সবুজ জ্বালানিতে চীন যে কারণে যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের জন্য অনুকরণীয়

জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে চীন এখন বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলোকে এই পথ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বলেছেন, তা না হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি বাড়ার পাশাপাশি অর্থনৈতিকভাবেও পিছিয়ে পড়তে হবে।
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১ শুরু হওয়ার প্রেক্ষাপটে জ্বালানি খাতে চীনের ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে। এ প্রসঙ্গেই ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির ভূয়সী প্রশংসা করেন কেরি।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে বৈশ্বিক জলবায়ু আলোচনায় নেতৃত্বের দায়িত্ব নিতে অনীহা দেখালেও এবার সেই অবস্থান বদলানোর ইঙ্গিত দিয়েছে বেইজিং। ২০২৬ সালের মার্চে গৃহীত দেশটির সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রথমবারের মতো বৈশ্বিক জলবায়ু শাসনব্যবস্থায় সক্রিয় অংশগ্রহণ এবং নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করা হয়েছে। কপ৩১-এ চীন সেই অঙ্গীকার বাস্তবে কতটা কার্যকর করে, তা দেখার অপেক্ষায় রয়েছেন বিশ্লেষকেরা।
সবুজ প্রযুক্তি এখন চীনের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ রপ্তানি খাত। মহামারির পর অভ্যন্তরীণ ভোগব্যয় বাড়াতে দেশটি যে সমস্যায় পড়েছে, তার মধ্যে পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির রপ্তানি অর্থনীতিকে সচল রাখতে বড় ভূমিকা রাখছে। ২০২৫ সালে চীনের পরিচ্ছন্ন প্রযুক্তি রপ্তানির পরিমাণ ২২০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। চলতি বছরেও তা বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীনই এখন পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির সবচেয়ে বড় সরবরাহকারী। সৌরবিদ্যুৎ উৎপাদনের বৈশ্বিক সরবরাহব্যবস্থার প্রায় ৮৫ শতাংশ এবং লিথিয়াম-আয়ন ব্যাটারির সরবরাহব্যবস্থার প্রায় ৮০ শতাংশ উৎপাদন সক্ষমতা দেশটির হাতে। ২০২৫ সালে বিশ্বে উৎপাদিত বৈদ্যুতিক গাড়ির প্রায় ৭৫ শতাংশও তৈরি হয়েছে চীনে।
এ অবস্থান কাজে লাগিয়ে ভবিষ্যতে বিদ্যুৎনির্ভর অর্থনীতিতে নিজেদের প্রভাব আরও বাড়াতে পারে বেইজিং। পরিচ্ছন্ন প্রযুক্তির সরবরাহব্যবস্থায় আধিপত্য ধরে রাখতে পারলে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার ও প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্র তৈরির সুযোগও পাবে তারা।
জীবাশ্ম জ্বালানির বদলে বিদ্যুতে ঝুঁকছে বিশ্ব
জন কেরির মতে, পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের গতি চীনের বাইরে অনেক দেশেই ধীর। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র এই পরিবর্তনে পিছিয়ে পড়ছে। কেরি বলেন, ‘একমাত্র চীনই দ্রুতগতিতে এগিয়েছে। বাকি বিশ্ব যেন হোঁচট খেতে খেতে চলছে, অথচ প্রকৃতি প্রতিদিন আরও শক্তিশালী সংকেত দিচ্ছে।’
চীনের এই পরিবর্তনের পেছনে জ্বালানি নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অন্য দেশ থেকে তেল ও গ্যাস আমদানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমাতে দেশটি নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকেছে বলে মনে করেন কেরি।

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার পর অন্য দেশগুলোর মধ্যেও একই ধরনের উপলব্ধি তৈরি হয়েছে। এর ফলে নবায়নযোগ্য জ্বালানি স্থাপনের গতি বেড়েছে। এ প্রসঙ্গে কেরি ব্যঙ্গ করে বলেন, ‘ধন্যবাদ, ডোনাল্ড ট্রাম্প।’
সবেক এই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, শুধু গণতান্ত্রিক দেশ নয়, কর্তৃত্ববাদী সরকারগুলোও চীনের অর্থনৈতিক সাফল্য দেখে পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগে উৎসাহিত হতে পারে। কারণ রাজনৈতিক মতাদর্শের বাইরে জ্বালানির খরচ ও অর্থনৈতিক সুবিধা সব সরকারের কাছেই গুরুত্বপূর্ণ।
কেরি বলেন, নবায়নযোগ্য জ্বালানি, বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা এবং অন্তর্বর্তী সময়ে কিছু গ্যাস ব্যবহার— এই সমন্বয় শুধু জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর করার চেয়ে সাশ্রয়ী ও কার্যকর।
কেরি মনে করেন, বিশ্ব অর্থনীতি ক্রমেই বিদ্যুৎনির্ভর ব্যবস্থার দিকে যাচ্ছে। সৌর ও বায়ুবিদ্যুতের মতো পরিচ্ছন্ন উৎস থেকে উৎপাদিত বিদ্যুতের ব্যবহার বাড়ানোর পাশাপাশি দেশগুলো বিদ্যুৎচালিত পরিবহন ও শিল্পব্যবস্থা গড়ে তুলছে। এই পরিবর্তন থামানো সম্ভব নয়।
জ্বালানি রূপান্তরে বদলাচ্ছে ভূরাজনীতিও
চীনের পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির আধিপত্য শুধু অর্থনৈতিক নয়, ভূরাজনৈতিক প্রভাবও তৈরি করছে। আগে বিশ্ব জ্বালানি বাজারের বড় অংশ তেল ও গ্যাসনির্ভর ছিল। আন্তর্জাতিক বাজারে তেল কেনাবেচায় মার্কিন ডলারের প্রাধান্য যুক্তরাষ্ট্রকে বিশেষ অর্থনৈতিক ও আর্থিক সুবিধা দিয়েছে। কিন্তু বিশ্ব যখন বিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানির দিকে এগোচ্ছে, তখন সেই ব্যবস্থার গুরুত্ব কমে আসতে পারে।
পরিবেশবিষয়ক সংবাদমাধ্যম চায়না ডায়ালগের প্রতিষ্ঠাতা ইসাবেল হিলটনের মতে, তেল বাণিজ্যে ডলারের আধিপত্য যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় বিশেষ অবস্থান দিয়েছিল। পরিচ্ছন্ন প্রযুক্তির সরবরাহব্যবস্থায় চীনের নিয়ন্ত্রণ বাড়ার সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্রের সেই প্রভাবের ভিত্তিও দুর্বল হতে পারে।
ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ তেল-গ্যাস সরবরাহের অনিশ্চয়তা বাড়িয়ে জ্বালানি নিরাপত্তার গুরুত্ব আরও স্পষ্ট করেছে। চীনও জ্বালানি রূপান্তরকে অর্থনৈতিক আধুনিকায়ন ও জাতীয় নিরাপত্তার কেন্দ্রীয় বিষয় হিসেবে দেখছে। অক্সফোর্ড ইনস্টিটিউট ফর এনার্জি স্টাডিজের কেভিন তু বলেন, বেইজিংয়ের কাছে জ্বালানি রূপান্তরের সঙ্গে আন্তর্জাতিক প্রভাব বিস্তারের বিষয়টিও জড়িত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিজ দেশকে বৈশ্বিক উন্নয়নের জন্য কাজ করা একটি উদ্যোগী রাষ্ট্র হিসেবে তুলে ধরছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও ইন্দোনেশিয়া, পাকিস্তান ও কেনিয়ার মতো দেশে চীনের নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের প্রচার বাড়ছে।
এদিকে বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের আওতায় সবুজ জ্বালানি খাতে ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনের চুক্তির মোট মূল্য ২০২৫ সালের পুরো বছরের পরিমাণ ছাড়িয়ে গেছে বলে সাম্প্রতিক এক বিশ্লেষণে উঠে এসেছে।
চীনা কর্মকর্তারা জানিয়েছেন, কপ৩১-এ চীন সবুজ প্রযুক্তির অবাধ প্রবাহের বিষয়টি আলোচনায় আনতে চায়। বিশেষ করে চীনের বৈদ্যুতিক গাড়ি ও সৌরবিদ্যুৎ পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের শুল্ক আরোপের বিষয়টি তাদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে।
এ ক্ষেত্রে ব্রাজিল, ভারত ও দক্ষিণ আফ্রিকার মতো উন্নয়নশীল দেশগুলোর সমর্থন পেতে পারে বেইজিং। এসব দেশ জলবায়ুসংশ্লিষ্ট বাণিজ্যিক বিধিনিষেধের কারণে বাজারে প্রবেশাধিকার ও ব্যয় বেড়ে যাওয়ার আশঙ্কা করছে বলে মনে করেন কেভিন তু।
চীনের নেতৃত্ব নিয়ে আস্থার সংকট
তবে চীন যে এবারই জলবায়ু আলোচনায় পূর্ণ নেতৃত্ব নেবে, তা নিশ্চিত নয়। অতীতে কপ সম্মেলনের মতো আন্তর্জাতিক ফোরামে নীতিনির্ধারণ বা নতুন বৈশ্বিক লক্ষ্য নির্ধারণে দেশটি সতর্ক অবস্থান নিয়েছে। এমনকি বিদ্যুতায়ন বাড়ানোর বৈশ্বিক লক্ষ্যের বিষয়েও বেইজিংয়ের অবস্থান পুরোপুরি স্পষ্ট নয়।
এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের কেট লোগানের মতে, বাইরের দেশগুলোর নির্ধারণ করে দেওয়া বাধ্যতামূলক লক্ষ্য গ্রহণে চীনের অনীহা রয়েছে। পাশাপাশি বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থের মধ্যে ভারসাম্য রাখার বিষয়টিও বেইজিংকে বিবেচনায় নিতে হয়।
ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব বাথের অধ্যাপক ইয়িশিয়ান সান মনে করেন, জলবায়ু শাসনব্যবস্থায় চীনের ভূমিকা নিয়ে দেশটির নীতিনির্ধারকদের ধারণার সঙ্গে আন্তর্জাতিক প্রত্যাশার এখনো ব্যবধান রয়েছে। চীনকে নেতৃত্ব দিতে দেখতে চাইলে অন্য দেশগুলোকে সেই নেতৃত্ব গ্রহণের জন্য প্রস্তুত থাকতে হবে। বিশেষ করে বৈশ্বিক উত্তরের দেশগুলোর মধ্যে এ বিষয়ে আস্থার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
কপ৩১-এ চীনের জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি এবং জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার সময় শ্রমিকদের অধিকার ও জীবিকা সুরক্ষার ‘ন্যায্য রূপান্তর’ কর্মসূচিতে দেশটির সমর্থনও পর্যবেক্ষণ করবেন বিশ্লেষকেরা। এ ছাড়া ২০২৮ সালে কপ৩৩ আয়োজনের জন্য চীন প্রার্থী হবে কি না, সেদিকেও নজর থাকবে।
তবে আপাতত বড় কোনো ঘোষণা বা নাটকীয় সিদ্ধান্তের চেয়ে সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখাই চীনের কাছে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করেন কেট লোগান। তার ধারণা, বেইজিং এমন একটি সম্মেলন চাইবে, যেখানে বড় ধরনের বিরোধ ছাড়াই কিছুটা সমঝোতা তৈরি হবে।



















