ইউপি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনব্যাপী এ সংলাপ অনুষ্ঠিত হতে পারে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপসহ নির্বাচনের আগের প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করার পরিকল্পনা রয়েছে কমিশনের।
ইসি কর্মকর্তারা জানান, আগামী ২৯ বা ৩০ নভেম্বর থেকে সংলাপ শুরু হতে পারে। প্রয়োজনে নভেম্বরের শেষ দিনেও তা শুরু করতে পারে কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হয়েছিল, সেগুলোর পাশাপাশি পরবর্তী সময়ে নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলের সঙ্গে তিন দিনের এই সংলাপ অনুষ্ঠিত হবে। এ ছাড়া পরবর্তী সময়ে যেসব দল নিবন্ধন পেয়েছে, তাদের সঙ্গেও আলোচনায় বসা হবে।
তিনি বলেন, ইউপি নির্বাচনের জন্য ইসির সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে ইউপি নির্বাচন হবে। ওই তারিখের কমবেশি ৪৫ দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনে যারা প্রার্থী হবেন, তাদের আচরণবিধি মেনে চলতে হবে। ভালো নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সমানভাবে প্রয়োজন। এই চারটি বিষয়ের ওপর সুষ্ঠু নির্বাচন নির্ভর করে বলে আমি মনে করি।
তিনি জানান, ইউপি নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় ও এলাকাভিত্তিক সভা হবে। নির্বাচন শুরু হলে মানুষ ভোটের দিকে ঝুঁকবে এবং উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের সিদ্ধান্ত এ মাসের মধ্যেই রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসতে হবে। আইনশৃঙ্খলা বিষয়েও একটি মিটিং হবে। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সব কিছু সম্পন্ন করা হবে। রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়তা চাওয়া হবে।
ইসি কর্মকর্তারা জানান, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২ ইউপিতে ভোট
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট গ্রহণ করা হবে। সম্প্রতি ইসির ওয়েবসাইটে কোন ইউনিয়ন পরিষদে কবে ভোট হবে, তার তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির সূচি অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোট গ্রহণ করা হবে।
গত ১৬ নভেম্বর কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, ইউপি নির্বাচন শুরুর আগে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করবে ইসি। নভেম্বরের শেষ ভাগ অথবা ডিসেম্বরের শুরুতে তিন দিনে নিবন্ধনের ক্রমিক অনুযায়ী দলগুলোকে আলোচনায় আমন্ত্রণ জানানো হবে। স্থানীয় সরকার নির্বাচন কীভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই দলগুলোর সঙ্গে আলোচনা হবে। বাসস।

















