বড় দুর্নীতির তদন্তে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান কমিশন: দুদক চেয়ারম্যান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান বলেছেন, বর্তমান কমিশন কাজে বিশ্বাসী। কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দুদককে আরও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করছে কমিশন। বড় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা ও তদন্তকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কমিশনের কর্মকর্তারা।

রোববার দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। সভায় দুদক চেয়ারম্যান বলেন, “দুর্নীতিমুক্ত দেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমান কমিশন কাজে বিশ্বাসী।” তিনি জানান, কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমে দুদকের কার্যকারিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দুদকের কমিশনার (তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, দেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। তার দাবি, আমদানি-রপ্তানির চালানপত্রে পণ্যের দাম কমবেশি দেখিয়ে প্রতিবছর প্রায় ১৬ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। বড় ধরনের দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, এসব দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তির সংখ্যা বেশি নয়।

জাহাঙ্গীর আলম খান বলেন, বর্তমান কমিশন বড় দুর্নীতির অভিযোগ অনুসন্ধান, মামলা ও তদন্তকে অগ্রাধিকার দিচ্ছে। দুদককে মানুষের আস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও জানান তিনি। অন্যদিকে, কমিশনার (অনুসন্ধান) মো. সাজ্জাদ হোসেন ভূইয়া বলেন, ব্যক্তিগত দুর্নীতির তুলনায় প্রাতিষ্ঠানিক দুর্নীতি রাষ্ট্রের কাঠামোকে বেশি দুর্বল করেছে। তার দাবি, দেশে প্রায় ৯৫ শতাংশ অর্থ পাচার হয় ক্লিয়ারিং হাউজের মাধ্যমে। করপোরেট প্রতিষ্ঠান ও ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন হয় বলেও মন্তব্য করেন তিনি।

কর্মকর্তাদের দুর্নীতিমুক্ত থাকার আহ্বান জানিয়ে সাজ্জাদ হোসেন বলেন, “আসাদ কমিশন দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে।” দুদক সচিব মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে সভায় কমিশনের মহাপরিচালক, পরিচালক ও উপপরিচালকরা অংশ নেন। সভাপতির বক্তব্যে সচিব জানান, বর্তমান কমিশন তিন মাসের মধ্যে নতুন সাংগঠনিক কাঠামো তৈরি করেছে। এ সময়ে এক হাজার ২৮টি নতুন পদ সৃষ্টি ও নতুন গ্রেডেশন তালিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মকর্তাদের দেশে-বিদেশে মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। এতে অনুসন্ধান, মামলা, তদন্ত ও দুর্নীতি প্রতিরোধের কাজের মান বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে দুই কমিশনার ও সচিবকে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন দুদক চেয়ারম্যান।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad