গোপালগঞ্জে লগি-বৈঠা-রামদা হাতে আ.লীগের মহড়া, পুলিশ বক্স-সাঁজোয়া যান ভাঙচুর

গোপালগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ১৬: ০৯
রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা ও লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ছবি: সংগৃহীত
রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে লগি-বৈঠা ও লাঠিসোঁটা হাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। ছবি: সংগৃহীত

লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়ালসহ দেশি অস্ত্র হাতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ রোববার বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন তারা।

মিছিল থেকে পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলকও। এ সময় কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের অনেকের হাতে লগি-বৈঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা ও বল্লম দেখা যায়। কারও কারও মাথায় ছিল হেলমেট। মিছিল থেকে বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল নিয়ে যাওয়ার পথে গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙচুর করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এরপর গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক মুছে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

পুলিশের সাঁজোয়া যানের লুকিং গ্লাস ভাঙচুরের পর ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
পুলিশের সাঁজোয়া যানের লুকিং গ্লাস ভাঙচুরের পর ‘জয় বাংলা’ লিখে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গেছে, এ দিন সকাল আটটা থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়ায় জড়ো হতে থাকেন। পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খানের বাড়িতে তাদের খাবারের ব্যবস্থা করা হয়। পরে তারা গাবতলা মোড়ে যান। সেখান থেকে সালাউদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বিসিক ব্রিজ হয়ে শহরে প্রবেশ করে।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা মো. সামিউল হকের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। শহরের মিয়া ও নবীনবাগ এলাকা থেকেও সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে মিছিল বের করা হয়। পরে মিছিলগুলো পুরোনো লঞ্চঘাট সেতুর কাছে একত্র হয়। সেখান থেকে তারা ব্যাংকপাড়ায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে যান। দীর্ঘদিন বন্ধ থাকা কার্যালয়ের তালা খুলে সেখানে উল্লাস করেন নেতাকর্মীরা।

মিছিল থেকে গোপালগঞ্জ শহরের জুলাই স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
মিছিল থেকে গোপালগঞ্জ শহরের জুলাই স্মৃতিস্তম্ভ গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

পরে পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সাঁজোয়া যানের ওপর দাঁড়িয়ে নেতা-কর্মীদের স্লোগান দিতে দেখা যায়। একপর্যায়ে তারা এপিসির পেছনের লুকিং গ্লাস ও পুলিশ বক্সের কাচ ভাঙচুর করেন। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ও লিখে দেন।

এদিকে এ কর্মসূচির কারণে বেলা ১১টা থেকে পৌনে দুইটা পর্যন্ত গোপালগঞ্জ-পাটগাতী সড়কে যান চলাচল বন্ধ থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেলেও তাদের তেমন তৎপরতা চোখে পড়েনি।

এ বিষয়ে বক্তব্য জানতে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। জেলা পুলিশের দায়িত্বশীল কর্মকর্তারাও মন্তব্য করতে রাজি হননি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad