বিজিবির বাধায় পুশইন ব্যর্থ, ৪ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় এক নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্ত দিয়ে এক নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে চার দিন ধরে দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন ওই নারী।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৭৬-এর কাছ দিয়ে প্রায় ৩০ বছর বয়সী ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি ও এলাকাবাসী বাধা দিলে বিএসএফ সদস্যরা তাকে শূন্যরেখায় রেখে চলে যান।
এরপর থেকে খোলা আকাশের নিচে তীব্র রোদ উপেক্ষা করে সেখানেই অবস্থান করছেন ওই নারী। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধার কারণে তিনি কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না।
জামালপুর-৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, মঙ্গলবার সকালে ওই নারীকে পুশ ইনের চেষ্টা করা হয়। তবে এলাকাবাসীকে নিয়ে বিজিবি তা প্রতিরোধ করেন। বিষয়টি নিয়ে সমাধান না হওয়া পর্যন্ত তৎপর থাকবে বিজিবি।
পাথরের চর এলাকার বাসিন্দা কামাল উদ্দিন বলেন, “চার দিন থেকে এক নারী দুই দেশের মধ্যে আছে। কেউ নেয় না। দেখে পাগলির মত মনে হয়।”










-fb7c41-256x144.webp)



