স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত তরুণকে গণপিটুনি, হাসপাতালে মৃত্যু

ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসান গণপিটুনিতে আহত হয়ে মারা গেছেন। গতকাল রোববার গভীর রাতে স্থানীয় লোকজনের পিটুনিতে গুরুতর আহত হওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী হাসান (৩১) নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুরুজ জামান হত্যাকাণ্ডে জাহাঙ্গীরও জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যায় নগরের মধ্য বাড়েরা এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। ওই সময় তার সাত বছর বয়সী মেয়ে সঙ্গে ছিল। মেয়ের সামনেই তাকে হত্যা করা হয়।
সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেন অভিযোগ করেন, জাহাঙ্গীর আলম, তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজ জামানকে ছুরিকাঘাতে হত্যা করেছেন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী গতকাল রাতে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের বাইপাস এলাকায় অবরোধ করেন। পুলিশ জানায়, এ সময় হত্যাকাণ্ডে অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয়। পরে গভীর রাতে স্থানীয় লোকজন তাকে ধরে পিটুনি দেন। এতে গুরুতর আহত হন মেহেদী।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ডের পর গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম। তিনি বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
















