আদালতের আদেশ /ভর্তি পরীক্ষা পেছাল বুয়েট, আপিল করবে ঢাবি

হাই কোর্টের নির্দেশনার পর ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। অন্যদিকে আদালতের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে আপিলের পাশাপাশি আপাতত পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি কার্যক্রম চালিয়ে যাওয়ার অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
বুধবার (১৮ নভেম্বর) বুয়েটের বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির প্রধান অধ্যাপক কামরুল হাসান নতুন পরীক্ষার তারিখ নির্ধারণের বিষয়টি জানান। তিনি বলেন, একাডেমিক কাউন্সিলে ভর্তি পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ১৬ জানুয়ারি পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল বুয়েট। সে অনুযায়ী, ২১ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সিদ্ধান্তের পর আবেদনের কার্যক্রম কবে শুরু হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি বলে জানান অধ্যাপক কামরুল।
এর আগে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন হাই কোর্ট। বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ এ আদেশ দেন। যারা এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন, তাদের এক মাসের মধ্যে পরীক্ষা নিয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে আদালত এই নির্দেশনা দিয়েছেন।
তবে হাই কোর্টের আদেশের পরও ঢাকা বিশ্ববিদ্যালয় এখনই ভর্তি পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে চায় না। বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে ১১ নভেম্বর, যা চলবে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত। অন্যদিকে ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর, শেষ হবে ২৬ ডিসেম্বর। পূর্বঘোষিত এই সূচি অনুযায়ীই আবেদন গ্রহণ ও ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। একই সঙ্গে তিনি আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আপিল করার কথাও জানান।
ভর্তি পরীক্ষা পেছাতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করে উপাচার্য বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় যদি ভর্তি পরীক্ষা পেছায় তাহলে সেশনজটের কবলে পড়বে। করোনাভাইরাসের সময় যে সেশনজট সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে প্রায় চার বছর লেগেছে। তাই আমরা ভর্তি পরীক্ষা পিছিয়ে আবার সেই সেশনজট সৃষ্টি করতে চাই না। দ্বিতীয়ত, আমাদের আবেদন করা শিক্ষার্থীদের সংখ্যা সিটের বিপরীতে অনেক বেশি। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মেধাবীদের আঁতুড়ঘর। এখন যারা এইচএসসিতে প্রথমবার উত্তীর্ণ হয়েছে বা স্ক্রুটিনির জন্য আবেদন করেছে, আমরা তাদের সুযোগ দিচ্ছি। কিন্তু যারা এক বা একাধিক বিষয়ে ফেইল করেছে, তাদের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের বসিয়ে রাখা কোনো সঠিক সিদ্ধান্ত না।”








-370437.jpg)




