টেকনাফে অভিযানের সময় নিহত সৈনিকের পরিবারের পাশে সেনাবাহিনী

কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চলাকালে নিহত সৈনিক মো. তিতাস শেখের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আর্থিক সহায়তার পাশাপাশি তার বসতবাড়ি সংস্কার ও তার স্ত্রীর কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে।
রোববার (২২ নভেম্বর) তিতাস শেখের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বার্তায় বলা হয়েছে, নিহত সৈনিক তিতাস শেখের পরিবারের আবাসন সুবিধার উন্নয়নে তার বসতবাড়ি সংস্কারের দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। এ ছাড়া নিহত সেনাসদস্যের স্ত্রীর আর্থিক স্বাবলম্বিতা ও পরিবারের দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তার উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থাও নেওয়া হয়েছে।
এর আগে গত ৫ নভেম্বর টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকায় সশস্ত্র মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনার সময় গুলিবিনিময়ে সৈনিক তিতাস শেখ নিহত হন।














