জীবাশ্ম জ্বালানি নিয়ে বিরোধে ব্যর্থ কপ-৩১, দায় কার?

ডেস্ক, রাজনীতি ডটকম
কপ৩১-এ বাড়তি দুদিন আলোচনা চালিয়েও সমাধানে আসতে পারেনি দেশগুলো। ছবি: কপ৩১-এর ফেসবুক পেজ থেকে
কপ৩১-এ বাড়তি দুদিন আলোচনা চালিয়েও সমাধানে আসতে পারেনি দেশগুলো। ছবি: কপ৩১-এর ফেসবুক পেজ থেকে

তুরস্কের আন্তালিয়ায় দুই সপ্তাহের আলোচনা, একের পর এক খসড়া সংশোধন এবং নির্ধারিত সময়ের বাইরে আরও দুই দিন দর-কষাকষির পরও কোনো চূড়ান্ত জলবায়ু চুক্তিতে পৌঁছাতে পারেনি জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১। জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়ে স্পষ্ট অঙ্গীকার অন্তর্ভুক্ত করা, উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় অর্থের পরিমাণ নির্ধারণ— এই তিনটি বড় প্রশ্নে অবসান হয়নি মতবিরোধের।

সম্মেলনের শেষ পর্যায়ে তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বে তৈরি করা ‘আনতালিয়া প্যাক্ট’ নামের চূড়ান্ত প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাজ্য এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা কয়েকটি দেশ প্রস্তাবটির বিরোধিতা করে। তাদের আপত্তি ছিল, এতে জীবাশ্ম জ্বালানির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। অন্যদিকে উন্নয়নশীল দেশগুলোর অভিযোগ, ধনী দেশগুলো জলবায়ু অর্থায়নের ঐতিহাসিক দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে।

সম্মেলনের এই ব্যর্থতা শুধু একটি চুক্তি না হওয়ার ঘটনা নয়, বরং জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বের দেশগুলোর মধ্যে স্বার্থের সংঘাত, অর্থনৈতিক বৈষম্য এবং রাজনৈতিক সদিচ্ছার অভাব কতটা গভীর, সেটিই সামনে এনেছে।

জীবাশ্ম জ্বালানি নিয়ে শেষ মুহূর্তের অচলাবস্থা

কপ-৩১-এর সবচেয়ে বড় বিরোধের কেন্দ্র ছিল জীবাশ্ম জ্বালানি। কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডসহ গ্রিনহাউজ গ্যাসের ঘনত্ব বাড়ছে। বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণগুলোর একটি এটি। ফলে জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণে এসব জ্বালানির ব্যবহার কমিয়ে আনার বিষয়ে আন্তর্জাতিক ঐকমত্য প্রতিষ্ঠা করা জরুরি হয়ে উঠেছে।

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত কপ-২৮ সম্মেলনে প্রথমবারের মতো চূড়ান্ত সিদ্ধান্তে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কথা উল্লেখ করা হয়েছিল। সেই সিদ্ধান্তে জ্বালানি ব্যবস্থায় কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার থেকে ‘ন্যায্য, সুশৃঙ্খল ও সমতাভিত্তিক রূপান্তরে’র আহ্বান জানানো হয়। এরপর থেকে পরবর্তী সম্মেলনগুলোতে সেই অঙ্গীকার বাস্তবায়নের পথনকশা তৈরির দাবি জোরালো হয়েছে।

কপ-৩১-এর প্রথম খসড়াতেও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি ছিল। সেখানে জ্বালানি ব্যবস্থায় দ্রুত রূপান্তরের পাশাপাশি জীবাশ্ম জ্বালানি পর্যায়ক্রমে বন্ধ করার জন্য ত্বরিত পদক্ষেপের আহ্বান জানানো হয়েছিল। কিন্তু দ্বিতীয় খসড়া প্রকাশের পর দেখা যায়, সেখানে জীবাশ্ম জ্বালানির কোনো সরাসরি উল্লেখই নেই। দুবাই সম্মেলনের সিদ্ধান্তের নির্দিষ্ট অনুচ্ছেদটিও বাদ দেওয়া হয়।

এ নিয়ে সম্মেলনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। নেদারল্যান্ডসের নেতৃত্বে ২৩টি দেশ খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার বিষয়টি পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানায়। পরে ইউরোপীয় ইউনিয়ন, ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জোট, স্বল্পোন্নত দেশ এবং লাতিন আমেরিকার কয়েকটি দেশসহ ১২৬টি দেশ একই দাবিতে একজোট হয়।

পানামার পরিবেশমন্ত্রী হুয়ান কার্লোস নাভারো সম্মেলনের এক পর্যায়ে অভিযোগ করেন, ‘পেট্রোলিয়াম মাফিয়া’ বিশ্বকে জিম্মি করে রেখেছে। তার এই বক্তব্য জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশ ও শিল্পগোষ্ঠীগুলোর প্রভাব নিয়ে বিতর্ককে আরও সামনে নিয়ে আসে।

অন্যদিকে সৌদি আরব ও রাশিয়ার মতো জীবাশ্ম জ্বালানি উৎপাদনকারী দেশগুলো এ ধরনের বাধ্যতামূলক রূপান্তরের ভাষার বিরোধিতা করে আসছিল। তাদের যুক্তি, জ্বালানি ব্যবস্থার রূপান্তর হতে হবে জাতীয় পরিস্থিতি ও অর্থনৈতিক সক্ষমতার ভিত্তিতে। কোনো দেশের ওপর এককভাবে নির্দিষ্ট পথ চাপিয়ে দেওয়া উচিত নয়।

শেষ পর্যন্ত তুরস্ক ও অস্ট্রেলিয়ার সভাপতিত্বে তৈরি সর্বশেষ খসড়ায় জীবাশ্ম জ্বালানির সরাসরি উল্লেখ না থাকায় সমঝোতার পথ বন্ধ হয়ে যায়। ইইউর প্রতিনিধিরা জানিয়ে দেন, জলবায়ু পরিবর্তনের প্রধান চালিকাশক্তি জীবাশ্ম জ্বালানির উল্লেখ ছাড়া কোনো চুক্তিতে তারা সম্মতি দেবেন না।

জলবায়ু অর্থায়নেও ধনী-দরিদ্রের সংঘাত

জীবাশ্ম জ্বালানির প্রশ্নের পাশাপাশি সম্মেলনের আরেকটি বড় অচলাবস্থা তৈরি হয় জলবায়ু অর্থায়ন নিয়ে। উন্নত দেশগুলো শিল্পায়নের দীর্ঘ ইতিহাসে বিপুল পরিমাণ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করেছে। অন্যদিকে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছে উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলো। ফলে ঐতিহাসিক দায়ের ভিত্তিতে ধনী দেশগুলোর কাছ থেকে অর্থায়ন দাবি করে আসছে এসব দেশ।

২০২৪ সালে কপ-২৯ সম্মেলনে ২০৩৫ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে অন্তত ৩০০ বিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। একই সঙ্গে বিভিন্ন উৎস থেকে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন ডলার অর্থায়নে পৌঁছানোর বৃহত্তর লক্ষ্যের কথাও বলা হয়।

কিন্তু এই অর্থের কতটা সরকারি অনুদান হিসেবে আসবে, কতটা ঋণ কিংবা বেসরকারি বিনিয়োগের মাধ্যমে আসবে, তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। উন্নয়নশীল দেশগুলোর দাবি, ধনী দেশগুলোকে তাদের ঐতিহাসিক দায় অনুযায়ী সরাসরি সরকারি অর্থায়ন নিশ্চিত করতে হবে। শুধু বেসরকারি বিনিয়োগ বা ঋণের হিসাব দেখিয়ে দায়িত্ব এড়ানো যাবে না।

কপ-৩১-এ এই বিরোধ আরও প্রকট হয়েছে। উন্নয়নশীল দেশগুলো জলবায়ু অর্থায়ন নিয়ে পৃথক আলোচনা এবং ধনী দেশগুলোর আর্থিক দায়িত্ব স্পষ্ট করার দাবি জানায়। কিন্তু ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যসহ কয়েকটি উন্নত দেশ বিদ্যমান অর্থায়ন কাঠামোর মধ্যেই আলোচনা সীমাবদ্ধ রাখতে চেয়েছে। তাদের যুক্তি, অর্থায়নের জন্য নতুন কোনো অঙ্গীকারের পরিবর্তে আগে বিদ্যমান প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অর্থ ব্যবহারের দক্ষতা নিশ্চিত করা প্রয়োজন।

ইউরোপীয় কমিশনের জলবায়ুবিষয়ক কমিশনার ওপকে হুকস্ট্রার একটি বক্তব্যও এ বিরোধকে সামনে নিয়ে আসে। সম্মেলনের আগে তিনি নতুন অর্থায়ন নিয়ে আলোচনাকে কার্যত অসম্ভব বলে মন্তব্য করেছিলেন। উন্নয়নশীল দেশ ও পরিবেশবাদী সংগঠনগুলো এতে ক্ষুব্ধ হয়।

অভিযোজন অর্থায়ন নিয়েও অগ্রগতি হয়নি। গত বছরের সিদ্ধান্ত অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন খাতে অর্থায়ন তিন গুণ করার কথা থাকলেও কপ-৩১-এ বছরে ১২০ বিলিয়ন ডলারের নির্দিষ্ট লক্ষ্য ও হিসাবের ভিত্তি চূড়ান্ত করা যায়নি। অথচ জাতিসংঘের পরিবেশবিষয়ক সংস্থা ইউএনইপির হিসাবে, উন্নয়নশীল দেশগুলোর অভিযোজনের প্রয়োজন মেটাতে ২০৩৫ সালের মধ্যে বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার লাগতে পারে।

অর্থাৎ প্রয়োজনীয় অর্থের তুলনায় প্রতিশ্রুতি ও বাস্তবায়নের মধ্যে বড় ব্যবধান থেকেই গেল।

কপ৩১ ব্যর্থতার দায় কার

কপ-৩১-এর ব্যর্থতার জন্য কোনো একটি দেশ বা পক্ষকে এককভাবে দায়ী করা কঠিন। তবে আলোচনার ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করলে কয়েকটি পক্ষের ভূমিকা স্পষ্ট হয়ে ওঠে।

প্রথমত, তুরস্ক ও অস্ট্রেলিয়ার যৌথ সভাপতিত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। সম্মেলনের আয়োজক ও আলোচনার নেতৃত্বদানকারী হিসেবে তাদের দায়িত্ব ছিল বিরোধপূর্ণ অবস্থানগুলোর মধ্যে গ্রহণযোগ্য সমঝোতা তৈরি করা। কিন্তু প্রথম খসড়ায় জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার স্পষ্ট ভাষা রাখার পর দ্বিতীয় খসড়ায় তা পুরোপুরি বাদ দেওয়া হয়। এতে জলবায়ু উচ্চাকাঙ্ক্ষার পক্ষে থাকা দেশগুলোর আস্থা নষ্ট হয়।

অস্ট্রেলিয়ার জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম বিদ্যুতায়নকে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার একটি বাস্তবসম্মত পথ হিসেবে তুলে ধরেছিলেন। কিন্তু সমালোচকদের বক্তব্য, বিদ্যুতায়ন গুরুত্বপূর্ণ হলেও বিদ্যুতের উৎপাদন যদি কয়লা, তেল ও গ্যাসনির্ভর থাকে, তাহলে সেটিকে জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তরের বিকল্প বলা যায় না।

দ্বিতীয়ত, সৌদি আরব ও রাশিয়ার মতো জ্বালানি উৎপাদক দেশগুলোর বিরোধিতা আলোচনাকে কঠিন করে তোলে। জীবাশ্ম জ্বালানি থেকে দ্রুত সরে আসার প্রতিশ্রুতি তাদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক। ফলে আন্তর্জাতিক চুক্তিতে এ বিষয়ে শক্ত ভাষা অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তারা বাধা তৈরি করেছে।

তবে উন্নত দেশগুলোকেও দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। বিশেষ করে জলবায়ু অর্থায়নের প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নসহ ধনী দেশগুলোর অনীহা উন্নয়নশীল দেশগুলোর আস্থায় বড় আঘাত করেছে। নতুন অর্থায়নের প্রতিশ্রুতি না দেওয়া এবং অভিযোজনের অর্থের পরিমাণ নির্দিষ্ট করতে না পারা তাদের রাজনৈতিক সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে।

অন্যদিকে চীন ও ভারতের নেতৃত্বাধীন উন্নয়নশীল দেশগুলোর কয়েকটি জোটও অর্থায়নের ঐতিহাসিক দায় ও জাতীয় উন্নয়নের অধিকারকে সামনে রেখে আলোচনায় কঠোর অবস্থান নিয়েছে। তাদের দাবি, উন্নত দেশগুলোকে নিজেদের দায় স্বীকার করতে হবে। তবে এই অবস্থানকে শুধু সমঝোতার পথে বাধা হিসেবে দেখার সুযোগ নেই, কারণ অর্থায়নের প্রতিশ্রুতি ছাড়া দরিদ্র দেশগুলোর পক্ষে জ্বালানি রূপান্তর ও জলবায়ু অভিযোজনের ব্যয় বহন করা কঠিন।

বিশেষজ্ঞদের মতে, কপ-৩১-এর ব্যর্থতা মূলত জলবায়ু আলোচনার কাঠামোগত দুর্বলতাকেই সামনে এনেছে। জাতিসংঘের জলবায়ু সম্মেলনে প্রায় ২০০ দেশের সম্মতি প্রয়োজন হয়। ফলে কয়েকটি দেশের আপত্তিতেই বড় সিদ্ধান্ত আটকে যেতে পারে। জীবাশ্ম জ্বালানির মতো বৈশ্বিক অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত বিষয়ে এই ঐকমত্যের কাঠামো কার্যকর সিদ্ধান্ত গ্রহণকে আরও কঠিন করে তুলছে।

পুরো সম্মেলন কি ব্যর্থ?

চূড়ান্ত জলবায়ু চুক্তি না হওয়ায় কপ-৩১-কে পুরোপুরি ব্যর্থ বলা হলেও বাস্তবে সম্মেলনে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত দেশগুলোর সহায়তা, কার্বন বাজারের আয় অভিযোজন তহবিলে ব্যবহারের বিষয় এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য নতুন প্রক্রিয়া নিয়ে কিছু অগ্রগতি হয়েছে। তবে এগুলো বড় রাজনৈতিক ও অর্থনৈতিক বিরোধের সমাধান দিতে পারেনি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবশ্য সম্মেলনের ফলাফলকে গভীর হতাশাজনক বলে অভিহিত করেছেন। তার বক্তব্য, জলবায়ুবিজ্ঞানের বাস্তবতা নিয়ে কোনো অস্পষ্টতা নেই। অথচ দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তে সেই জরুরি পরিস্থিতির প্রতিফলন ঘটছে না।

এবারের সম্মেলনের ব্যর্থতার পর দৃষ্টি এখন ২০২৭ সালে ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অনুষ্ঠেয় কপ-৩২-এর দিকে। সেখানে জীবাশ্ম জ্বালানি থেকে রূপান্তর, জলবায়ু অর্থায়ন এবং অভিযোজনের অর্থের প্রশ্নগুলো আবারও আলোচনায় আসবে।

কিন্তু আন্তালিয়ার অভিজ্ঞতা দেখিয়েছে, জলবায়ু পরিবর্তনের বৈজ্ঞানিক বাস্তবতা নিয়ে বিশ্ব একমত হলেও তার মোকাবিলায় অর্থনৈতিক স্বার্থ ও রাজনৈতিক দায় ভাগাভাগির প্রশ্নে দেশগুলো এখনো একমত হতে পারেনি। আর এই অমিলের সবচেয়ে বড় মূল্য দিতে হচ্ছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দরিদ্র দেশগুলোকে।

সূত্র: গার্ডিয়ান, রয়টার্স, জাতিসংঘ, কার্বনব্রিফ

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad