খুলনায় এবার বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় বিএনপি নেতা জাকির হোসেনকে (৪৩) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। তার ভাই আবু সাঈদ রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার স্বল্পবাহিরদিয়া গ্রামে একটি দোকানে বসা অবস্থায় দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুলনায় অন্তত ৭৯টি হত্যাকাণ্ড ঘটল। এর মধ্যে প্রকাশ্যে গুলি করেই হত্যা করা হয়েছে অন্তত ২৫ জনকে। আর সবশেষ তিন সপ্তাহেই খুনের সংখ্যা ৯টি, যার ছয়টিই ঘটেছে গুলিতে। এ সময়ে গোলাগুলির ঘটনা ঘটেছে মোট ১৩টি।
রূপসায় নিহত জাকির হোসেনের বাড়ি উপজেলার টিএসবি ইউনিয়নের খাজাডাঙ্গা গ্রামে। কে বা কারা তাকে হত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য এখনো জানাতে পারেনি পুলিশ। তাকে হত্যার কারণও জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, স্বল্পবাহিরদিয়া গ্রামের ওই দোকানে নিয়মিত আড্ডা দিতেন জাকির। বৃহস্পতিবার রাতেও তিনি সেখানে আড্ডা দিচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলে করে দুজন এসে আচমকা তার মাথায় গুলি করে দ্রুত পালিয়ে যায়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।















