প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার একমাত্র উপায় প্রত্যর্পণ চুক্তি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শেখ হাসিনাকে ওই চুক্তির আওতায় হস্তান্তর করতে হবে এবং হাতকড়া পরিয়ে তাঁকে দেশে আনা হবে।
শেখ হাসিনাকে নিয়ে ভারতও অস্বস্তিতে রয়েছে বলে মন্তব্য করেন হুমায়ুন কবির। তিনি বলেন, ‘হাসিনাকে নিয়ে কী করা, না করা তারাও তো পাগলামি বুঝতেছে। তারাও তো এই জঘন্য পাগলকে মানে একটা সন্ত্রাসীকে নিয়ে ওখানে আছে। অপ্রয়োজনীয়ভাবে নানা বিরক্তি তৈরি হচ্ছে। তাই তারাও এর চ্যালেঞ্জ ও অসুবিধা অনুভব করে।’
শেখ হাসিনাকে একজন সন্ত্রাসী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সার্বভৌম ভূখণ্ডে তাকে রাখার চ্যালেঞ্জ দেশটি উপলব্ধি করছে। তার ভাষায়, ‘সে একজন সন্ত্রাসী এবং তাদের সার্বভৌম ভূখণ্ডে একজন সন্ত্রাসীকে রাখার চ্যালেঞ্জগুলো তারা উপলব্ধি করে। এটি তাদের অপ্রয়োজনীয় বিরক্তির কারণ ঘটায়। এখন বের করাও যায় না, রাখতেও হচ্ছে; হজমও করতে হচ্ছে। মানে তারাও বোঝে যে এখন এই সম্পর্কের জন্য অস্বস্তিকর।’
শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া নিয়ে হুমায়ুন কবির বলেন, তিনি একজন অপরাধী এবং তার দেশে ফেরার একমাত্র পথ প্রত্যর্পণ চুক্তি। তাকে হস্তান্তর করতে হবে প্রত্যর্পণ চুক্তির আওতায়। দুই দেশের মধ্যে এ বিষয়ে আলোচনার প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ ইতোমধ্যে অনুরোধ জানিয়েছে। তিনি বলেন, হাসিনাসহ আরও আওয়ামী টেররিস্টরা ভারতে রয়েছেন, সেখানে হাদি হত্যাকারীরাও রয়েছে।
গঙ্গা চুক্তির নবায়ন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, ‘এটা নিয়ে আমরা ভারতকে চিঠি দিয়েছি। আমরা আমাদের জায়গা থেকে যা করার করব।’












