জীবাশ্ম জ্বালানি বাদ দিয়ে চুক্তি নয়— ইউরোপ-পানামা অনড়, কপ৩১-এ অচলাবস্থা

জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট অঙ্গীকার ছাড়া জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর চূড়ান্ত চুক্তি মেনে নিতে রাজি নয় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পানামাসহ বেশ কয়েকটি দেশ। তবে সৌদি আরবসহ তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলোর আপত্তিতে সর্বশেষ খসড়া থেকে কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমানো বা বন্ধের কোনো উল্লেখ রাখা হয়নি। জলবায়ু অভিযোজনের অর্থায়ন ও উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক সহায়তা নিয়েও সমঝোতা না হওয়ায় নির্ধারিত সময়ের পরও শনিবার তুরস্কের আন্তালিয়ায় আলোচনা চলেছে। ফলে সম্মেলনের চূড়ান্ত চুক্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) দুই সপ্তাহব্যাপী সম্মেলন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু প্রায় ২০০ দেশের প্রতিনিধিদের মধ্যে মতপার্থক্য কাটেনি। এ কারণে আলোচনা অতিরিক্ত দিনে গড়িয়েছে। শনিবার সকাল পর্যন্ত নতুন কোনো সমঝোতার খসড়া প্রকাশিত হয়নি। বৃহস্পতিবার প্রকাশিত দ্বিতীয় খসড়াটিই আলোচনার ভিত্তি হিসেবে রয়েছে। এতে আগের খসড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাদ পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দ্বিতীয় খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনো উল্লেখ রাখা হয়নি। সৌদি আরবসহ কয়েকটি তেল ও গ্যাস উৎপাদনকারী দেশের আপত্তির পর এ পরিবর্তন আনা হয়। এতে ইউরোপীয় ইউনিয়ন, পানামা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। কয়লা, তেল ও গ্যাসের মতো কার্বন নিঃসরণের প্রধান উৎসের বিষয়ে কোনো অঙ্গীকার ছাড়াই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে কি না, সে প্রশ্ন তুলেছে তারা।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো বলেছেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ নেই— এমন কোনো চূড়ান্ত দলিল গ্রহণযোগ্য হতে পারে না। সম্মেলনের সভাপতিদের কাছে পাঠানো এক চিঠিতে তিনি আট দফা দাবি জানিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে তেল উৎপাদনে সীমা আরোপ, আলোচনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জলবায়ু বিষয়ে আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নের কার্যকর ব্যবস্থা। এসব দাবি পূরণ না হলে চূড়ান্ত সমঝোতা আটকে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

জলবায়ু ও খাত নিয়ে গবেষণাভিত্তিক ব্রিটিশ সংবাদমাধ্যম কার্বন ব্রিফের প্রতিবেদন অনুযায়ী, অন্তত ২৩টি দেশ খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির প্রসঙ্গ বাদ দেওয়ার বিরোধিতা করেছে। এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ইইউও। আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিরা সৌদি আরবের কার্বন ক্যাপচার প্রযুক্তির পক্ষে যুক্তির বদলে জীবাশ্ম জ্বালানি নিয়ে স্পষ্ট অঙ্গীকারের দাবি তুলেছেন। তবে বিদ্যুতায়ন ও উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের অর্থায়নের পদ্ধতি নিয়ে কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছে ইইউ।
অর্থায়ন নিয়ে অনিশ্চয়তা
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন নিয়েও বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত খসড়া থেকে উন্নয়নশীল দেশগুলোর অভিযোজন কার্যক্রমে অর্থায়ন তিন গুণ বাড়িয়ে ২০৩৫ সালের মধ্যে ১২০ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব বাদ দেওয়া হয়েছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য এ অর্থায়ন গুরুত্বপূর্ণ।
উন্নত দেশগুলো ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে বছরে ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নের পদ্ধতি নিয়েও মতবিরোধ রয়েছে। উন্নয়নশীল দেশগুলোর দাবি, শুধু নতুন প্রতিশ্রুতি দিলেই হবে না; অর্থ কোথা থেকে আসবে, কীভাবে দেওয়া হবে এবং তা কতটা সহজে পাওয়া যাবে— চূড়ান্ত সিদ্ধান্তে এসব বিষয়ও স্পষ্ট করতে হবে। কিন্তু অর্থায়নবিষয়ক পৃথক আলোচনার খসড়ায় এসব ক্ষেত্রে সুনির্দিষ্ট অগ্রগতি নেই। ভবিষ্যতে আলোচনা চালিয়ে যাওয়ার মতো প্রক্রিয়াগত প্রস্তাবেই তা সীমিত রয়েছে।
কার্বন ক্যাপচার নিয়েও মতবিরোধ
কার্বন ক্যাপচার প্রযুক্তি নিয়েও সম্মেলনে বিতর্ক তীব্র হয়েছে। এ প্রযুক্তিতে শিল্পকারখানা ও জ্বালানি উৎপাদনকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ বা ব্যবহার করা হয়। সর্বশেষ খসড়ায় এ ধরনের প্রযুক্তির ব্যবহার দ্রুত বাড়ানোর কথা বলা হয়েছে।

তবে উগান্ডাসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা আশঙ্কা করছেন, কার্বন ক্যাপচারের ওপর অতিরিক্ত নির্ভরতা তেল-গ্যাস উৎপাদন অব্যাহত রাখার অজুহাত তৈরি করতে পারে। তাদের যুক্তি, বৃহৎ পরিসরে এ প্রযুক্তি এখনো ব্যয়বহুল এবং এর কার্যকারিতা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
উগান্ডার জলবায়ু ও কার্বন বাজারবিষয়ক কমিশনার বব নাতিফু বলেন, উন্নত দেশগুলো কার্বন ক্যাপচার প্রযুক্তির কথা বলে তেল ও গ্যাস উৎপাদন চালিয়ে যেতে পারে, অথচ উন্নয়নশীল দেশগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বড় দায়িত্ব নিতে হচ্ছে। তার মতে, এ ধরনের ভারসাম্যহীনতা গ্রহণযোগ্য নয়।
অন্যদিকে খসড়ায় ২০৩৫ সালের মধ্যে বিশ্বের মোট চূড়ান্ত জ্বালানি চাহিদার ৩৫ শতাংশ বিদ্যুৎ দিয়ে পূরণের লক্ষ্য রাখা হয়েছে। তবে এটি বাধ্যতামূলক অঙ্গীকার নয়; বিভিন্ন দেশের জন্য ঐচ্ছিক পদক্ষেপ হিসেবে রাখা হয়েছে। কার্বন ব্রিফের তথ্য অনুযায়ী, প্রায় ৯০টি দেশ এ লক্ষ্যকে সমর্থন করছে। তবে অর্থায়ন ও বাস্তবায়ন সক্ষমতা নিয়ে উন্নয়নশীল দেশগুলোর উদ্বেগ রয়েছে।
জলবায়ু অভিযোজনের বৈশ্বিক লক্ষ্য এবং ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়েও এখনো সমঝোতা হয়নি। উন্নয়নশীল দেশগুলোর বক্তব্য, জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার ক্ষেত্রে তাদের অর্থনৈতিক বাস্তবতা, উন্নয়নের প্রয়োজন ও বিকল্প জ্বালানির সক্ষমতা বিবেচনায় নিতে হবে। শুধু নিঃসরণ কমানোর লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, সেই পরিবর্তনের ব্যয় বহনের দায়িত্বও ধনী দেশগুলোকে নিতে হবে।
তাপমাত্রা ১.৫ ডিগ্রির লক্ষ্য নিয়ে উদ্বেগ
এবারের কপ সম্মেলন এমন এক সময়ে হচ্ছে, যখন প্যারিস জলবায়ু চুক্তির গুরুত্বপূর্ণ লক্ষ্যটি বড় চ্যালেঞ্জের মুখে। ২০১৫ সালের ওই চুক্তিতে শিল্পায়ন-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং সম্ভব হলে ১.৫ ডিগ্রির মধ্যে সীমিত রাখার চেষ্টা চালানোর অঙ্গীকার করেছিল দেশগুলো। তবে গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব ইতিমধ্যে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রমের পথে রয়েছে।
কপ৩১-এর খসড়াতেও এ সীমা অতিক্রমের আশঙ্কার কথা স্বীকার করা হয়েছে। পাশাপাশি বায়ুমণ্ডল থেকে গ্রিনহাউজ গ্যাস অপসারণের প্রযুক্তি দ্রুত ব্যবহারের কথা বলা হয়েছে। তবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর স্পষ্ট পথনির্দেশনা না থাকলে শুধু প্রযুক্তিনির্ভর সমাধান জলবায়ু সংকট মোকাবিলায় কতটা কার্যকর হবে, তা নিয়ে সংশয় রয়েছে।
যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিও আলোচনায় প্রভাব ফেলছে
এবারের সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিও আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশটি টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে অংশ নিচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে অতীতে ‘ধোঁকাবাজি’ বলে অভিহিত করেছেন এবং তার প্রশাসন জলবায়ু সহযোগিতা থেকে সরে এসেছে। ফলে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ও নিঃসরণ কমানোর আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই।
এদিকে জলবায়ু আন্দোলনকর্মী ও পরিবেশবাদী সংগঠনগুলো সম্মেলনের সভাপতিত্বকারী তুরস্ক ও প্রধান আলোচক অস্ট্রেলিয়ার ওপরও চাপ বাড়িয়েছে। তাদের অভিযোগ, সর্বশেষ খসড়ায় জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষার বদলে জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো সম্মেলনটিকে ইতিহাসের সবচেয়ে হতাশাজনক কপ সম্মেলনগুলোর একটি বলে মন্তব্য করেছেন।
তবে আলোচনার দায়িত্বে থাকা অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন সমঝোতার আশা ছাড়েননি। তিনি বলেছেন, মতপার্থক্য থাকলেও সব পক্ষকে নিয়ে গ্রহণযোগ্য চুক্তিতে পৌঁছানোর চেষ্টা চলছে।
অন্যদিকে তুরস্কের সভাপতিত্বাধীন আলোচনায় সৌদি আরবসহ তেল উৎপাদনকারী দেশগুলো জীবাশ্ম জ্বালানি বিষয়ে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বজায় রাখার পক্ষে অবস্থান নিয়েছে।
চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি, জলবায়ু অর্থায়ন, ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তা এবং জ্বালানি রূপান্তরের ব্যয়— সবগুলো বিষয়ই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এসব প্রশ্নে সমঝোতা না হলে আন্তালিয়ার সম্মেলনের চূড়ান্ত ফলাফল নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে।
তথ্যসূত্র: রয়টার্স, কার্বন ব্রিফ ও দ্য গার্ডিয়ান।



















-5aafd3-256x144.webp)
-be2ee0-256x144.webp)

