গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের প্রশ্ন— ‘দরিদ্র মানুষের ব্যাংকে আগুন দিয়ে কার লাভ’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ব্যাংকটির পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে। কর্তৃপক্ষ বলছে, কোটি দরিদ্র মানুষের পুঁজির সংস্থান ও সঞ্চয়ের আস্থার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক সম্পর্কে সবার জানা প্রয়োজন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ১৯৭৬ সাল থেকে দরিদ্র জনগোষ্ঠীকে জামানতবিহীন পুঁজির ব্যবস্থা করে আসছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে কোটি নারী গ্রাহক অর্থনৈতিক মুক্তির পথ খুঁজে পেয়েছেন। পাশাপাশি দরিদ্র মানুষের সঞ্চয়ের একটি আস্থার ঠিকানা হিসেবেও পরিচিতি পেয়েছে গ্রামীণ ব্যাংক।

বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনব্যবস্থার বিষয়টিও তুলে ধরা হয়। এতে বলা হয়, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। ১৯৮৩ সালে অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত ব্যাংকটি বর্তমানে গ্রামীণ ব্যাংক আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। এর ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। পরিচালনা পর্ষদে ঋণগ্রহীতা সদস্যদের মধ্য থেকে নির্বাচিত নয়জন পরিচালক প্রতিনিধিত্ব করেন।

ঋণগ্রহীতাদের জন্য ব্যাংকটির বিভিন্ন সুবিধার কথাও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, কোনো ঋণগ্রহীতা সদস্য বা তাঁর স্বামীর মৃত্যু হলে সব ঋণ মওকুফ করা হয়। এ পর্যন্ত মৃত ঋণগ্রহীতাদের বকেয়া ঋণ বাবদ ২ হাজার ৬২ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করা হয়েছে। ঋণ পরিশোধ হয়ে গেলে ঋণের বিপরীতে জমা রাখা সঞ্চয়ের অর্থও ফেরত দেওয়া হয়।

সাম্প্রতিক অগ্নিসংযোগের বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ নভেম্বর দিবাগত রাতে রাজশাহী জোনের জামনগর বাগাতিপাড়া শাখা এবং পটুয়াখালী জোনের টিয়াখালী কলাপাড়া শাখায় আগুন দেওয়া হয়েছে। এ নিয়ে দেশের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে প্রশ্ন তোলা হয়, কোটি অসহায় মানুষের মূলধন সংস্থানের এই প্রতিষ্ঠানে আগুন দিয়ে কার কী সুবিধা? একই সঙ্গে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জানার চেষ্টা করার আহ্বান জানিয়ে বলা হয়, ‘গরিবের ব্যাংক পোড়ালে কার লাভ? মানবিক গ্রামীণ ব্যাংকের পাশে থাকুন।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad