কালিয়ায় সাবেক এমপিসহ আ.লীগ নেতাকর্মীদের বাসা-দোকানে আগুন, লুটপাটের অভিযোগ

নড়াইলের কালিয়ায় বিএনপির দুই নেতা হত্যাকাণ্ডের দুই দিন পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্ধশতাধিক বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। গতকাল শুক্রবার বিকেলে কালিয়া পৌরসভার বেন্দারচর গ্রামে এসব ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়িঘরের মধ্যে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তি, কালিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণপদ ঘোষ, পৌরসভার সাবেক মেয়র মুশফিকুর রহমান লিটন এবং স্বেচ্ছাসেবক লীগ নেতা এস এম শামীমের বাড়ি রয়েছে। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগের অন্য নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হুমায়ুন কবির শনিবার বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে তারা বেন্দারচর গ্রামের কয়েকটি বাড়িতে আগুন লাগার খবর পান। তবে গ্রামে যাওয়ার পথে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে রাখায় ফায়ার সার্ভিসের কর্মীরা বাধার মুখে পড়েন। গাছ সরিয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। ততক্ষণে আগুন অনেকটাই নিভে গিয়েছিল।
তিনি বলেন, গ্রামটির অন্তত ২০ থেকে ২৫টি বাড়ির অর্ধশতাধিক বসতঘর আগুনে পুড়ে গেছে। বড়দিয়াবাজারের কয়েকটি দোকানেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নড়াইল ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শওকত আলী বলেন, “কালিয়া উপজেলার বেন্দারচর গ্রামে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের একটা ইউনিট সেখানে আগুন নেভাতে গিয়েছিল।”
কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম বলেন, “খবর পেয়ে পুলিশের ওসিসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেখানে ১৫-২০টি বাড়িতে ভাঙ্চুর ও কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব বাড়ির মধ্যে সাবেক সংসদ সদস্যের গ্রামের বাড়িও আছে।” অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা পুলিশ তদন্ত করছে বলে জানান তিনি।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। এর আগে বৃহস্পতিবার তিনি জানিয়েছিলেন, শাহিনুর ও সোহেল হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ওই দিন বিকেল পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, এ বিষয়ে তারা একটি বিবৃতি দেবেন। সেখানে বিস্তারিত জানানো হবে।
এদিকে শুক্রবার সকালে নিহত দুই বিএনপি নেতার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে কালিয়ায় যান বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তারা হত্যাকাণ্ডের দ্রুত বিচার আইনে নিষ্পত্তির আশ্বাস দেন।
নিহতরা হলেন— কালিয়া পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শাহিনুর মোল্লা (৪৫) এবং উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্লা (৩৫)। তাদের মৃত্যুর পর পরিবারে শোকের মাতম চলছে। স্বজনরা হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
শাহিনুর মোল্লার বাবা নিছার উদ্দিন মোল্লা বলেন, “যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি। এখন আমি কাজ করতে পারি না। সংসার চালাব কী করে। না খেয়ে মরতে হবে। হে আল্লাহ আমাকে তুমি তুলে নেও।”
তার স্ত্রী রিমা বেগম বলেন, “আমি বিধবা হয়ে গেলাম। আমার সন্তানরা হলো বাবাহারা। এখন আমি কী করব। ছেলে মেয়ে নিয়ে না খেয়ে মরতে হবে।” স্বামী হত্যার দ্রুত বিচারও দাবি করেন তিনি।
নিহত সোহেল মোল্লার বড় ভাই বলেন, “আমার ভাইয়ের অপরাধ কী ছিল। নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির কর্মসূচিতে গিয়েছিলাম।”
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে শাহিনুর ও সোহেল মোল্লার জানাজা অনুষ্ঠিত হয়। এতে নড়াইল-১ আসনের সংসদ সদস্যসহ স্থানীয় নেতারা অংশ নেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের করেন। এটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক ঘুরে সন্ধ্যায় বেন্দারচর গ্রামের দিকে যায়।
শোভাযাত্রাটি নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করে সামনে এগোনোর সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে কালিয়া পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, কৃষক দলের নেতা শাহিনুর মোল্লা এবং জাসাস নেতা সোহেল মোল্লা আহত হন।
তাদের মধ্যে শাহিনুর ও সোহেলকে কুপিয়ে জখম করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় ওই দুই নেতা নিহত হয়েছেন।


-efea98.jpg)

-ad0fb6.jpg)













