শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৩ জন কারাগারে

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানো অপর দুজন হলেন সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. ইলিয়াস হোসেন ও আয়কর আইনজীবী সুফি মো. আল মামুন।
সন্ধ্যার আগে মোহাম্মদপুর থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মাসউদুর রহমান আসামিদের কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা কে এম শাখাওয়াত মুনসহ তিনজনকে আটক করেন। পরে তাদের মোহাম্মদপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে লালমাটিয়া মহিলা কলেজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে তিনজন মিছিল করেন। পরে স্থানীয় জনসাধারণ তাঁদের আটক করে মোহাম্মদপুর থানায় সোপর্দ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেছেন, আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া যাচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়। শুনানি শেষে আদালত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।













