নাশকতার মামলায় কারাগারে সাবেক প্রতিমন্ত্রী হিরুসহ ৩ জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৮: ৪১
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মশাল মিছিল ও নাশকতার অভিযোগে করা মামলায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর দুজন হলেন কাজী মোস্তাফিজুল ইসলাম মুক্ত ও ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে রাখার আবেদন জানিয়েছিল পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশের আবেদনে বলা হয়েছে, বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলাটি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে।

মামলার এজাহার অনুযায়ী, গত ৭ আগস্ট রাত ১২টা ২০ মিনিটের দিকে বনানী থানার স্টেডিয়ামের বিপরীত পাশের সড়কে মশাল হাতে মিছিল করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পুলিশের আবেদনে দাবি করা হয়েছে, ওই মিছিলে ১০০ থেকে ১২০ জন অংশ নেন। তাঁরা সরকারবিরোধী স্লোগান দিয়ে নাশকতার চেষ্টা করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন।

এ সময় সাতজনকে গ্রেপ্তার করা হয়, যাঁদের মধ্যে কয়েকজন অপ্রাপ্তবয়স্ক। পরে ঘটনাস্থল ও আশপাশ থেকে ৭০টি অর্ধপ্রজ্বলিত মশাল, একটি ব্যানার এবং ৭০টি কালো ফেসমাস্ক জব্দ করা হয়। ব্যানারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তির দাবি লেখা ছিল। তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার তিনজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় সদস্য।

তদন্ত কর্মকর্তার আবেদনে আরও দাবি করা হয়েছে, ব্যারিস্টার রানা তাজউদ্দিন খান বোমা তৈরিতে অর্থ সরবরাহ এবং সংগঠকের ভূমিকা পালন করেছেন। আসামিরা জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন এবং আত্মগোপনে যেতে পারেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও মামলার মূল রহস্য উদ্‌ঘাটনে প্রয়োজনে তাঁদের রিমান্ডে নেওয়ার প্রয়োজন হতে পারে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।

পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে হিরুকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-০১)। পরে তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। হিরু নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad