মিল্কভিটার চেয়ারম্যানের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান এস এম আমির হামজা শাতিলের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামের বাড়িতে এ হামলা চালানো হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের বরাতে তিনি বলেন, বাড়ির ভেতরে পরপর তিনটি বোতলজাত পেট্রোল বোমা ছোড়া হয়েছিল।
‘এর মধ্যে একটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অন্য দুটি বিস্ফোরিত হয়েছে। সেগুলোর আলামত সংগ্রহ করেছে পুলিশ’, বলেন ওসি রজিউল্লাহ।
মিল্কভিটার চেয়ারম্যানের বাড়িতে তার চাচারা বসবাস করেন বলে জানান ওসি। বলেন, এ ঘটনায় কেউ হতাহত হননি। হামলাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।













