টিটন হত্যা মামলায় সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৫: ৩২
খন্দকার নাঈম আহমেদ টিটন (বাঁয়ে) এবং শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম (ডানে)। ছবি: কোলাজ
খন্দকার নাঈম আহমেদ টিটন (বাঁয়ে) এবং শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম (ডানে)। ছবি: কোলাজ

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) আকতার হোসেন আজ সোমবার বেলা দুইটার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। এদিকে বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর ইমিগ্রেশন পুলিশ সুইডেন আসলামকে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করেছে।

গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনের বটতলায় গুলি করে হত্যা করা হয় টিটনকে। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক। এ ঘটনায় টিটনের ভাই সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন।

ওই মামলায় আসামিদের নামের তালিকা ফাঁকা রাখা হলেও সন্দেহভাজন হিসেবে কয়েকজনের নাম উল্লেখ করা হয়। তাদের মধ্যে রয়েছেন শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল, শাহজাহান এবং রনি ওরফে ড্যাগারি রনি। এবার এ মামলায় সুইডেন আসলামকেও গ্রেপ্তার দেখানো হলো।

২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় দুই নম্বরে ছিল টিটনের নাম। হত্যাকাণ্ডের পর পুলিশ জানিয়েছিল, শীর্ষ সন্ত্রাসীদের মধ্যে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলাম নব্বইয়ের দশকে আলোচিত সন্ত্রাসীদের একজন। চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তার নামও ছিল।

আসলামের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলায়। তার বাবার নাম শেখ জিন্নাত আলী। ১৯৮৬ সালে রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজারে স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এরপর একের পর এক হত্যাকাণ্ডে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করেন তিনি। সেখান থেকে দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের তথ্য অনুযায়ী, হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলায় আদালত থেকে খালাস পেয়েছেন আসলাম। তবে এসব রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছেন। অস্ত্র আইনের দুটি মামলায় তার যাবজ্জীবন ও ১৭ বছরের কারাদণ্ড হয়েছিল। পরে উচ্চ আদালত থেকে এসব মামলায় অব্যাহতি পান তিনি।

পুলিশের নথিপত্র অনুযায়ী, গ্রেপ্তারের আগে আসলামের বিরুদ্ধে সর্বশেষ মামলা হয়েছিল তেজগাঁওয়ের যুবলীগ নেতা গালিব হত্যা ঘটনায়। ১৯৯৭ সালের ২৩ মার্চ গালিব খুন হন। এ ঘটনায় আসলামসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়। ১৯৯৮ সালের ৮ এপ্রিল পুলিশ এ মামলায় অভিযোগপত্র দেয়। মামলাটি বর্তমানে বিচারাধীন। এ মামলায় জামিন পেয়ে ২০২৪ সালের সেপ্টেম্বরে কারাগার থেকে মুক্তি পান আসলাম।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad