অন্ধ্র-উড়িষ্যা উপকূলে আঘাত ঘূর্ণিঝড় আকভানের, ১২৩ মিমি বৃষ্টি যশোরে

সাগরে থাকতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হলেও শেষ পর্যন্ত বৃষ্টি ঝরিয়ে কিছুটা দুর্বল হয়ে ভারতের অন্ধ্র-উড়িষ্যা উপকূলে আঘাত হেনেছে আকভান। সাগরে থাকতে একপর্যায়ে ঘণ্টায় ১১৭ কিলোমিটার গতি উঠলেও উপকূলে আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি বলছে, বাতাসের গতিবেগ মাঝে মাঝে বেড়ে ৯০ কিলোমিটারে উঠছে।
এদিকে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভারতের উড়িষ্যা, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকাসহ বাংলাদেশেও ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এর মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে যশোরে, গত ২৪ ঘণ্টায় যার পরিমাণ ১২৩ মিলিমিটার।
আইএমইডি ও উড়িষ্যার ভুবনেশ্বর আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় আকভানের উপকূল অতিক্রম করার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে।
আকভানের প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার থেকে এসব বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হচ্ছে। অধিদপ্তরের তথ্য বলছে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার।
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভানের’ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।













-c2ac26-256x144.webp)
