ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই দিন ভারী বৃষ্টিপাত হতে পারে ৫ বিভাগে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকার রাজপথে বৃষ্টিপাত। ছবি: সংগৃহীত
ঢাকার রাজপথে বৃষ্টিপাত। ছবি: সংগৃহীত

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে প্রবল ঘূর্ণিঝড় আকভান। দেশের সমুদ্রবন্দরগুলো থেকে এখনো হাজার কিলোমিটার দূরে এর অবস্থান। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের পাঁচ বিভাগেই আগামী দুই দিন ভারী বৃষ্টিপাত হতে পারে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

২৪ ঘণ্টা সময়ের মধ্যে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টিপাত এবং ২৪ ঘণ্টায় ৮৯ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত বলা হয়। আগামী ৪৮ ঘণ্টায় পাঁচ বিভাগে এমন বৃষ্টিপাতের আভাসই দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড়ের প্রভাবে অবশ্য গতকাল বুধবারই (১৮ নভেম্বর) বৃষ্টিপাত শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে রাঙ্গামাটিতে। এ ছাড়া কুতুবদিয়ায় ১৪ মিলিমিটার, হাতিয়ায় ১২ মিলিমিটার, কক্সবাজারে ১১ মিলিমিটার এবং বান্দরবান ও রামগতিতে ১০ মিলিমিটার করে বৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানসহ বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের বিভিন্ন স্থানেও বৃষ্টি শুরু হওয়ার তথ্য পাওয়া গেছে।

বৃষ্টিপাত শুরু হলেও ঘূর্ণিঝড় আকভান এখনো দেশের চার সমুদ্রবন্দর থেকে হাজারের বেশি কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস, এটি আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দুপুর নাগাদ ভারতের অন্ধ্র ও উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর আগে গত মাসের শেষ সপ্তাহ থেকে এ মাসের প্রথম সপ্তাহে আরও দুটি ঘূর্ণিঝড় একই এলাকায় আঘাত হেনেছিল।

বাংলদেশ উপকূলের দিকে গতিপথ না থাকলেও প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল রয়েছে। ফলে সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকা দিয়ে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে দেশের চার সমুদ্রবন্দরকেই ৩ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad