অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের আগুন

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়ি ‘নিরিবিলি’র পরিত্যক্ত একটি অংশে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা, কেরোসিন বা অকটেনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ ঘটনায় জড়িত থাকতে পারেন।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বাড়িটিতে আগুন জ্বলা অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি পুলিশ।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, বিশাল বাড়িটির একাংশে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দুই ভাই পরিবার নিয়ে বসবাস করেন, অন্য অংশটি পরিত্যক্ত। সেখানে পরিবারের সদস্যদের যাতায়াত নেই ১০-১৫ বছর ধরে। সেই পরিত্যক্ত অংশেরই নিচতলার একটি কক্ষে কেরোসিন বা পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতরে আগুন দেখতে পান। পরে কেয়ারটেকারের সহায়তায় তারা আগুন নিভিয়ে ফেলেন। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি মোজাম্মেল হক বিবিসি বাংলাকে বলেন, যে অংশে আগুন দেওয়া হয়েছে সেখানে টিনের বেড়া আছে। পুলিশ মুভমেন্টে ছিল। পুলিশ আসার বিষয়টি টের পেয়ে (দুর্বৃত্তরা) চলে গেছে। পরে পুলিশ গিয়ে আগুন নিভিয়ে ফেলছে।
পুলিশ জানিয়েছে, আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে। পাশাপাশি বাড়িটির আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর কয়েক দিন চট্টগ্রামের আনোয়ারা ও সাতকানিয়ায় অধ্যাপক ইউনূসের গড়ে তোলা গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দেয় দুর্বৃত্তরা। দেশের আরও কয়েকটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে।













-b362f4-256x144.webp)


