পাবনায় ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন

পাবনা প্রতিনিধি
রাতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন। ছবি: সংগৃহীত
রাতে গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রোল ঢেলে আগুন। ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে এ নাশকতামূলক ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

স্থানীয় ও ব্যাংক সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় এই হামলার ঘটনা ঘটে।

গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের সহকারী ব্যবস্থাপক (এজিএম) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত রাত ১২টা ৫০ মিনিটের দিকে একদল দুর্বৃত্ত ব্যাংক শাখা অফিসের সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা অফিসের থাইগ্লাসগুলো ভাঙচুর করে এবং যাওয়ার সময় ব্যাংকের সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন জ্বেলে পালিয়ে যায়। স্থানীয়দের দাবি, যাওয়ার সময় দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিল।

এ সময় ভেতরে অবস্থানরত নৈশপ্রহরী আব্দুল ওয়াবের চিৎকারে বাড়ির মালিক, অফিসের অন্যান্য স্টাফ ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এজিএম আসাদুজ্জামান আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আসায় ব্যাংকের কোনো গুরুত্বপূর্ণ কাগজপত্র বা মূল্যবান নথিপত্রের বড় ধরনের ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

ঘটনার বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘খবর পাওয়ার পরপরই রাতেই পুলিশের একটি টহল টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। সকালে পুলিশের আরেকটি দল গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।’

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad