আলাদাভাবে পর্যালোচনার মাধ্যমে রপ্তানির সুযোগ দেয় ওয়াশিংটন।

এ সিদ্ধান্তের আগে কয়েক মাস ধরে চিপ বিক্রির অনুমতি পেতে তদবির করেছিলেন এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। গত সপ্তাহে পদত্যাগের পর তার স্থলাভিষিক্ত হন ক্রেস। হুয়াংয়ের বিরুদ্ধে এক চীনা গুপ্তচর ও এনভিডিয়ার দুই কর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠার বিষয়টিও তার পদত্যাগের প্রেক্ষাপটে আলোচনায় আসে।

এনভিডিয়ার জন্য তাইওয়ানের টিএসএমসি এইচ২০০ চিপ তৈরি করে। চীনে রপ্তানির বিশেষ ব্যবস্থায় শর্ত ছিল— যোগ্য চিপ যুক্তরাষ্ট্রে প্রবেশের পর চীনে পাঠানোর আগে সেগুলোর ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। রয়টার্সের আগের প্রতিবেদন অনুযায়ী, আলিবাবা, টেনসেন্ট ও টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সসহ চীনের ১০টি প্রতিষ্ঠানের কাছে এইচ২০০ বিক্রির অনুমোদন দিয়েছিল ওয়াশিংটন।

তবে যুক্তরাষ্ট্রের অনুমোদন থাকলেও চীনের বেইজিং সরকার বড় পরিসরে এইচ২০০ আমদানিতে বাধা দিয়েছে। নিজস্ব প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি এআই কম্পিউটিং সক্ষমতার ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে চাইছে দেশটি।

চলতি মাসের শুরুতে রয়টার্স জানায়, বেইজিং বড় পরিসরে আমদানির অনুমতি না দেওয়ায় প্রায় ছয় লাখ এইচ২০০ চিপ হংকংয়ে পড়ে রয়েছে। মূল ভূখণ্ড চীনে পাঠানোর অপেক্ষায় থাকা এসব চিপের চালান আটকে আছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে রয়টার্স আরও জানায়, সাম্প্রতিক মাসগুলোতে চীনের বেশ কয়েকটি বড় ইন্টারনেট প্রতিষ্ঠান প্রতিটি প্রায় ১০ হাজার করে এইচ২০০ চিপ সংগ্রহ করেছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad