ভোরে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সিলেটের বাসভবনের ফটকে অগ্নিসংযোগ

সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রবেশপথের প্রধান ফটকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোনো ক্ষতির তথ্য পাওয়া যায়নি। কে বা কারা হামলা করেছে, সে বিষয়েও তথ্য জানাতে পারেনি পুলিশ।
ভবনটিতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের চাচা ও তার পরিবারের সদস্যরা বসবাস করেন। সিলেট সফরে গেলে প্রতিমন্ত্রী নিজেও সেখানে অবস্থান করেন।
শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৪টা থেকে ৫টার মধ্যে নগরীর দাঁড়িয়াপাড়া এলাকার ওই বাসভবনে এ ঘটনা ঘটে।
পুলিশ বলছে, শুক্রবার ভোরে দুর্বৃত্তরা পেট্রোলজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে বাসভবনের প্রধান ফটকে আগুন দেওয়ার চেষ্টা করে। এতে ফটকের একটি অংশ পুড়ে গেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। কয়েক সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দেখা যায়, প্রতিমন্ত্রীর ওই বাসভবনের প্রধান ফটকের মাঝামাঝি একাংশে আগুন জ্বলছে। আগুন সেখান থেকে ছড়িয়ে পড়তে দেখা যায়নি।
সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার সারওয়ার মুর্শেদ শামীম বলেন, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গেট দেখে যতটা বোঝা গেছে, পলিথিন ধরনের কিছুতে হয়তো জ্বালানি কেরোসিন দিয়ে ছুড়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে গেটের মধ্যে। পরে আগুন ধরে ওই পলিথিনজাতীয় জিনিসটি পুড়ে গেছে। পলিথিনের ছাই নিচে পড়ে আছে।
পুলিশ কমিশনার আরও বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আমরা ঘটনাটি খতিয়ে দেখছি। ওই এলাকার সব সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।
















