শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
হাইকোর্ট। ফাইল ছবি
হাইকোর্ট। ফাইল ছবি

১৬ বছর বা তার কম বয়সীদের ফেসবুক-ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে অবিলম্বে একটি স্বাধীন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের হওয়া এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

টেলিকমিউনিকেশন সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে এ নির্দেশ পালন করতে বলা হয়েছে।

পাশাপাশি আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটি নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং এই নীতিমালা প্রণয়ণে ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব নিরুপণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তা জানতে চেয়েছেন আদালত। বিবাদীদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর। তিনি বলেন, কোনো নীতিমালা না থাকায় বাংলাদেশে শিশুরা অবাধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এতে নানাভাবে তারা প্রভাবিত হচ্ছে। অনেকের মধ্যে একাকীত্ব, হতাশা ইত্যাদি অনুসঙ্গ দেখা যাচ্ছে। এতে শিশুদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।

এর আগে অস্ট্রেলিয়া, জাপানের মতো দেশ শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নানা বিধিনিষেধ আরোপ করেছে। এর মধ্যে ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া।

আরও অনেক দেশই শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধর পথে হাঁটছে। কয়েকটি দেশে শিশুদের শারীরিক ও মানসিক ক্ষতির কারণ হওয়ায় এসব ভার্চুয়াল মাধ্যমকে বড় অঙ্কের জরিমানাও করা হয়েছে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad