‘অস্থিতিশীল পরিস্থিতি তৈরির’ চেষ্টা করেছিলেন এসপি জাহাঙ্গীর: পুলিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৭: ০১
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলম। ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের আগামী ডিসেম্বরে জানবাজি রেখে মাঠে নামার আশ্বাস দিয়েছিলেন চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একই সঙ্গে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি দিয়ে রাষ্ট্রে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে এসব অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এর পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় মামলাটি করেন রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে জাহাঙ্গীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করা হয়। গণআন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগ নেতাদের মাঠে নামার বিষয়ে আশ্বস্ত করার তথ্য সামনে এসেছে।

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী অভিযোগের তথ্যপ্রমাণ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুটা অভিযোগ পেয়েছি। এক নম্বর হচ্ছে, রাষ্ট্রদ্রোহের অভিযোগ। এবং দুই নম্বর হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের উসকানির অভিযোগ। এরকম দুটা স্পেসিফিক মেসেজ আমরা পেয়েছি। যে মেসেজগুলোতে রাষ্ট্রদ্রোহিতার উপাদান আছে।’ তিনি আরও জানান, একটি বার্তায় ডিসেম্বরে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া এবং আগের সরকারকে পুনর্বাসনের কথা বলা হয়েছিল। অন্য একটি বার্তায় ডিসেম্বরে সবাই জানবাজি রেখে মাঠে নামবে বলে উল্লেখ ছিল।

ডিআইজি স্বীকার করেছেন, ডিসেম্বরে মাঠে নামার বিষয়ে ‘ফ্যাসিস্টদের’ আশ্বস্ত করেছিলেন জাহাঙ্গীর। তবে তদন্তাধীন মামলা নিয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি। তার ভাষায়, ‘মামলার এজাহারে যা আছে তার বেশি আমি বলতে পারব না। মামলাটি তদন্তাধীন।’ এজাহারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগ এবং সরকারের বিরুদ্ধে বিদ্রোহের উসকানি।’ নিষিদ্ধ সংগঠনের কার সঙ্গে জাহাঙ্গীরের যোগাযোগ ছিল, সে বিষয়ে তিনি বলেন, ‘তদন্তে বিষয়গুলো পরিস্কার হবে। এজাহারের বাইরে কোনো প্রশ্ন করলে আমার উত্তর দেওয়া সমীচীন হবে না।’

জাহাঙ্গীরের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অন্য কেউ একই ধরনের কর্মকাণ্ডে জড়িত কি না, সেটিও তদন্ত করা হবে বলে জানিয়েছেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। তিনি বলেন, ‘জাহাঙ্গীরের সঙ্গে এ প্রক্রিয়ায় বাহিনীর আরও কারা ছিল, একই ধরনের কর্মকাণ্ডে আর কেউ জড়িত কী না সেটা অবশ্যই তদন্ত করা হবে। মামলার তদন্ত হলেই জড়িতদের বিষয়ে জানা যাবে। কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে।’ এদিকে জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য তদন্ত প্রতিবেদন পুলিশ সদরদপ্তরে পাঠানো হয়েছে। তিনি চট্টগ্রামে আরআরএফের ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়ার পর গত ১০ নভেম্বর তার ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। পাশাপাশি তাকে কর্মস্থলে নজরদারিতে রাখা হয় এবং অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। শনিবার রাতে মামলা হওয়ার পর সিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল হালিশহরে আরআরএফ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে। মামলাটির তদন্তভারও পেয়েছে একই ইউনিট।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad