‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় হামলার অভিযোগ, বিচার দাবি ড. ইউনূসের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

চলতি নভেম্বর মাসে দেশের প্রায় ১০০টি শাখায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গ্রামীণ ব্যাংকে ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ এবং হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ড. ইউনূস এ অভিযোগ ও দাবি জানান। এর আগে গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং যানবাহন-ঘরবাড়ি-স্থাপনায় অগ্নিসংযোগের মধ্যে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখায় অগ্নিসংযোগ করা হয়েছে। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চট্টগ্রামের বাড়ির একাংশেও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে অধ্যাপক ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত।

চট্টগ্রামে নিজ বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে উল্লেখ করেন ড. ইউনূস। বলেন, ওই বাড়ি থেকেই তার কাজের সূচনা হয়েছিল, যা পরে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। বর্তমানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে সেখানে বসবাস করছেন।

গ্রামীণ ব্যাংকের ওপর ধারাবাহিক হামলার ঘটনাকে ‘উদ্বেগজনক ও মর্মান্তিক’ উল্লেখ করে ড. ইউনূস বলেন, দরিদ্র মানুষের, বিশেষ করে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংক বিশ্ব জুড়ে স্বীকৃত। ২০ বছর আগে প্রতিষ্ঠানটি নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল। এ বছর গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠার ৫০ বছর এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ২০ বছর উদযাপিত হচ্ছে।

বিবৃতিতে দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে গ্রামীণ ব্যাংকের এক কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী। ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি। ঋণগ্রহীতা দরিদ্র নারীদের ব্যাংকটির মালিক উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, ব্যাংকটির ওপর হামলা তাদের নিরাপত্তা, স্বাধীনতা ও সন্তানদের ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত।

অধ্যাপকব ইউনূস বলেন, নভেম্বরের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে। শুধু নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা হয়েছে। হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। হামলার ধরন দেখে মনে হয়, প্রতিদিন এ ধরনের হামলা চালানোর জন্য অপরাধীদের ওপরের মহল থেকে নির্দেশ দেওয়া হচ্ছে।

কিছু মানুষকে নির্দেশ দিয়ে তাদের দরিদ্র প্রতিবেশীদের মূল্যবান সম্পদ ধ্বংস করতে ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, এ ঘটনা বিশ্ববাসী হতবাক হয়ে দেখছে। এসব প্রতিবেশী হলেন সেই নারীরা, যারা নিজেদের ব্যবসা পরিচালনার জন্য গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এবং ব্যাংকের মুনাফার অংশ থেকে লভ্যাংশও পান।

বেশ কয়েকটি ঘটনায় গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন ড. ইউনূস। তার ভাষ্য, এসব হামলায় লাখ লাখ গ্রামীণ নারীর দৈনন্দিন জীবনে গভীর আতঙ্ক তৈরি হয়েছে। তাদের কাছে পরিবারের ভরণপোষণ, সন্তানদের শিক্ষা ও জীবনের নানা প্রয়োজন মেটানোর অপরিহার্য অবলম্বন গ্রামীণ ব্যাংক।

ড. ইউনূস বলেন, এই সহিংসতা শুধু গ্রামীণ ব্যাংকের মধ্যেই সীমাবদ্ধ নেই, একই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দেওয়া সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিএনপির তিন সংসদ সদস্যের বাড়ি ও তিনটি থানায়ও অগ্নিসংযোগ করা হয়েছে।

গ্রামীণ ব্যাংককে তার মালিকানাধীন প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন অধ্যাপক ইউনূস। বলেন, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা, বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর তিনি ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় সম্পৃক্ত নন। গ্রামীণ ব্যাংকের কোনো শেয়ারের মালিক তিনি নন, কখনো ছিলেনও না।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রামীণ ব্যাংক এক কোটি ১০ লাখ ‘মালিক’, কর্মকর্তা-কর্মচারী এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আরও জোরদার নিরাপত্তা চেয়েছে। দরিদ্র নারীদের জন্য ব্যাংকটির সেবা নির্বিঘ্নে চালু রাখতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রচলিত আইন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তাব্যবস্থা গ্রহণ জরুরি উল্লেখ করে ড. ইউনূস বলেন, যেসব স্থানে হামলার ঘটনা ঘটেছে, সেখানে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে প্রতিটি অপরাধীকে দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

গ্রামীণবিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গ্রামীণ ব্যাংকের ‘বন্ধু’দেরও চলমান ঘটনাপ্রবাহে ভূমিকা রাখার আহ্বান জানান ড. ইউনূস। যারা সর্বোচ্চ পর্যায়ে এসব হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফিরিয়ে আনতে ভূমিকা রাখার অনুরোধ জানান তিনি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad