হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা হাতিরঝিলের ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেটের কার্যালয়ে ঢুকে গুলি করলে কর্মচারী সাজু আহমেদ (২৯) ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাজু। ছবি: সংগৃহীত
রোববার সন্ধ্যায় দুর্বৃত্তরা হাতিরঝিলের ওয়াপদা রোডে স্পিড স্টার ইন্টারনেটের কার্যালয়ে ঢুকে গুলি করলে কর্মচারী সাজু আহমেদ (২৯) ডান পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাজু। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে স্পিড স্টার ইন্টারনেট অ্যান্ড টেকনোলজি নামে একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে দুই কর্মচারীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কামুক্ত। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হাতিরঝিল থানার ওয়াপদা রোডে এ ঘটনা ঘটে। এ সময় স্পিড স্টারের কর্মচারী হাবিবুর রহমানের (২৬) বাম হাত ও সাজু আহমেদের (২৯) ডান পায়ের হাঁটুর নিচে এক রাউন্ড করে গুলি লাগে।

গুলিবিদ্ধ হাবিবুর রহমানের বাবার নাম দুলাল মিয়া। গ্রামের বাড়ি চাঁদপুরের উত্তর মতলব থানার নেতামদী এলাকায়। আরেক গুলিবিদ্ধ সাজু আহমেদের বাবার নাম মো. ইউসুফ। গ্রামের বাড়ি ঝালকাঠির নলছিটি থানার রাজপয়সা এলাকায়।

স্টার স্পিড ইন্টারনেটের ম্যানেজার পলাশ জানান, সন্ধ্যা ৭টার দিকে চার দুর্বৃত্ত কার্যালয়ের ভেতরে প্রবেশ করে হাবিবুর ও সাজুকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। সহকর্মীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, হাতিরঝিলের ওয়াপদা রোড এলাকা থেকে গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

তেজগাঁও বিভাগের শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. ইমরান জানান, ঘটনাস্থলে পুলিশের বিভিন্ন টিম উপস্থিত হয়ে কাজ শুরু করেছে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে, তা জানতে কাজ করছে পুলিশ।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad