ময়মনসিংহে ‘জুলাই শহিদ সাগর চত্বরে’ আগুনের ঘটনায় গ্রেপ্তার ৩

ময়মনসিংহ প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ময়মনসিংহ নগরে জুলাই অভ্যুত্থানে শহিদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে দুজন কিশোর। ঘটনার ৩০ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরের আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১), নগরের ৩৬ বাড়িকলোনী এলাকার ১৬ বছর বয়সী এক কিশোর এবং আকুয়া হাবুন ব্যাপারী মোড় এলাকার ১৭ বছর বয়সী আরেক কিশোর।

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে নগরের সারদা ঘোষ রোডে অবস্থিত শহিদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে আগুন দেওয়া হয়। রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে একদল দুর্বৃত্ত সেখানে টায়ার রেখে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা বিভিন্ন স্লোগানও দেয়।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসাদুজ্জামান শাকিল ও কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় এ ঘটনায় তদন্ত শুরু হয়।

পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা করে পুলিশ। ফুটেজে তাদের মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ দেখা যায়। পরে তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য এবং স্থানীয়ভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, অগ্নিসংযোগে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে সোমবার ভোর চারটা থেকে শহিদ সাগর চত্বরে আমরণ অনশন শুরু করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

পরে বিকেলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেন। ওই সময় পুলিশ সুপার ২৪ ঘণ্টার মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad