কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবো না: স্বাস্থ্যমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৯: ২৩
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত
স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত

কাউকে বিনা চিকিৎসায় মরতে দেওয়া হবে না এবং সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হিমোফিলিয়া রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে আগামী অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পাশাপাশি দেশে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট কার্যক্রম ব্যাপকভাবে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ‘জাতীয় হিমোফিলিয়া চিকিৎসা নির্দেশিকা ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্ত্রী বলেন, সম্ভব হলে চলতি অর্থবছরেই সম্পূরক বাজেটের মাধ্যমে হিমোফিলিয়া চিকিৎসায় বরাদ্দের ব্যবস্থা করা হবে।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের চিকিৎসকেরা রোগীদের সেবায় অত্যন্ত আন্তরিক ও দায়িত্বশীল। তাঁদের সহযোগিতায় সরকার সব পর্যায়ে সহায়তা করবে। জাতীয় যেকোনো প্রয়োজনে চিকিৎসকেরা সাড়া দেন উল্লেখ করে তিনি বলেন, জনসংখ্যার তুলনায় চিকিৎসকের সংখ্যা কম হলেও সীমিত জনবল নিয়ে তারা নিরলসভাবে মানুষের সেবা করছেন। এমনকি প্রত্যন্ত অঞ্চলেও চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ নিজেদের সক্ষমতা প্রমাণ করতে চায়। স্বাস্থ্য খাতে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী এক বছরের মধ্যে স্বাস্থ্য খাতে কী কী উন্নয়ন করা সম্ভব হয়েছে, তা দৃশ্যমানভাবে তুলে ধরা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। চিকিৎসক ও নার্সের সংকট মোকাবিলায় নিয়োগ কার্যক্রম চলছে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার এ সংকট কাটাতে কাজ করছে এবং স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্ত সব পর্যায়ের কর্মীদের সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের বৈজ্ঞানিক সম্পাদক অধ্যাপক ডা. মো. মনিরুল ইসলাম। নির্দেশিকার ওপর বক্তব্য উপস্থাপন করেন সোসাইটির মহাসচিব ডা. মো. আদনান হাসান মাসুদ। সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ডা. আমিন লুতফুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম (শাকিল) প্রমুখ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad