টুঙ্গিপাড়ায় আ.লীগের মিছিল থেকে এসআইয়ের ওপর হামলা, বিএনপি নেতার বাসায় আগুন

গোপালগঞ্জে দিনভর বিক্ষোভ, ভাঙচুর, অগ্নিসংযোগের পর জেলার টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর আগে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যে মামলা হয়েছিল, হামলার শিকার পুলিশের উপপরিদর্শক (এসআই) ওই মামলার বাদী।
এদিকে উপজেলার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতির বাসভবনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপি, যুবদল ও ছাত্রদলের আরও নেতার বাসা-কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের তথ্যও পাওয়া গেছে। বিএনপি নেতারা বলছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই এসব ঘটনা ঘটিয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী এলাকায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেমকে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে তারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মামলার বাদী এসআই মোসলেম আলীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেন।
গত ১০ নভেম্বর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী চৌরাস্তায় সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও মিছিল করার সময় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর চালান, পেট্রোল ঢেলে গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। এ ঘটনায় শুক্রবার এসআই মোসলেম আলী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই হাজার ২২৪ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা করেন।
এদিকে রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতী বাজার এলাকায় পৌর বিএনপির সভাপতি ইমদাদুল হক মোল্লার বাসভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভবনের নিচতলায় তার দোকান থেকে মালামাল লুটের ঘটনাও ঘটেছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান এ ঘটনার কথা উল্লেখ করে বলেন, একটি দোকান থেকে অন্তত ১০টি ফ্রিজ লুট করে নিয়ে গেছে। বাড়ি থেকে মেয়ের বিয়ের জন্য জমানো সোনার অলংকারও লুট করা হয়েছে। এগুলো নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই ঘটানো হচ্ছে আমরা ধারণা করছি।
এ দিন দুপুর ২টায় উপজেলার উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদরাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয় মিছিল থেকে।
বিকেল সাড়ে ৩টার দিকে একটি মিছিল পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর চালায়। সেখানে আগুনও দেওয়া হয়। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এ ছাড়া বিকেল পাঁচটার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।
রাত ৮টার দিকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। রাত সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেয়।
এর আগে শনিবারও (১৪ নভেম্বর) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর চালান আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাতে আবার কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

















