রাজধানীতে যানবাহনের গতিবেগ ৭ কিলোমিটার বেড়েছে: প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

রাজধানীতে যানবাহনের গড় গতিবেগ ঘণ্টায় প্রায় চার কিলোমিটার থেকে বেড়ে ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে (৭ কিলোমিটার বেড়েছে) বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হওয়ায় যানবাহনের চলাচলের গতি বেড়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য আবুল কালামের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এ পর্ব অনুষ্ঠিত হয়।

তারেক রহমান বলেন, আগে রাজধানীতে যানবাহনের গতিবেগ ছিল ঘণ্টায় মাত্র চার কিলোমিটার। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর নগরবাসীর যাতায়াত সহজ করতে রাজধানীর বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পলাতক স্বৈরাচারের সময় যানবাহনের গতি ঘণ্টায় চার কিলোমিটার ছিল। এখন তা বেড়ে প্রায় ১১ কিলোমিটারে দাঁড়িয়েছে। আগের তুলনায় পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে মেট্রোরেল ও মনোরেল নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা দেখেছি, বেশ কয়েকটি রুটে মেট্রোরেল চলছে। বাকিগুলোতে যাতে দ্রুত কাজ শেষ করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “শুধু তাই নয়, সাধারণ মানুষের যাতায়াতের আরো সুবিধার জন্য মনোরেলের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে চিন্তাভাবনা করছি।”

মনোরেলের সম্ভাব্য সুবিধা তুলে ধরে তারেক রহমান বলেন, “মনোরেলের বিষয়টি হচ্ছে যে মনোরেল ছোট ছোট জায়গার মধ্যেও যেতে পারে। …ছোট ছোট পাড়ার মধ্যে, যেমন: মোহাম্মদপুরের ভেতরের দিকে বলেন, ধানমন্ডির ভেতর দিকে বলেন, সেটি সবুজবাগের ভেতরের দিকে বলেন… মনোরেল যেতে পারবে।”

গত ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। কার্যউপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এই অধিবেশন বুধবার শেষ হয়। প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অধিবেশনের সমাপ্তি ঘটে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad