শেরপুরে রাবির ৮ শিক্ষার্থীকে মারধর, অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গজনী অবকাশকেন্দ্রের পাশের একটি পাহাড়ে অস্ত্রের ভয় দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আট শিক্ষার্থীকে বেঁধে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় তাদের মুঠোফোন, মানিব্যাগ ও নগদ টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার ওসি এস এম নূর মোহাম্মদ।
শিক্ষার্থীরা জানান, শুক্রবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭০ শিক্ষার্থী, তিন শিক্ষক, দুজন কর্মী এবং খাবারের দায়িত্বে থাকা দুজন কর্মচারীসহ মোট ৭৭ জনের একটি দল গজনী অবকাশকেন্দ্রে বেড়াতে যায়। পরে তারা কয়েকটি দলে ভাগ হয়ে আশপাশের পাহাড়ে ঘুরতে বের হন।
একপর্যায়ে আট শিক্ষার্থীর একটি দল পাহাড়ে উঠলে পিস্তল ও দেশীয় অস্ত্র হাতে কয়েকজন তাদের পথ আটকে দেয়। বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী রিমন রায়হান বলেন, অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বেঁধে মারধর করা হয়। পরে তাদের মোবাইল ফোন, মানিব্যাগ ও টাকাপয়সা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
গজনী অবকাশকেন্দ্রের কেয়ারটেকার ক্লেমেন রাখসাম বলেন, পিকনিকের দলের সবাইকে দুর্গম পাহাড় ও জঙ্গলের দিকে যেতে নিষেধ করা হয়েছিল। তারপরও তারা সেখানে গিয়েছিলেন। ঘটনার পর থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসি এস এম নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে পুলিশ পাহাড়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় কাউকে আটক করা যায়নি। অবকাশকেন্দ্রে পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, খোঁজ নিয়ে তিনি জেনেছেন, ঘটনাটি অবকাশকেন্দ্রের বাইরে পাহাড়ে ঘটেছে। সেখানে যেতে স্থানীয়রা শিক্ষার্থীদের নিষেধ করেছিলেন। এ ঘটনায় ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।


-938bec.jpg)







-fb7c41-256x144.webp)

-26b09f-256x144.webp)



-a4b35b.jpg)