রূপপুর থেকে দ্বিতীয়বার জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু

পাবনা প্রতিনিধি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাজনীতি ডটকম ফাইল ছবি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। রাজনীতি ডটকম ফাইল ছবি

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। সোমবার সকাল ১০টা ২০ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এ দফায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে দেওয়া হবে। তবে এখনই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে না কেন্দ্রটি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক মো. কবীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো রূপপুর থেকে জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এর আগে গত মঙ্গলবার বেলা ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। পরে তা কমিয়ে ৩০০ মেগাওয়াট করা হয়। টানা ৮ ঘণ্টা ৩৪ মিনিট সরবরাহের পর পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়।

কেন্দ্রটির সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক সরবরাহের এ পর্যায়ে টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা যাচাই করা হবে। পাশাপাশি পারমাণবিক চুল্লিপাত্র, বিভিন্ন যন্ত্রপাতি এবং স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থার কার্যকারিতাও পরীক্ষা করা হবে। এসব পরীক্ষা চালাতে বিভিন্ন সময়ে কেন্দ্রটির উৎপাদন কমানো-বাড়ানো কিংবা সাময়িকভাবে বন্ধ রাখার প্রয়োজন হতে পারে।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও মানদণ্ড অনুসরণ করে ধাপে ধাপে উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, পরীক্ষামূলক পর্যায়ে জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন ও স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে না। কেন্দ্রটির উৎপাদন ওঠানামা ও সাময়িক বন্ধের সঙ্গে সমন্বয় করে গ্রিডের ভারসাম্য বজায় রাখবে গ্রিড পরিচালনার দায়িত্বে থাকা কোম্পানি পিজিসিবি। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মকর্তারাও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

উৎপাদন সক্ষমতা শতভাগে উন্নীত করতে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন নিতে হবে। এ জন্য পরীক্ষার ফলাফলসহ প্রতিবেদন কর্তৃপক্ষের কাছে জমা দেবে রূপপুর প্রকল্প কর্তৃপক্ষ। অনুমোদন পাওয়ার পর পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানোর কার্যক্রম চলবে। এ প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে।

কর্মকর্তারা জানান, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী, ১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা শেষ হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে। এর আগে বিভিন্ন ধাপে পরীক্ষা-নিরীক্ষা চলবে এবং সে অনুযায়ী গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ সমন্বয় করা হবে।

রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হয়েছে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে পরীক্ষা-নিরীক্ষা শেষে পূর্ণাঙ্গভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হলে।

এর আগে ২০২৩ সালের অক্টোবরে প্রকল্প এলাকায় পারমাণবিক জ্বালানি পৌঁছানোর পর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র। জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে পারমাণবিক শক্তির অধিকারী দেশের তালিকাতেও বাংলাদেশের নাম যুক্ত হয়।

দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করছে। আর কেন্দ্রটির পরিচালনার দায়িত্বে রয়েছে কমিশনের অধীন সরকারি প্রতিষ্ঠান নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)। রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট পাবনার রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট করে মোট দুটি ইউনিট নির্মাণ করছে।

প্রকল্পটির মেয়াদ প্রথমে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। পরে দুই দফায় বাড়িয়ে ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে। ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, মেয়াদ বাড়লেও প্রকল্পের ব্যয় বাড়ানোর সুযোগ নেই। তবে ডলারের দাম বৃদ্ধির কারণে প্রকল্পের ব্যয় ২৬ হাজার কোটি টাকা বেড়েছে। সব মিলিয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৬ কোটি টাকা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad