কপ-৩১ চুক্তি প্রত্যাখ্যান বহু দেশের, জীবাশ্ম জ্বালানি প্রশ্নে ভেস্তে গেল সমাঝোতা

জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার না থাকায় শেষ পর্যন্ত ভেস্তে গেছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এর মূল সমঝোতা। তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি করা চূড়ান্ত খসড়া চুক্তি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য, পানামা, নরওয়ে, মার্শাল দ্বীপপুঞ্জসহ বেশ কয়েকটি দেশ। তাদের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানির কথা উল্লেখ না করে তৈরি করা কোনো চুক্তি বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারবে না।
দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, দুই সপ্তাহের বেশি সময় ধরে আলোচনার পরও কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো, জলবায়ু অর্থায়ন এবং কার্বন অপসারণ প্রযুক্তির ব্যবহার নিয়ে দেশগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হয়নি। নির্ধারিত সময় শুক্রবার (২০ নভেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও আলোচনা গড়ায় রোববার (২২ নভেম্বর) পর্যন্ত।
দুদিন অতিরিক্ত সময় নিয়েও সমঝোতায় পৌঁছাতে না পারায় শেষ পর্যন্ত সম্মেলনের মূল রাজনৈতিক ঘোষণাটি গ্রহণ করা সম্ভব হয়নি। জলবায়ু সম্মেলনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলা কপ বৈঠক।
রোববার তুরস্কের আন্তালিয়ায় সম্মেলনের সমাপনী অধিবেশনে কপ-৩১-এর সভাপতি ও তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম স্বীকার করেন, প্রস্তাবিত খসড়া নিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐকমত্য নেই। এ অবস্থায় নতুন কোনো খসড়া প্রকাশ করা হবে না বলেও জানান তিনি।
কুরুম বলেন, ‘আমাদের আর কিছু করার নেই। আমরা যা সম্ভব ছিল, সবই করেছি। এখন থেকে আর কোনো নতুন পাঠ সামনে আনা হবে না।’
পরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের বক্তব্য চলার মধ্যেই মঞ্চ ছেড়ে চলে যান তিনি। অস্ট্রেলিয়ার কপ-৩১ আলোচনাবিষয়ক সভাপতি ক্রিস বোয়েনও সমঝোতা না হওয়াকে ‘অত্যন্ত হতাশাজনক’ বলে অভিহিত করেন। তার মতে, জীবাশ্ম জ্বালানি এবং জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধই শেষ পর্যন্ত চুক্তির পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে।
জাতিসংঘের জলবায়ু আলোচনায় সর্বশেষ ২০০৯ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সর্বসম্মত কোনো চুক্তি গ্রহণ করা সম্ভব হয়নি। দীর্ঘ ১৭ বছর পর আবারও এমন পরিস্থিতির মুখে পড়ল বৈশ্বিক জলবায়ু কূটনীতি।

জীবাশ্ম জ্বালানি নিয়ে অনড় ইউরোপ
সমঝোতা ভেস্তে যাওয়ার কেন্দ্রীয় কারণ ছিল চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো স্পষ্ট অঙ্গীকার না থাকা। কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ বাড়ছে এবং পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই এসব জ্বালানির ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন।
গত কয়েকটি জলবায়ু সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে পর্যায়ক্রমে সরে আসার বিষয়ে আলোচনা হলেও এবার সেই লক্ষ্যকে আরও স্পষ্টভাবে চুক্তিতে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল ১৩০টির বেশি দেশ। কিন্তু আন্তালিয়ায় তুরস্ক ও অস্ট্রেলিয়ার তৈরি করা খসড়ায় সেই দাবি প্রতিফলিত হয়নি।
ইইউয়ের পক্ষে বক্তব্য দিতে গিয়ে আয়ারল্যান্ডের পরিবেশমন্ত্রী ডারাগ ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তি বর্তমান সময়ের জলবায়ু সংকটের গুরুত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অথচ চুক্তিতে এর কোনো উল্লেখ নেই। এমন একটি সিদ্ধান্তে ইইউ সমর্থন দিতে পারে না।
ও’ব্রায়েন বলেন, ‘জীবাশ্ম জ্বালানির কোনো উল্লেখ নেই, সেগুলো থেকে সরে আসার কোনো কথাও নেই— এমন একটি জলবায়ু চুক্তি গ্রহণ করা অগ্রহণযোগ্য।’
তার বক্তব্যের পর সম্মেলনকক্ষে উপস্থিত প্রতিনিধিদের একাংশ করতালি দিয়ে সমর্থন জানান। পরে পানামা, মার্শাল দ্বীপপুঞ্জ ও নরওয়ের প্রতিনিধিরাও খসড়ার বিরোধিতা করেন।
ইইউয়ের আপত্তির মূল বিষয় শুধু জীবাশ্ম জ্বালানির উল্লেখ না থাকা নয়, তাদের আশঙ্কা— কার্বন অপসারণ ও সংরক্ষণ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে তেল ও গ্যাস উৎপাদন অব্যাহত রাখার সুযোগ তৈরি হতে পারে। অর্থাৎ নির্গমন কমানোর বদলে ভবিষ্যতে প্রযুক্তির মাধ্যমে বায়ুমণ্ডল থেকে কার্বন সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার চালিয়ে যাওয়ার যুক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে।
ইইউয়ের প্রতিনিধিরা এ ধরনের অবস্থানকে ‘গ্রিনওয়াশিং’ হিসেবে অভিহিত করেছেন। তাদের বক্তব্য, জলবায়ু সংকট মোকাবিলায় প্রযুক্তির ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও সেটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিকল্প হতে পারে না।
বেলজিয়ামের জলবায়ুমন্ত্রী জ্যঁ-লুক ক্রুক বলেন, চুক্তি না হওয়া হতাশাজনক হলেও প্রয়োজনের সময় আপত্তি জানানোর সাহস দেখানো জরুরি। তার ভাষায়, এটি বহুপাক্ষিক সহযোগিতার সমাপ্তি নয়, বরং ভুল সিদ্ধান্তে সম্মতি না দেওয়ার একটি দৃষ্টান্ত।
সৌদি আরবের আপত্তি ও তেল উৎপাদনকারী দেশগুলোর চাপ
সম্মেলনের পর্যবেক্ষকদের মতে, সৌদি আরবসহ বড় তেল উৎপাদনকারী দেশগুলো চূড়ান্ত খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট উল্লেখ না রাখার জন্য জোরালো প্রচেষ্টা চালিয়েছে। এসব দেশের আপত্তির কারণে আলোচনায় শুরু থেকেই অচলাবস্থা তৈরি হয়।
সৌদি আরবের নেতৃত্বাধীন তেল উৎপাদনকারী দেশগুলোর অবস্থান ছিল, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শুধু জ্বালানির উৎস পরিবর্তনের ওপর নির্ভর না করে প্রযুক্তিগত সমাধানের দিকেও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে কার্বন অপসারণ ও কার্বন ধারণ এবং সংরক্ষণ প্রযুক্তির (সিসিএস) ব্যবহার বাড়ানোর পক্ষে তারা অবস্থান নেয়।
প্রস্তাবিত আন্তালিয়া চুক্তিতে কার্বন অপসারণ প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করার কথা বলা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল বায়ুমণ্ডলে অতিরিক্ত জমে থাকা কার্বন ডাই-অক্সাইড সরিয়ে নিয়ে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির মাত্রা কমিয়ে আনা। বিজ্ঞানীরাও মনে করেন, গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ দ্রুত কমানোর পাশাপাশি কার্বন অপসারণ প্রযুক্তি ভবিষ্যতে জলবায়ু সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে পরিবেশবাদী সংগঠনগুলোর আপত্তি, এই প্রযুক্তিকে জীবাশ্ম জ্বালানির ব্যবহার অব্যাহত রাখার অনুমতি হিসেবে দেখা হচ্ছে। তাদের আশঙ্কা, তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো নির্গমন কমানোর পরিবর্তে ভবিষ্যতে কার্বন অপসারণের প্রযুক্তির ওপর নির্ভর করার প্রতিশ্রুতি দিয়ে বর্তমান উৎপাদন বাড়ানোর সুযোগ পাবে।
সমাপনী অধিবেশনে সৌদি প্রতিনিধিদলের একজন প্রতিনিধি কার্বন অপসারণ প্রযুক্তির অন্তর্ভুক্তি নিয়ে আপত্তির সমালোচনা করেন। তার বক্তব্য, এই প্রযুক্তি জলবায়ু সংকট মোকাবিলায় একটি বাস্তবসম্মত সমাধান দিতে পারে। অথচ সেটির বিরোধিতা করা হচ্ছে।
অন্যদিকে আফ্রিকান দেশগুলোর জোট, চীন ও পাকিস্তান প্রস্তাবিত খসড়ার বিরোধিতা করেনি। যদিও এসব পক্ষের কয়েকটিরও চুক্তির বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি ও সংরক্ষণ ছিল।
জলবায়ু অর্থায়ন নিয়েও বিরোধ
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন ছিল আলোচনার আরেকটি বড় অমীমাংসিত বিষয়। জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী উন্নত দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থ সহায়তা দিতে হবে— এ দাবিতে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে উন্নয়নশীল দেশগুলোকে বন্যা, খরা, ঘূর্ণিঝড়, তাপপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে। এসব ক্ষতি সামাল দিতে অবকাঠামো নির্মাণ, কৃষি ব্যবস্থার পরিবর্তন, পানি ব্যবস্থাপনা এবং দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে বিপুল অর্থ প্রয়োজন।
কিন্তু দরিদ্র দেশগুলোর অভিযোগ, উন্নত দেশগুলো প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত অর্থ দিচ্ছে না। আন্তালিয়ায় প্রস্তাবিত খসড়ায় জলবায়ু অভিযোজনের জন্য অর্থায়ন তিন গুণ বাড়ানোর কথা বলা হলেও কোন ভিত্তি থেকে এই বৃদ্ধি হিসাব করা হবে, তা স্পষ্ট করা হয়নি।
ফলে উন্নয়নশীল দেশগুলো প্রস্তাবটিকে অপর্যাপ্ত বলে সমালোচনা করে। তাদের দাবি, শুধু অর্থায়ন বাড়ানোর প্রতিশ্রুতি দিলেই হবে না; কত অর্থ, কোন সময়ের মধ্যে এবং কোন উৎস থেকে দেওয়া হবে, তা নির্দিষ্ট করতে হবে।
আফ্রিকার দেশগুলোর প্রতিনিধিরাও এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। সম্মেলনের শেষ পর্যায়ে শুক্রবার আফ্রিকান মন্ত্রীরা যৌথভাবে বলেন, তারা এখানে ভিক্ষা চাইতে আসেননি। তাদের বক্তব্য ছিল, জলবায়ু সংকটের জন্য সবচেয়ে কম দায়ী দেশগুলোই এর সবচেয়ে বড় ক্ষতির শিকার হচ্ছে। অথচ ক্ষতি মোকাবিলায় প্রয়োজনীয় সহায়তা পাওয়ার ক্ষেত্রে তাদের দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হচ্ছে।
বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রস্তাবেও বিতর্ক
খসড়া চুক্তিতে তুরস্কের পক্ষ থেকে ২০৩৫ সালের মধ্যে বিশ্বে মোট চূড়ান্ত জ্বালানি ব্যবহারের মধ্যে বিদ্যুতের অংশ ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করার একটি লক্ষ্য প্রস্তাব করা হয়েছিল।
এই প্রস্তাবের পক্ষে থাকা দেশগুলোর যুক্তি, বিদ্যুতের ব্যবহার বাড়লে পরিবহন, শিল্প ও গৃহস্থালিতে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো সম্ভব হবে। বিশেষ করে তেলচালিত গাড়ির পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি, গ্যাস বা কয়লাভিত্তিক তাপ উৎপাদনের পরিবর্তে বিদ্যুৎচালিত প্রযুক্তি ও শিল্পকারখানায় পরিচ্ছন্ন বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে কার্বন নিঃসরণ কমতে পারে।
কিন্তু এ প্রস্তাব নিয়েও আপত্তি ছিল। সমালোচকদের আশঙ্কা, উন্নয়নশীল দেশগুলোকে প্রয়োজনীয় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা না দিয়ে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্য চাপিয়ে দিলে তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা তৈরি হবে। বিশেষ করে বিদ্যুৎ উৎপাদন যদি জীবাশ্ম জ্বালানিনির্ভর থাকে, তাহলে শুধু বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে জলবায়ু সংকট মোকাবিলা সম্ভব হবে না।
ফলে বিদ্যুতের ব্যবহার বাড়ানোর লক্ষ্যটি আপাতদৃষ্টিতে জ্বালানি রূপান্তরের একটি উদ্যোগ হলেও অর্থায়ন ও জ্বালানির উৎস নিয়ে মতবিরোধের কারণে সেটিও ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখতে পারেনি।
১.৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্যও এখন বড় চ্যালেঞ্জ
এবারের কপ সম্মেলনের গুরুত্ব ছিল আরও বেশি। কারণ, জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা গত অক্টোবরে জানিয়েছে, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির হার শেষ পর্যন্ত ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে যাচ্ছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বিশ্বের দেশগুলো শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার চেষ্টা করার অঙ্গীকার করেছিল।
বিজ্ঞানীদের মতে, এই সীমা অতিক্রম করলে তাপপ্রবাহ, খরা, বন্যা, দাবানল, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন চরম আবহাওয়াজনিত দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে। একই সঙ্গে হিমবাহ গলে যাওয়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং জীববৈচিত্র্যের ক্ষতির মতো দীর্ঘমেয়াদি বিপর্যয় তীব্র হতে পারে।
আন্তালিয়ায় প্রস্তাবিত চুক্তিতে ১.৫ ডিগ্রির সীমা অতিক্রমের পরিস্থিতিকে স্বীকার করে এই অতিরিক্ত উষ্ণতা যতটা সম্ভব কমিয়ে আনার কথা বলা হয়েছিল। পাশাপাশি কার্বন অপসারণ প্রযুক্তির উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার না থাকায় সমালোচকেরা মনে করেন, এ ধরনের প্রতিশ্রুতি বাস্তব নিঃসরণ কমানোর জন্য যথেষ্ট নয়।
জলবায়ু বিশ্লেষণবিষয়ক সংস্থা ক্লাইমেট অ্যানালিটিকসের প্রধান নির্বাহী বিল হেয়ার বলেন, এই পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। দেশগুলো জীবাশ্ম জ্বালানির স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে আপত্তি জানাচ্ছে। তার মতে, এই বিরোধ জলবায়ু আলোচনায় নতুন একটি সীমারেখা তৈরি করেছে।
জলবায়ু সম্মেলনের নেতৃত্ব নিয়েও প্রশ্ন
আলোচনার শেষ পর্যায়ে সম্মেলনের যৌথ সভাপতিত্ব ও নেতৃত্ব নিয়েও সমালোচনা ওঠে। দীর্ঘ সময় ধরে অচলাবস্থা চললেও তুরস্ক ও অস্ট্রেলিয়ার সভাপতিত্বকারী পক্ষগুলো দেশগুলোর মধ্যে সমঝোতা তৈরিতে কার্যকর নেতৃত্ব দিতে পারেনি বলে অভিযোগ করেন কয়েকজন অংশগ্রহণকারী।
আয়ারল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট ও জাতিসংঘের সাবেক জলবায়ুবিষয়ক দূত মেরি রবিনসন বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় তৎপরতার ঘাটতি তাকে হতাশ করেছে। তার মতে, সম্মেলনের সভাপতিদের কাছ থেকে আরও দৃঢ় নেতৃত্ব প্রত্যাশিত ছিল।
অন্যদিকে জলবায়ু বিষয়ক গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদোও সম্মেলনের সমালোচনা করেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন খসড়া প্রত্যাখ্যান করলেও জলবায়ু আলোচনার বর্তমান অচলাবস্থার জন্য ধনী দেশগুলোরও দায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ ফসলহানি, বাড়িঘর ধ্বংস ও ঋণের বোঝা বৃদ্ধির মুখে পড়ছে, তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে না।
তার অভিযোগ, ধনী দেশগুলোর দায় এড়িয়ে যাওয়ার প্রবণতা উন্নয়নশীল দেশগুলোকে আরও বিপদের মধ্যে ফেলছে।
সম্মেলনে অংশ নেওয়া নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনও এবারের কপকে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ সম্মেলনগুলোর একটি বলে সমালোচনা করেছে। তাদের মতে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির গতি এবং চরম আবহাওয়ার ক্ষয়ক্ষতি যেভাবে বাড়ছে, সেই তুলনায় আন্তর্জাতিক আলোচনার অগ্রগতি অত্যন্ত ধীর।
চুক্তি না হলেও আগের অঙ্গীকার বহাল
কপ-৩১-এর মূল রাজনৈতিক ঘোষণায় ঐকমত্য না হওয়ায় জলবায়ু মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে এটি বড় ধাক্কা। তবে এর অর্থ এই নয় যে জাতিসংঘের আগের জলবায়ু সম্মেলনগুলোতে গৃহীত সব সিদ্ধান্ত বাতিল হয়ে গেছে কিংবা দেশগুলোর আইনি ও রাজনৈতিক দায়িত্ব শেষ হয়ে গেছে।
কপ-৩১-এ মূল চুক্তি গ্রহণ করা সম্ভব না হলেও সংশ্লিষ্ট কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উচ্চ কার্বন নিঃসরণকারী শিল্প থেকে পরিচ্ছন্ন অর্থনীতিতে রূপান্তরের সময় শ্রমিকদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করার ‘জাস্ট ট্রানজিশন’ বা ন্যায়সঙ্গত রূপান্তরবিষয়ক সিদ্ধান্ত।
প্যারিস চুক্তিসহ আগের সম্মেলনগুলোতে গৃহীত সিদ্ধান্ত এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার বিদ্যমান আইনি ও কারিগরি কাঠামোও বহাল রয়েছে। ফলে আন্তালিয়ায় রাজনৈতিক সমঝোতা ব্যর্থ হলেও বহুপক্ষীয় জলবায়ু সহযোগিতার সব পথ বন্ধ হয়ে যায়নি।
তবে এবারের সম্মেলনের ব্যর্থতা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে এনেছে। বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের পথে থাকলেও দেশগুলো এখনো জীবাশ্ম জ্বালানি, অর্থায়ন এবং জ্বালানি রূপান্তরের দায়িত্ব ভাগাভাগি নিয়ে একমত হতে পারছে না।
একদিকে তেল উৎপাদনকারী দেশগুলো কার্বন অপসারণের মতো প্রযুক্তিগত সমাধানকে গুরুত্ব দিচ্ছে, অন্যদিকে ইউরোপীয় দেশ ও জলবায়ু ঝুঁকিতে থাকা রাষ্ট্রগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর সরাসরি অঙ্গীকার চাইছে। উন্নয়নশীল দেশগুলো আবার অর্থায়নের নিশ্চয়তা ছাড়া নতুন লক্ষ্য গ্রহণে অনাগ্রহী।
ফলে কপ-৩১-এর অচলাবস্থা শুধু একটি সম্মেলনের ব্যর্থতা নয়, বরং জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের দেশগুলোর মধ্যে দায়িত্ব, অর্থ ও জ্বালানি রূপান্তরের পথ নিয়ে গভীর রাজনৈতিক বিভাজনেরও প্রকাশ। বৈশ্বিক উষ্ণতা বাড়তে থাকলেও সেই সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ঐকমত্য তৈরি করা যে ক্রমেই কঠিন হয়ে উঠছে, আন্তালিয়ার সম্মেলন শেষ পর্যন্ত তারই প্রমাণ হয়ে থাকল।
সূত্র: রয়টার্স ও দ্য গার্ডিয়ান


























