চাঁদা না দেওয়ায় এজেন্ট ব্যাংক পরিচালককে হত্যা

নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার একটি পুকুর থেকে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার পরিচালক রেদোয়ান হোসেন রিফাতের (৩৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক কিশোর গ্যাং লিডারের দাবিকৃত চাঁদা না দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার বারপাড়া ইউনিয়নের লালমাই শিবপুর এলাকা থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত রেদোয়ান হোসেন রিফাত শিবপুর গ্রামের মৈশান বাড়ির সাবেক ব্যাংকার দেলোয়ার হোসেনের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত আবরাদ হাসান সজিব কলেজ পাড়ার বাসিন্দা ও সাবেক যুবলীগ নেতা কবির হোসেন রিঙ্কুর ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, রেদোয়ান হোসেন রিফাত লালমাই বাজারে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। গত পাঁচ দিন আগে সজিব ওই ব্যাংকে গিয়ে রেদোয়ানের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে সজিব তাকে মারধর করেন এবং তার ব্যবহৃত মোবাইল ভেঙে ফেলেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন রিফাত। ছেলের কোনো খোঁজ না পেয়ে বাবা দেলোয়ার হোসেন সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজ ডায়েরি (জিডি) করেন। নিখোঁজের পাঁচ দিন পর শিবপুর মধ্যমপাড়া এলাকার সৈয়দুজ্জামানের বাড়ির পাশের একটি পুকুরে রিফাতের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, সজিব কিশোর গ্যাং লিডার। সে এলাকার আতঙ্ক। এতো অভিযান পরিচালনা করা হয় কিন্তু রহস্যজনক কারণে তাকে গ্রেফতার করা হয় না।
নিহতের বাবা দেলোয়ার হোসেন বলেন, চাঁদা না দেওয়ায় আমার ছেলেকে কিশোর গ্যাং লিডার সজিব হত্যা করেছেন। আমি ঘাতকের ফাঁসি চাই। আমার ছেলেটা কত কষ্ট করে এ ব্যাংকটি পরিচালনা করছিল। চাঁদা না দেওয়ায় সেদিন একদফা মারধরের পর ভাবছি আর ঝামেলা করবে না। আজ আমার চোখের সামনে ছেলের লাশ, কীভাবে মানবো?
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। ঘাতক সজীবকে গ্রেফতারের পুলিশ অভিযান পরিচালনা করছে।











-efea98.jpg)


