সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়ল গাড়ি ও নথিপত্র

সিলেট প্রতিনিধি
আগুনে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ছবি: সংগৃহীত
আগুনে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ছবি: সংগৃহীত

সিলেট নগরীর উপশহর এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এক কর্মকর্তার ব্যবহৃত একটি গাড়ি পুড়ে গেছে।

শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের সিলেট জোনাল কার্যালয়ের জোনাল অফিসার আবুল হোসেন।

শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমদ বলেন, এ ঘটনায় জিডি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

ব্যাংকের জোনাল অফিসার আবুল হোসেন বলেন, ভোররাতে কার্যালয়ের পাহারাদার ফোন করে আগুন লাগার খবর দেন। পরে তিনি আরও তিনজনকে নিয়ে ঘটনাস্থলে গিয়ে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর সেখানে পৌঁছান ফায়ার সার্ভিসের কর্মীরা।

আবুল হোসেন বলেন, আগুনে ব্যাংকের কাগজপত্র ও একজন কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় সকালে শাহপরাণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ আশপাশের কয়েকটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

তিনি আরও বলেন, এর দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে আগুন দেওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। তবে সেটি ছিল গুজব। কিন্তু শনিবার রাতে অজ্ঞাত ব্যক্তিরা সত্যিই কার্যালয়ে আগুন দিয়েছে।

ফায়ার সার্ভিস সিলেট সদরের লিডার ক্ষিতিশ কুমার দাস বলেন, আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে গিয়ে দেখেন, ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাই আগুন নিয়ন্ত্রণে এনেছেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad