জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে সমঝোতা নিয়ে অনিশ্চয়তা, ‘ওভারটাইমে’ কপ৩১

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধের প্রতিশ্রুতি, জলবায়ু অর্থায়ন ও বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণের লক্ষ্য নিয়ে গভীর মতবিরোধের কারণে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১। তুরস্কের আনতালিয়ায় শুক্রবার (২০ নভেম্বর) সম্মেলনের শেষ দিন নির্ধারিত থাকলেও প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা এখনো একটি গ্রহণযোগ্য চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে পারেননি। ফলে আলোচনা আজ শনিবার (২১ নভেম্বর), এমনকি প্রয়োজনে আগামীকাল রোববার (২২ নভেম্বর) পর্যন্ত গড়াতে পারে।
সম্মেলনের সবচেয়ে বড় বিরোধ জীবাশ্ম জ্বালানি নিয়ে। জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হিসেবে চিহ্নিত কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে বিশ্বকে ধীরে ধীরে সরিয়ে নেওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণায় স্পষ্ট অঙ্গীকার রাখতে চাইছে একদল দেশ। অন্যদিকে সৌদি আরবসহ কয়েকটি বড় তেল ও গ্যাস উৎপাদনকারী দেশ এমন ভাষার বিরোধিতা করছে। তাদের আপত্তির মুখে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রকাশিত চুক্তির সর্বশেষ খসড়া থেকে জীবাশ্ম জ্বালানির উল্লেখই বাদ পড়ে গেছে।
এ নিয়ে সম্মেলনের আয়োজক তুরস্ক ও আলোচনার নেতৃত্বে থাকা অস্ট্রেলিয়া চাপে পড়েছে। পরিবেশবাদী সংগঠনগুলো বলছে, জলবায়ু সংকটের ভয়াবহতা বিবেচনায় সম্মেলনের খসড়া চুক্তিতে যথেষ্ট উচ্চাকাঙ্ক্ষা নেই। কোনো কোনো সংগঠন একে ইতিহাসের সবচেয়ে ব্যর্থ জলবায়ু সম্মেলন হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে।
জীবাশ্ম জ্বালানি নিয়ে মূল বিরোধ
২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি প্রাক্-শিল্পায়ন যুগের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াসের অনেক নিচে রাখা এবং তা ১ দশমিক ৫ ডিগ্রিতে সীমিত রাখার প্রচেষ্টা চালানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কার্বন নিঃসরণ কমানোর অগ্রগতি যথেষ্ট না হওয়ায় গত মাসে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব এরই মধ্যে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা অতিক্রমের পথে রয়েছে।
এ পরিস্থিতিতে কপ৩১-এর অন্যতম প্রত্যাশা ছিল, জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বিশ্বকে সরিয়ে নেওয়ার বিষয়ে নতুন ও স্পষ্ট অঙ্গীকার আসবে। আগের সম্মেলনগুলোতেও এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু এবারের খসড়ায় সেই প্রত্যাশার প্রতিফলন নেই।
বৃহস্পতিবার প্রকাশিত খসড়ায় ‘জীবাশ্ম জ্বালানি’ শব্দবন্ধ পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এর বদলে কম নিঃসরণ ও জলবায়ু সহনশীলতার দিকে ‘অপরিবর্তনীয় বৈশ্বিক রূপান্তর’ উল্লেখ করা হয়েছে। কিন্তু কোন জ্বালানির ব্যবহার কমিয়ে এই রূপান্তর ঘটানো হবে, তা স্পষ্ট করা হয়নি।
খসড়ায় কার্বন ধারণ ও সংরক্ষণ প্রযুক্তির (কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ) প্রসার বাড়ানোর কথা রাখা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে শিল্পকারখানা ও বিদ্যুৎকেন্দ্র থেকে নির্গত কার্বন ডাই-অক্সাইড ধরে সংরক্ষণ করার কথা বলা হয়। তবে পরিবেশবাদী ও কয়েকটি দেশের প্রতিনিধিদের অভিযোগ, প্রযুক্তিটি এখনো ব্যয়বহুল এবং বড় পরিসরে এর কার্যকারিতা প্রমাণিত নয়। ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার চালু রেখেও নিঃসরণ কমানোর দাবি করার সুযোগ তৈরি হতে পারে।
উগান্ডার জলবায়ু ও কার্বন বাজারবিষয়ক কমিশনার বব নাতিফু বলেন, উন্নত দেশগুলো কার্বন ধারণ প্রযুক্তির ওপর নির্ভর করে তেল ও গ্যাস উৎপাদন অব্যাহত রাখতে পারবে— এমন ব্যবস্থা তৈরি হলে তা ভারসাম্যপূর্ণ হবে না। অথচ উন্নয়নশীল দেশগুলোর ওপর নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার তিন গুণ বাড়ানোর চাপ তৈরি হবে।
অন্যদিকে সৌদি আরব ও ভেনেজুয়েলার মতো তেল উৎপাদনকারী দেশগুলো সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছে। তাদের আপত্তির কারণেই চূড়ান্ত চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট অঙ্গীকার রাখা কঠিন হয়ে পড়েছে বলে আলোচনায় সংশ্লিষ্টদের ধারণা।
পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো এ নিয়ে কঠোর অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো কপ সম্মেলন বা সামগ্রিক ঘোষণাপত্র গ্রহণযোগ্য হতে পারে না।
পানামা জানিয়েছে, তাদের উত্থাপিত আটটি বিষয়ে সন্তোষজনক সমাধান না এলে তারা চূড়ান্ত চুক্তিতে আনুষ্ঠানিক আপত্তি জানাবে। এসব দাবির মধ্যে জীববৈচিত্র্য রক্ষা, তেল উৎপাদন বর্তমান পর্যায়ে সীমিত রাখা, বড় নিঃসরণকারী দেশগুলোর কাছ থেকে জলবায়ু অর্থায়ন আদায় এবং সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয় রয়েছে।
জলবায়ু অর্থায়নেও অচলাবস্থা
জীবাশ্ম জ্বালানির পাশাপাশি জলবায়ু অর্থায়ন নিয়েও বিরোধ রয়েছে। জলবায়ু পরিবর্তনের জন্য তুলনামূলক কম দায়ী হলেও উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো এর ক্ষতিকর প্রভাব সবচেয়ে বেশি ভোগ করছে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও তাপপ্রবাহ মোকাবিলায় এসব দেশের অর্থের প্রয়োজন। তাই অভিযোজন কার্যক্রমে উন্নত দেশগুলোর আর্থিক সহায়তা বাড়ানোর দাবি দীর্ঘদিনের।
কিন্তু বৃহস্পতিবারের খসড়া থেকে উন্নয়নশীল দেশগুলোর জলবায়ু অভিযোজনের জন্য ১২০ বিলিয়ন ডলারের অর্থায়ন লক্ষ্যমাত্রার উল্লেখও বাদ দেওয়া হয়েছে। ফলে অর্থায়ন নিয়ে দরিদ্র দেশগুলোর উদ্বেগ আরও বেড়েছে।
প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর জলবায়ুমন্ত্রী রালফ রেগেনভানু বলেন, খসড়া চুক্তির গতিপথ দেখে উচ্চাকাঙ্ক্ষী কোনো সমঝোতার সম্ভাবনা কম মনে হচ্ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও শক্তিশালী ঝড়ের ঝুঁকিতে থাকা দ্বীপরাষ্ট্রগুলোর জন্য অর্থায়ন ও নিঃসরণ কমানোর অঙ্গীকার অত্যন্ত জরুরি।
এদিকে সম্মেলনের আলোচনায় ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের লক্ষ্য ধরে রাখার ভাষা নিয়েও টানাপোড়েন রয়েছে। বিশ্ব এই সীমা অতিক্রম করতে যাচ্ছে— এ বাস্তবতা স্বীকার করার পাশাপাশি লক্ষ্যটি এখনো ধরে রাখার পক্ষে অবস্থান নিয়েছে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো। তাদের আশঙ্কা, এই লক্ষ্য দুর্বল হয়ে পড়লে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক উদ্যোগ আরও পিছিয়ে যাবে।
সর্বসম্মতির নিয়মে জটিলতা
কপ সম্মেলনে সিদ্ধান্ত নিতে হয় সর্বসম্মতির ভিত্তিতে। অর্থাৎ কোনো একটি দেশ আপত্তি জানালেও চূড়ান্ত চুক্তি আটকে যেতে পারে। অতীতে সৌদি আরব ও রাশিয়ার মতো বড় জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এই পদ্ধতি ব্যবহার করে জলবায়ু আলোচনায় অগ্রগতি বাধাগ্রস্ত করেছে বলে সমালোচনা রয়েছে।
পানামা এবার সিদ্ধান্ত গ্রহণের এই পদ্ধতিতেও পরিবর্তনের দাবি তুলেছে। দেশটি চায়, সর্বসম্মতির পরিবর্তে সংখ্যাগরিষ্ঠ ভোটে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হোক। তবে এমন পরিবর্তনে সব দেশের সম্মতি পাওয়া সহজ নয়।
তুরস্ক ও অস্ট্রেলিয়া সম্মেলনের জন্য একটি সামগ্রিক ঘোষণাপত্র বা ‘কভার ডিসিশন’ গ্রহণের চেষ্টা করছে। এতে জলবায়ু পদক্ষেপ, জ্বালানি বিনিয়োগ, বিজ্ঞান, অর্থায়ন ও অভিযোজন নিয়ে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের কথা রয়েছে। সোমবারের খসড়ায় আলোচ্য বিষয় ছিল ১৪০টির বেশি। বৃহস্পতিবারের খসড়ায় তা কমিয়ে ৭৯টিতে আনা হয়েছে। কিন্তু বিষয়সংখ্যা কমলেও মৌলিক বিরোধগুলোর সমাধান হয়নি।
অস্ট্রেলিয়ার আলোচনাপ্রধান ক্রিস বোয়েন অবশ্য সমঝোতার আশা ছাড়েননি। তার ভাষ্য, গুরুত্বপূর্ণ কোনো কাজ সহজে সম্পন্ন হয় না। তবে জলবায়ু গবেষণা ও পরিবেশবাদী সংগঠনগুলোর মধ্যে হতাশা বাড়ছে। আফ্রিকাভিত্তিক জলবায়ু গবেষণা সংস্থা পাওয়ার শিফট আফ্রিকার পরিচালক মোহাম্মদ আদো একে ‘ইতিহাসের সবচেয়ে খারাপ কপ’ বলে মন্তব্য করেছেন।
সম্মেলনের আলোচনায় যুক্তরাষ্ট্রের অনুপস্থিতিও একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণের জন্য দায়ী দেশটি টানা দ্বিতীয় বছরের মতো সম্মেলনে অংশ নিচ্ছে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জলবায়ু পরিবর্তনকে ‘ধাপ্পাবাজি’ বলে আখ্যা দিয়ে জলবায়ু সহযোগিতা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছেন।
সব মিলিয়ে কপ৩১-এর চূড়ান্ত সমঝোতা এখন কয়েকটি মৌলিক প্রশ্নের ওপর নির্ভর করছে— জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট অঙ্গীকার থাকবে কি না, উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়নের নিশ্চয়তা দেওয়া হবে কি না এবং ১ দশমিক ৫ ডিগ্রির লক্ষ্য রক্ষায় দেশগুলো কতটা বাস্তব পদক্ষেপ নিতে রাজি হবে।
নির্ধারিত সময় পেরিয়ে আলোচনা চললেও এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ফলে সম্মেলনের শেষ পর্যন্ত যে চুক্তিই আসুক, তা জলবায়ু সংকট মোকাবিলায় কতটা কার্যকর হবে, সেই সংশয় থেকেই যাচ্ছে।
সূত্র: গার্ডিয়ান, রয়টার্স, আনাদোলু এজেন্সি



















